লাগামহীন বাড়িভাড়া, কষ্টের নগরজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগামহীনভাবে বাড়ছে বাড়িভাড়া। এক জরিপে দেখা গেছে, এক বছরে নগরে বাড়িভাড়া বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। ফলে দিশেহারা হয়ে পড়ছে নগরে বসবাসকারী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী। তৈরি হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের অসংগতি। অথচ বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন আছে, কিন্তু এর কোনো প্রয়োগ নেই। আইনে বাড়িভাড়া চুক্তি করা ও মাস শেষে ভাড়ার রসিদ দেওয়ার কথা উল্লেখ থাকলেও ৯০ ভাগ বাড়িওয়ালা এই চুক্তি করেন না বলে অভিযোগ রয়েছে। একইভাবে ভাড়াটেরাও ঝামেলায় যেতে চান না।আইনের কার্যকারিতা না থাকায় বাড়িওয়ালা কর্তৃক যখন-তখন ভাড়াটে উচ্ছেদের নোটিশ, পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। এ ছাড়া বছরের মধ্যে দুবার ভাড়া বাড়ানোর নজিরও রয়েছে। আবার অনেকে ৪০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধি করছেন। নগরের আগ্রাবাদ, মোমিন রোড, জামালখান, মুরাদপুর, আসকারদীঘির পাড়, মোহাম্মদপুর, বহদ্দারহাট, ষোলশহর, চান্দগাঁও, হালিশহরসহ সব জায়গায় বাড়িভাড়া বৃদ্ধির প্রবণতা লক্ষ করা যাচ্ছে। জিইসি এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘আমার বাড়িওয়ালা জানুয়ারিতে ভাড়া বাড়িয়েছে ৩০ শতাংশ। ১২ হাজার টাকা থেকে এক লাফে ১৬ হাজার টাকা করেছে। এখন যদি আমি তাঁর নাম ধরে বলি তাহলে হয়তো আগামী মাসে অন্য বাসা দেখতে হবে। আর তখন এই বাসাটি তিনি ১৭ থেকে ১৮ হাজার টাকা ভাড়া চাইবেন।’ কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক জরিপে দেখা গেছে, গত এক বছরে চট্টগ্রামে ২০ থেকে ৩০ শতাংশ বাড়িভাড়া বেড়েছে। কিছু বাড়িওয়ালা ভাড়াটেদের ছয় মাস থেকে এক বছরের বেশি রাখতে চান না। যতবার ভাড়াটে বদল হয়, ততবারই ভাড়া বাড়াতে থাকেন। এ ছাড়া কোনো চুক্তিপত্র ও রসিদ ছাড়াই ৯০ ভাগ বাড়িওয়ালা বাড়িভাড়া দেন বলে তাদের জরিপে উঠে এসেছে।এ প্রসঙ্গে ক্যাবের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়কারী নাজের হোসাইন বলেন, ‘১৯৯১ সালের বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর না হওয়ায় লাগামহীনভাবে ভাড়া বাড়ানো হচ্ছে। বাড়িভাড়া আইনের সুবিধা পেতে হলে গ্রাহকদের যেতে হচ্ছে আদালতের কাছে। যদি স্থানীয় সরকারের অধীন সংস্থা সিটি করপোরেশনকে এই আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হতো, তাহলে কিছুটা সুফল পাওয়া যেত।’ ২০ লক্ষাধিক ভাড়াটের স্বার্থ রক্ষায় সরকার, স্থানীয় নগর প্রশাসন পুরোপুরি উদাসীন বলে ক্যাবের অভিযোগ।জানা গেছে, ১৯৯১ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণসংক্রান্ত একটি আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু ওই আইনের কোনো বিধিমালা হয়নি। বাড়িভাড়াসংক্রান্ত যেকোনো বিষয় নিষ্পত্তির জন্য বর্তমানে ভাড়াটে কিংবা বাড়িওয়ালারা আদালতের শরণাপন্ন হন। সুবিধা কমেছে: বারবার ভাড়া বাড়ালেও সুবিধা অনেকাংশে কমেছে। কৃত্রিম পানির সংকটের পাশাপাশি প্রয়োজনীয় মেরামতকাজ করা হয় না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে নিয়ন্ত্রণহীন বাড়িভাড়াবিরোধী নাগরিক আন্দোলনের প্রধান উদ্যোক্তা রমেন দাশগুপ্ত বলেন, বেশির ভাগ বাড়িওয়ালা প্রতিবছর ভাড়া বাড়ান। কিন্তু সে অনুযায়ী ন্যূনতম সুবিধাটুকুও দিতে চান না। পানির সংকট লেগেই থাকে। দেয়াল রং করা হয় না। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ করা গেলে এই সমস্যার সমাধান হবে।নগরের বহদ্দারহাটের ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহিম বলেন, প্রতিবছর ভাড়া বাড়ানো হয়। কিন্তু সে অনুযায়ী কোনো সুযোগ-সুবিধা নেই। ঠিকমতো পানি দেয় না। রং করে না। তার পরও উপায় নেই। নতুন বাসায় গেলে ভাড়া আরও বেশি দিতে হবে।সচেতন নয় ভাড়াটেরা: চট্টগ্রামে নিয়ন্ত্রণহীনভাবে বাড়িভাড়া বাড়লেও ভাড়াটেরা এর প্রতিবাদ করেন না। তাঁরা মুখ বুজে এসব সহ্য করেন। পানির কষ্ট ভাড়ার কষ্ট সহ্য করে কোনো রকমে দিন যাপন করেন। যদি বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হয় তাহলে অন্য কোথাও বাসাভাড়া নেওয়ার চেষ্টা করেন।ক্যাবের জরিপে দেখা যায়, খুব কম ভাড়াটে বাড়িওয়ালার অন্যায় ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করে থাকেন। বেশির ভাগ ভাড়াটে বাড়িওয়ালার নিয়ন্ত্রণহীন ভাড়া ও অত্যাচার নির্যাতন মেনে নেন। যদি বেশি কষ্ট হয়, তাঁরা সেখান থেকে অন্যত্র চলে যান।