লাতিন আমেরিকায় নতুন ঢেউ
ব্রাজিল থেকে এল সালভাদর, উরুগুয়ে থেকে ইকুয়েডর, চিলি থেকে ভেনেজুয়েলা—সবখানেই মধ্য বামপন্থী বা কট্টর বামপন্থী নেতারা ক্ষমতায় এসেছেন সম্প্রতি। কোথাও কোথাও তাঁরা দারুণভাবে দেশ পরিচালনা করছেন (চিলি, ব্রাজিল ও উরুগুয়ে), কোথাও বা মোটামুটিভাবে (আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদর), আবার কোথাও তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা (ভেনেজুয়েলা, বলিভিয়া, নিকারাগুয়া ও কিউবা)।তবে এখন লাতিন আমেরিকাজুড়ে নতুন এক ঢেউ ছড়িয়ে পড়েছে। উত্থান ঘটছে মধ্য ডানপন্থী দল ও নেতাদের। মজার ব্যাপার হচ্ছে, এদের মানুষ পছন্দ করছে আধুনিক, মধ্যপন্থী, বাজারমুখী ও বিশ্বায়িত মধ্য বামদের মতোই। মিলের কারণে গণতান্ত্রিক ও সমাজসচেতন এই মধ্য ডানদের নীতিকে ভুল করে মধ্য বামদের নীতি মনে করা হতেই পারে। এ বিষয়ের স্পষ্ট উদাহরণ বর্তমান চিলি ও কলম্বিয়ার সরকার। এ দুইয়ের পার্থক্য হচ্ছে নেতৃত্বের। কলম্বিয়া এখনো ‘আংশিক অকার্যকর’ এক রাষ্ট্র। কিন্তু প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস দেশ চালাচ্ছেন দারুণভাবে। অন্যদিকে, নিখুঁতভাবে চলা দেশ চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা কাজটা কোনোরকমে চালিয়ে নিচ্ছেন।লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলি সাফল্যের এক উদাহরণ। দেশটির অর্থনীতি ক্রমে সমৃদ্ধিশালী হচ্ছে। সেখানে ২০ বছর ধরে সরকারে থাকা মধ্য বামপন্থীদের কাছ থেকে কোনো অঘটন ছাড়াই মধ্য ডানদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে গত বছর। প্রেসিডেন্ট পিনেরা কেবল খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারের মতো দুরূহ কাজ নয়, দীর্ঘদিনের অবহেলিত শ্রম আইনের সংস্কার করে প্রশংসা কুড়ান। এর পরেও চিলিবাসী হতাশ। রেটিংয়ে ওই গোলার্ধের সরকারপ্রধানদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছেন প্রেসিডেন্ট পিনেরা।পিনেরার সরকার পরিচালনা পদ্ধতি তাঁর অজনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ। অতিরিক্ত নিয়ন্ত্রণ ও সব খুঁটিনাটি নিয়ে খুঁতখুঁতানির প্রবণতা (যে বৈশিষ্ট্যটি এসেছে সম্ভবত খুব সফল এক ব্যবসায়ী হিসেবে অহংবোধ থেকে) এবং টেকনোক্র্যাটদের প্রতি ঝোঁক তাঁকে এ অবস্থায় নিয়ে এসেছে। অথচ কিনা দেশটির রাজনীতিকেরা ঐতিহ্যগতভাবে দক্ষ, সৎ ও সম্মানিত। ফলে পিনেরার এই মানসিকতা তাঁরা ভালোভাবে নেননি। তবে তামার দাম পড়া যদি অব্যাহত না থাকে, তবে বর্তমান দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন প্রেসিডেন্ট পিনেরা। ভালোভাবেই শেষ করতে পারবেন তাঁর মেয়াদ।চিলির একেবারেই বিপরীত চিত্র কলম্বিয়ায়। প্রেসিডেন্ট সান্তোস গত বছর নির্বাচিত হন। চিলির পিনেরার মতো সান্তোসও প্রথমে মধ্য ডানপন্থী রাজনীতিক ছিলেন। দুজনেই অভিজাত পরিবারের সন্তান, সফল ব্যবসায়ী, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং চোস্ত ইংরেজি বলতে পারেন। তবে সান্তোস ও তাঁর দেশ দারুণভাবে এগিয়ে চলেছে। সান্তোস ও তাঁর সেনাবাহিনী সম্প্রতি এফএআরসি গেরিলাদের বিরুদ্ধে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এফএআরসির গেরিলারা ৪০ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত ৯ নভেম্বর এফএআরসির কমান্ডার আলফনসো কানোকে হত্যা করে সেনারা। এ মুহূর্তে এফএআরসি নেতৃত্বশূন্য। আলফনসো সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগে আগে সান্তোস তাঁর অন্যতম বিতর্কিত নির্বাচনী অঙ্গীকারটি পূরণ করেন। দুর্নীতি ও অনাচারের কারণে নিন্দিত ও ত্রাস সৃষ্টিকারী ডিএএস গোয়েন্দা সংস্থাটি ভেঙে দিয়ে নতুন একটি সংস্থা গড়ার ঘোষণা দেন তিনি। কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতেও সক্ষম হয়েছে। পাঁচ বছর ধরে এর জন্য চেষ্টা করে আসছিল দেশটি। দেশের মানবাধিকারকর্মীরা মনে করেন, সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবের সময়কার দুর্বল মানবাধিকার রেকর্ডের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগোয়নি। প্রেসিডেন্ট সান্তোস যে আস্থার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, তাতে তাঁর লাভ ছাড়া ক্ষতি হয়নি। গত অক্টোবরে কলম্বিয়াতেই হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক বোর্ড সভা। প্রেসিডেন্ট উদ্যোগী হয়ে পার্লামেন্টে একটি ভূমি সংস্কার আইন অনুমোদন করিয়েছেন, যা কার্যকর হলে ৪০ বছর ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত ৩০ থেকে ৪০ লাখ মানুষকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে। লাতিন আমেরিকায় কোনো নেতা এ রকম বিশাল মাত্রায় এ ধরনের কিছু করার চেষ্টা করেননি কখনোই। হোর্হে কাস্তানেদা মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক। টাইম সাময়িকী থেকে ভাষান্তর দাউদ ইসলাম