লাভবান হচ্ছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চড়া দামের কারণে অনেকেই নিয়মমতো সার দিতে পারেননি জমিতে। তার পরও সাগর-দ্বীপ মহেশখালীর পাহাড়ের ঢালে এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে প্রায় ২০ হেক্টর জমিতে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের চার পাশে পাহাড়ঘেরা দুটি গ্রামের নাম উত্তরকুল ও দক্ষিণকুল। এই দুই গ্রামের চাষিরা পাহাড়ের ভেতরে পানের বরজ ও ধান চাষ করেন। পাহাড়ের ঢালে সবজির চাষ করার কথা কখনো ভাবেননি। ১০ বছর আগে উত্তরকুলের বাসিন্দা বিদেশফেরত আবদুর রশিদ পাহাড়ের ঢালে প্রথম টমেটো চাষ করেন। তাতে তিনি লাভবান হন। তাঁর দেখাদেখি অন্যরাও শুরু করেন। এখন উত্তর ও দক্ষিণকুল—দুটি গ্রামই সবজির গ্রাম হিসেবে পরিচিতি পেয়ে গেছে। টমেটোর পাশাপাশি এখানে ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজিরও চাষ হচ্ছে। এসব কাঁচা তরিতরকারি চাষিরা পৌর এলাকার গোরকঘাটা বাজার, ছোট মহেশখালী লম্বাঘোনা বাজার ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে আড়তদারদের কাছে পাইকারি দামে বিক্রি করেন। দুই গ্রামের ২০ হাজার মানুষ সবজি চাষ করেই এখন জীবিকা নির্বাহ করছেন। এখানকার উৎপাদিত কাঁচা তরকারি ও সবজি উপজেলার সদরের আশপাশে ছোট-বড় পাঁচটি বাজারের তরিতরকারির চাহিদা মেটাচ্ছে। এবার ডিসেম্বরের শুরুতেই বাগান থেকে টমেটো আসছে বাজারে। প্রতি সপ্তাহে একেকজন চাষি সাত-আট হাজার টাকার টমেটো বিক্রি করেন। গত বৃহস্পতিবার গোরকঘাটার পাইকারি বাজারে প্রতিকেজি টমেটো ৪০ টাকায় বেচাকেনা হয়। দক্ষিণকুলের টমেটোচাষি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আমার বড় ভাই রহমত উল্লাহকে নিয়ে পাহাড়ের ঢালে প্রায় ২০ শতক জমিতে এ বছর টমেটো চাষ করি। এবার দেড় লাখ টাকা লাভ হবে। তবে সময়মতো সার প্রয়োগ করতে পারলে ফলন আরও ভালো হতো।’ চাষি জসিম উদ্দিন বলেন, ‘১০ বছর আগে এখানে কোনো চাষ হতো না। কিন্তু আবদুর রশিদ প্রথমে টমেটো চাষ শুরু করে আমাদের পথ দেখান।’ আরেক চাষি আবদুস ছোবাহান বলেন, ‘টমেটো বিক্রির টাকায় মেয়ের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, পাহাড়কে ব্যবহার করে স্থানীয় লোকজন সবজি চাষে লাভবান হচ্ছেন।