লাগাতার আন্দোলনে চুয়েট শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ৪ মার্চ থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন তাঁরা। এদিকে উপাচার্য না থাকায় প্রশাসনিক কাজেও স্থবিরতা নেমে এসেছে বলে জানা গেছে।শিক্ষার্থীরা জানান, নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে গত ২৯ ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ৪ মার্চ থেকে শুরু হয় ক্লাস বর্জন কর্মসূচি। ৫ মার্চ ক্লাস বর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেন। এ ছাড়া ওই দিন শিক্ষার্থীরা ফ্যাক্সযোগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিমের দপ্তরে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন।সাধারণ শিক্ষার্থীর পক্ষে চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঈন উদ্দিন চৌধুরী বলেন, ‘সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।’এদিকে উপাচার্য নিয়োগের দাবিতে ৭ মার্চ সংবাদ সম্মেলনে অবিলম্বে উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সাত দিনের সময় বেঁধে দেয় চুয়েট শিক্ষক সমিতি। শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া সময় শেষ হওয়ার পর ১৩ মার্চ আবার তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ মার্চ সকালে চুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল, ২৫ মার্চ মানববন্ধন এবং ২৭ মার্চ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন। এ ব্যাপারে চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মু. সাক্বী কাওসার প্রথম আলোকে বলেন, ‘চুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ও বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা নিরসনে উপাচার্য পদে নিয়োগের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।’ তবে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘উপাচার্য নিয়োগের বিষয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এভাবে সময় নষ্ট না করে তাদের ক্লাসে ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। উপাচার্য নিয়োগের ব্যাপারে জানতে চাইলে চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে আমরা আমাদের সমস্যার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপাচার্য না থাকায় প্রশাসনিক জটিলতা বেড়েই চলেছে।’