দূরে থাকি, দেশের জন্য মনটা সারাক্ষণ উচাটন হয়ে থাকে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ, সেও এক দীর্ঘ যাত্রা। সহজে ফুরায় না। আকাশের যাত্রাপথে ডুবে যাই বিষণ্নতায়। প্রতিটি হূদস্পন্দনে শুধু প্রতীক্ষা-পারদের ওঠানামা। অবতরণের পর বিমান পুরোপুরি থামার অনেক আগেই নামার জন্য ছটফট করি। বিমানবালাদের নিষেধ কে শোনে? অবুঝ মন। কাস্টমস পার হয়ে লাগেজের অপেক্ষা। সব এয়ারপোর্টেই লাগেজ আসতে একটু সময় লাগে। তাও এদিক-ওদিকে উঁকিঝুঁকি দিই। হঠাৎ চোখে পড়ল সারি সারি লাগেজ আসছে। প্রাণে পানি পেলাম। সবাই যে যার লাগেজ নিয়ে যাচ্ছে। কিন্তু আমার লাগেজের হদিস নেই। আরও দু-তিনজনেরও একই দশা। মনটা খারাপ হয়ে গেল খুব। এত দিন পরে দেশে এসেছি। সাধ্যমতো সবার জন্য কেনাকাটা করেছি। কার পছন্দ কেমন মাথায় রেখে এ মার্কেট ও মার্কেট ঘুরে ঘুরে কিনেছি। স্যুটকেস ভরা প্রিয় মুখের হাসি। নানা চিন্তা মাথায় ঘুরপাক খায়। অস্থির লাগছে। ভুল করে কেউ আমার সুখভর্তি লাগেজটি নিয়ে যায়নি তো? নিতেও পারে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনাটা মনে পড়ে গেল। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে ব্যাগ খুলতে পারছি না। কিছুক্ষণ চেষ্টা-চরিত্র করে বুঝলাম, লাগেজটাই ঠিক নেই, হুবহু আমার লাগেজের মতো। কিন্তু আমার নয়। লাগেজের পকেটে একটা ই-টিকিটের কপি আবিষ্কার করলাম, এটা সুমিতা রায় নামের একজনের। তিনি লন্ডনের হিথরো থেকে দুবাই এবং দুবাই থেকে কাঠমান্ডু ফ্লাই করেছেন। কোথাও কোনো ঠিকানা, ফোন নম্বর নেই। বিরাট বিপদ। কী করা যায়? কোথায় খুঁজব সুমিতা রায়কে? আমার লাগেজই বা কোথায়? ভাগ্যিস আমার ব্যাগেজের ট্যাগের সঙ্গে একটা ফোন নম্বর লেখা ছিল। কিন্তু ফোন নম্বরটা ডা. নবীনের। নবীন সিডনিতে। সুমিতাও কম যায় না। নবীনকে ফোন করেছে। অস্ট্রেলিয়ায় তখন গভীর রাত। নবীনের বুঝতে বাকি থাকল না। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগের উপায় কী? কোনো উপায় নেই। তার পরেও পরিবারের সবাইকে একটা ইমেইল পাঠাল। তাতেই ধন্বন্তরি কাজ। সানফ্রান্সিসকো থেকে প্রফেসর ড. মাহমুদ হোসেন যোগাযোগ করতে সক্ষম হলেন। এক ঘণ্টার মধ্যে লাগেজের মালিক হোটেলে হাজির, লাগেজ বদল হলো। সুমিতা, মনীষা কৈরালার দেশের মেয়ে। হিমালয়কন্যা পার্বতী। কিন্তু বাংলাদেশে কি এমন কেউ আছে, যে আমার লাগেজটা দিয়ে যাবে? আরেকটা চিন্তা মাথায় এল। অনেক সময় কানেক্টিং ফ্লাইটে ওভার ওয়েটের কারণে অথবা সময় স্বল্পতার কারণে সব লাগেজ দিতে পারে না। ইন্টারন্যাশনাল এভিয়েশনে এসব অহরহই ঘটে। কিন্তু লাগেজটি একেবারে হারিয়ে যায় না। পাওয়া যায়, দু-চার দিন সময় লাগে মাত্র। একবার ঢাকা টু ক্যান্টন, গোয়াংজু (চীন) এবং ক্যান্টন টু সিডনি রুটে জার্নি করেছিলাম। সিডনিতে পৌঁছে দেখি লাগেজ আসেনি। দেখতে দেখতে ১০-১২ দিন পার, লাগেজের খবর নেই। ফোন করি, ইমেইল করি, কোনো কাজ হয় না। এ বলে ওর কথা। শেষ পর্যন্ত ‘ফেয়ার ট্রেডিং’-এ নালিশ। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই চীন দেশ থেকে লাগেজ এসে বাসায় হাজির। গত ২৬ জানুয়ারি ঢাকার এক জাতীয় দৈনিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ চুরি সম্পর্কে একটি খবর ছেপেছে। দেরি হলেও বুঝতে বাকি থাকল না, শেষ পর্যন্ত আমার সেই লাগেজটি কেন পাইনি। শাখাওয়াৎ নয়নগবেষক, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া।