লাখো পর্যটকে মুখর হবে কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থার্টি ফাস্ট নাইট ঘিরে এখনই পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। গত শুক্রবার লাবণী পয়েন্টের চিত্র l প্রথম আলো
থার্টি ফাস্ট নাইট ঘিরে এখনই পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকত। গত শুক্রবার লাবণী পয়েন্টের চিত্র l প্রথম আলো

২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই বছরে অন্তত ১০ লাখ বিদেশি পর্যটক আনার নানা কর্মসূচি হাতে নিয়েছে পর্যটন মন্ত্রণালয়। যার শুরুই হচ্ছে মহাআয়োজনে।
এর অংশ হিসেবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে কক্সবাজারে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে একাধিক কনসার্ট, ফানুস ওড়ানো, ঘুড়ি উৎসব, জলক্রীড়াসহ বিনোদনের নানা আয়োজন করা হচ্ছে।
বিভিন্ন তারকা হোটেল-মোটেল ও রিসোর্টে থাকবে দেশি বিদেশি তারকা শিল্পীদের নাচ-গানের আসর। আর এসব অনুষ্ঠান উপভোগ করতে সৈকতে ছুটে আসছেন লাখো মানুষ।
হোটেল-মোটেল মালিকেরা জানান, ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত লাখ পর্যটক থাকবে কক্সবাজারে। ইতিমধ্যে প্রায় সব কক্ষ ভাড়া হয়ে গেছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন সৈকতে চলবে ‘মেগা বিচ কার্নিভ্যাল’। পালিত হবে কক্সবাজারে পর্যটন ব্যবসা শুরুর ৬০ বর্ষপূর্তি উৎসব। পর্যটন মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি যৌথভাবে এই মহাআয়োজন করছে।
উৎসবের সার্বিক ব্যবস্থায় রয়েছে-ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩১ ডিসেম্বর উৎসব উদ্বোধন করবেন।
তিন দিনের উৎসব ঘিরে আকর্ষণীয়ভাবে সাজছে কক্সবাজার। প্রধান সড়ক ও সৈকত এলাকার হোটেল-মোটেল ও ভবনে আলোকসজ্জা করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ফুটবল, বিচ ক্রিকেটসহ ৬৯টি ইভেন্ট। ১০টির বেশি বেসরকারি টেলিভিশন সৈকতের এই সাংস্কৃতিক উৎসব ও কনসার্ট সরাসরি সম্প্রচার করে কক্সবাজার সৈকতকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। কনসার্টে গান করবেন দেশের নামী ব্যান্ডের শিল্পীরা।
আয়োজকেরা জানান, ১৯৫৬ সালে কক্সবাজারকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তার ৬০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে সৈকতে চলবে বর্ণাঢ্য আয়োজন। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়েই উৎসবের সূচনা হবে।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ১৭ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনে অন্তত তিন লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আরও অন্তত সাত লাখ পর্যটক সৈকত ভ্রমণে আসবেন। এর মধ্যে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপনের জন্য সৈকতে সমবেত হবেন অন্তত চার লাখ পর্যটক।
২৫ ডিসেম্বর বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, মানুষে ভরপুর সৈকত। সমুদ্রের লোনা জলে গোসলের পাশাপাশি পর্যটকেরা ছুটে চলেছেন পাথুরে সৈকত ইনানী, পাহাড়ি ঝরনার হিমছড়ি, পরিবেশবান্ধব পর্যটনপল্লি মারমেইড ইকো বিচ রিসোর্ট রিসোর্ট, টেকনাফের মাথিনকুপ, নাফনদী ও সেন্ট মার্টিন দ্বীপ।
হোটেল মালিক সমিতি সূত্র জানায়, শহরের ৪৩০টি হোটেল-মোটেল ও গেস্টহাউস রয়েছে। ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপন এবং ভ্রমণে আসা অতিথিদের জন্য এখন সকল হোটেলের কক্ষ বুকিং রয়েছে।
এদিকে বছরের শেষ দিনের দেশি বিদেশি পর্যটকের জন্য নানা আয়োজন করছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। প্যঁাচারদ্বীপের ‘মারমেইড ইকো বিচ রিসোর্ট’ কর্তৃপক্ষ আয়োজন করছে ফ্যাশন শো, ডিজে, ফায়ার শো ও ফানুস ওড়ানো। রকমারি খাবার তো থাকছেই।
রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, তাঁদের রিসোর্টের ৯০ শতাংশ অতিথি বিদেশি। তাই থার্টিফাস্ট নাইটও সেভাবে সাজানো হয়েছে। এ ক্ষেত্রে দেশীয় ঐতিহ্য প্রাধান্য পাবে।
সৈকতের তারকা হোটেল ওশান প্যারাডাইস, সায়মন বিচ রিসোর্ট, সিগাল, সিপার্ল, কক্স টু ডে, লং বিচ, সি প্যালেস, প্রাসাদ প্যারাডাইসসহ বিভিন্ন হোটেল ও প্রতিষ্ঠানও দেশি বিদেশি তারকা শিল্পীদের নিয়ে নানা আয়োজন করছে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, মেগা বিচ কার্নিভ্যাল সামনে রেখে কয়েক লাখ পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছেন। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা ও শহর যানজটমুক্ত রাখতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।