লাতিন আমেরিকার নতুন নক্ষত্র
এক দশক আগেও গাড়িবোমা হামলায় প্রকম্পিত হতো জনপদ, নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হতো পথ। দেশটি ছিল মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য। ব্যবসার পরিবেশ না থাকায় পুঁজি চলে গেছে সীমানা পেরিয়ে। সেই কলম্বিয়া প্রায় রাতারাতিই বদলে গেছে অনেক। বলা হচ্ছে, দেশটি এখন লাতিন আমেরিকার আকাশের নতুন নক্ষত্র। বিশেষ করে অর্থনীতি ও গণতন্ত্রের কার্যকারিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঈর্ষণীয় অগ্রগতি করেছে তারা।চলতি বছরে ২৪ হাজার কোটি ডলারের অর্থনীতির কলম্বিয়া এখন লাতিন আমেরিকার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। তেল ও গ্যাস উৎপাদন বেড়েছে। জানুয়ারি থেকে জুনের মধ্যে সে দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে ১৫ শতাংশ, যা এ বছর বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।২০০২ সালের চেয়ে বিদেশি বিনিয়োগ পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি ডলারে। এই সময়ে মাথাপিছু জিডিপিও (মোট দেশজ উৎপাদন) বেড়েছে দ্বিগুণ। এখন তা পাঁচ হাজার ৭০০ মার্কিন ডলার। একসময়ের মূর্তিমান হতাশা কলম্বিয়ায় এখন অন্যতম আলোচ্য হচ্ছে ‘ডাচ ডিজিজ’ এড়ানোর কৌশল। অতিমাত্রার বিদেশি বিনিয়োগের পরিস্থিতির নামই ডাচ ব্যামো! প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন কীভাবে বাড়ানো যেতে পারে মাথা ঘামানো চলছে তা নিয়েও।স্থিতিশীল, দ্রুত বর্ধিষ্ণু আর গণতান্ত্রিক আজকের কলম্বিয়া পর্যবেক্ষকদের নজর কাড়ছে। বিসিপি সিকিউরিটিজের উদীয়মান বাজার বিশেষজ্ঞ ওয়াল্টার মোলানোর ভাষায়, ‘লাতিন আমেরিকার নক্ষত্রপুঞ্জের মধ্যে ক্রমেই এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছে কলম্বিয়া। এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল জিওঘেগান সম্প্রতি কলম্বিয়াকে ‘সিভেটস’ (CIVETS) নামে পরিচিত হয়ে ওঠা মাঝারি আকারের অর্থনীতির উদীয়মান দেশগুলোর মধ্যে প্রধান বলে অভিহিত করেছেন। কলম্বিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিসর, তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত সিভেটস। জিওঘেগান বলছেন, এরাই হচ্ছে নতুন ‘ব্রিক’-BRIC। সিভেটসের অন্য সদস্যদের সঙ্গে তুলনায় কলম্বিয়ার এগিয়ে থাকা বা আলাদা চোখে পড়ার আরও কারণ আছে। বিশ্বের যে এলাকাটি হুগো শাভেজের মতো উচ্চকণ্ঠ একনায়ক বা জনরঞ্জক ক্রিস্টিনা কির্চনারের মতো নেতাদের জন্য পরিচিত, সেখানে থেকেও কলম্বিয়া দাঁড়াতে শিখছে আইনের শাসনের শক্ত জমিনে।কলম্বিয়ার এ স্বাতন্ত্র্যের অন্যতম উদাহরণ হুয়ান ম্যানুয়েল সান্তোসের নির্বাচিত হওয়া। পূর্বসূরি প্রেসিডেন্ট আলভারো উরিবের ছায়ার নিচে থেকে বহুদিন নিভৃতে রাজনীতি করেছেন সান্তোস। কলম্বিয়ার আজকের এ সাফল্যের পেছনে আলভারো উরিবের অবদানই সবচেয়ে বেশি। তাঁর টানা দুই মেয়াদকালে কলম্বিয়ার সামাজিক ও অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটে। মাদক ও অপরাধের বিরুদ্ধে তাঁর কঠোর নীতি কলম্বিয়াকে নিশ্চিত ধ্বংসের কিনার থেকে উদ্ধার করে। কিন্তু তুমুল জনপ্রিয় উরিবে তৃতীয় দফা নির্বাচনে লড়ার জন্য কংগ্রেস ও আদালতে তদবির করেও সংবিধান সংশোধন করাতে পারেননি। সাংবিধানিক আদালত তাঁর বিপক্ষে রায় দেন। দেশটির বিচার বিভাগের এই বলিষ্ঠ ভূমিকা তথা প্রতিষ্ঠানের শক্তি লাতিন আমেরিকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। কলম্বিয়ার মানুষ আজকাল শুধু নেতা বা দলের নাম দেখে ভোট দেন না। তাঁরা চাইছেন ধারাবাহিকতা। সফল উরিবের প্রস্থানের পর সান্তোসের উজ্জ্বল সম্ভাবনা দৃশ্যত নিশ্চিত বিষয় হলেও ব্যাপারটি এত সহজ হয়নি। রাজনীতিক হিসেবে নিচু গ্রামের ও কিছুটা আমলাতান্ত্রিক স্যান্টোসের সৃজনশীলতার অভাব আছে বলে মনে করা হয়। এ জন্য নির্বাচনের আগে দেশের সম্ভাব্য নতুন নেতা হিসেবে আনতানাস মোকাসের নাম জোরেশোরে উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত লোকে রেকর্ড ভোটে রায় দেয় সান্তোসকেই। উরিবের সফল-তত্ত্বকে কাজে বাস্তবায়ন করেছিলেন তিনিই। তবে আনতানাস মোকাস হেরে গেলেও হারিয়ে যাচ্ছেন না। অনেকের মতে, কলম্বিয়ার আগামী রাজনীতির কান্ডারি হতে যাচ্ছেন মোকাস। তবে কলম্বিয়া মানেই অবিমিশ্র সাফল্যের ছবি নয়। গেরিলা বাহিনীগুলো কোণঠাসা হলেও নির্মূল হয়নি। সন্ত্রাস আর দারিদ্র্যও এখনো বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সহযোগী ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার ঝামেলা বেধে গেছে। এরই মধ্যে হবু প্রেসিডেন্ট সান্তোস ঘোষণা করেছিলেন, তিনি আর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ‘তেল আর জলের মতো’, যাঁরা কখনো এক হবেন না। তার ওপর হুগো শাভেজ বামপন্থী গেরিলা বাহিনী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়াকে (ফার্ক) তাঁর দেশের মাটিতে আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বিদায়ী প্রেসিডেন্ট উরিবে। গত সপ্তাহে উরিবে এ অভিযোগ করার পরপরই কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন শাভেজ। যে সুন্দর সম্ভাবনা হাতছানি দিচ্ছে নতুন নক্ষত্রকে, তারা কি তার বাস্তব রূপ দিতে পারবে শেষ পর্যন্ত? পর্যবেক্ষকেরা বলছেন, লাতিন আমেরিকার অনেক দেশের যেসব সমস্যা (ঘোর পাশ্চাত্যবিরোধিতা, স্বৈরশাসন), তা থেকে তারা মুক্ত। আর দেশটির হাল ধরেছেন নতুন এমন এক নেতা, যিনি নামের চেয়ে কাজের গুণেই বেশি পরিচিত। সব মিলিয়ে কলম্বিয়াবাসী আশাবাদী হতেই পারে।