লাখো ভক্তের জিকির, শেষ হলো জিয়াউল হক মাইজভান্ডারির ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো ভক্ত-অনুরাগীর পদচারণ, জিকির ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রখ্যাত আধ্যাত্মিক পুরুষ শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ৮২তম বার্ষিক খোশরোজ শরিফ। ২৪ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে এ ওরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অন্য কর্মসূচির মধ্যে ছিল মাজারে ফুল ও গিলাপ ছড়ানো এবং তবারক বিতরণ।ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা রকমের পণ্য এনে দোকান বসান ভ্রাম্যমাণ দোকানিরা। বেতের (হস্তশিল্প) সামগ্রীর বিক্রেতা মো. আশরাফ বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার টাকার চেয়ার, মোড়াসহ বেতের তৈরি আসবাব বিক্রি করেছি।’ গত বছরের তুলনায় বিক্রি এবার দ্বিগুণ হয়েছে বলে জানান তিনি। মেলায় শীতের পোশাকের কাটতিও ছিল যথেষ্ট। কাপড়ের ব্যবসায়ী মো. লোকমান বলেন, ‘এগুলো মৌসুমি ব্যবসা। শীত বেশি পড়ায় বিক্রি ভালো হয়েছে।’ গভীর রাতে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশিন সৈয়দ মুহাম্মদ হাসান (মজিআ) মানবজাতির সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাজার হাজার দরবারি ভক্ত কান্নায় ভেঙে পড়েন।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় মঞ্জিলের বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সহায়তায় পুলিশের একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। মেলায় কোনো জুয়ার আসর বসতে দেওয়া হয়নি। পকেটমার কিংবা বখাটেদের উৎপাতও ছিল না।’