লাচ্ছা ও হতচ্ছাড়া লোডশেডিং!
আমার প্রিয় খাবারের তালিকায় প্রথমেই আছে আম্মার হাতের লাচ্ছা সেমাই। তা আমি যতই খাই না কেন, পেট ভরলেও মন ভরে না। আম্মা সবাইকে সমান ভাগ দিলেও আগে-পরে আমি আমার ভাগ বাড়িয়ে নিতে কখনো ভুলি না, তা চুরি করেই হোক না কেন। আমার ভাইবোনেরা তা টের পেলেও কখনো আমাকে হাতেনাতে ধরতে পারেনি। তারা এ ব্যাপারে প্রশ্ন করলে আমি বরাবরই আমার অভিনয়-দক্ষতা কাজে লাগিয়ে বলতাম, ‘কী! তোরা আমাকে নিয়ে এমন ভাবতে পারলি? যা, আর খাব না।’ একবার টিউশন শেষ করে বাসায় ফিরে দেখি বিদ্যুৎমশাই ছুটিতে গেছেন। তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছিল, তাই মুঠোফোনের সামান্য আলোয় পানি খেতে গিয়ে দেখি টেবিলের ওপর সেমাই পড়ে আছে এবং মজার ব্যাপার হলো, আশপাশে কেউ নেই। সময় নষ্ট না করে তাড়াতাড়ি মুখে পুরে নিতে লাগলাম। কিছুক্ষণ পরই আমার গলা চুলকাতে লাগল। দৌড়ে গিয়ে আপুকে বললাম, ‘গলা চুলকাচ্ছে।’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। পরক্ষণেই জানতে পারলাম আমার ভাইবোনেরা আমাকে হাতেনাতে ধরার জন্য বিষকচু বেটে রেখেছিল আর আমি হতচ্ছাড়া লোডশেডিংয়ের কারণে কিছুই দেখতে পাইনি। আছমা উল হোসনামনোহরপুর, কুমিল্লা।