লাভামুঘি তঞ্চঙ্গ্যার দরকার ভালো চিকিৎসা
তার নাম লাভামুঘি তঞ্চঙ্গ্যা। তঞ্চঙ্গ্যা ভাষায় লাভা অর্থ ভালো, সুন্দর, সুভাগ্য আর লাভামুঘি অর্থ ভাগ্যবতী। কিন্তু নাম লাভামুঘি বা ভাগ্যবতী হলেও দুর্ভাগা সাত বছরের এ শিশুটি দুই মাস ধরে বান্দরবান সদর হাসপাতালে দুঃসহ যন্ত্রণাকাতর জীবন কাটাচ্ছে। শরীরে দগদগে পোড়া ঘা থেকে চুইয়ে চুইয়ে পানি ঝরছে। ক্ষীণ গলায় চিৎকার করে মাঝেমধ্যে বলছে, ‘বাবা, ভীষণ ব্যথা করছে।’ চিকিৎসকেরা বলেছেন, লাভামুঘির অবস্থা ভালো নয়। ঢাকা অথবা কোথাও নিয়ে উন্নত চিকিৎসা না পেলে তার শরীরের নিম্নাংশ অবশ হয়ে যেতে পারে। হাসপাতালে শয্যার পাশে বসে থাকা শোকে পাথর লাভামুঘির বাবা গুরিকুমার তঞ্চঙ্গ্যা বলেছেন, বজ্রপাতে তাঁর সবকিছু শেষ। স্ত্রী ধনপুদি মারা গেছেন এবং ঘরবাড়ি ও সহায়-সম্বল সবকিছু ধ্বংস হয়েছে। মেয়ে লাভামুঘিকে নিয়ে হাসপাতালই এখন বাড়ি। এ ছাড়া আশ্রয় নেওয়ার আর কোনো ঘরবাড়ি নেই। হাসপাতাল থেকে খাওয়া-দাওয়া দিলে খান, না দিলে নেই। জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় ও আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ওষুধপত্র কিনে দেওয়াসহ চিকিৎসার খরচ দিয়ে থাকেন বলে গুরিকুমার জানালেন।জানা যায়, গত ২৪ মে রোয়াংছড়ি উপজেলার শঙ্খমনি তঞ্চঙ্গ্যাপাড়ার গুরিকুমার তঞ্চঙ্গ্যার বাড়িতে বজ্রপাত আঘাত হানে। এ সময় বাড়িতে লাভামুঘিকে নিয়ে তার মা ধনপুতি তঞ্চঙ্গ্যা ছিলেন। মা ধনপুতি সঙ্গে সঙ্গে মারা যান। ঘরে আগুন লেগে যায়। লাভামুখির শরীর ঝলসে যায় আগুনে। স্থানীয় লোকজন সে অবস্থায় তাকে উদ্ধার করেন। হাসপাতালে গিয়ে দেখা যায় লাভামুঘি অসহ্য যন্ত্রণায় কেঁদে কেঁদে উঠছে। আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানালেন, মোবাইল ফোনের সুবাদে উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে শঙ্খমনিপাড়া থেকে লাভামুঘিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়েছে। মোবাইল ফোনে তাঁদের জানানো না হলে হতদরিদ্র ও অশিক্ষিত গুরিকুমারের পক্ষে তাঁর মেয়েকে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হতো না। তিনি বলেন, তাঁদের পক্ষেও উন্নত চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ বহন করা সম্ভব না হওয়ায় ঢাকা কিংবা অন্য কোথাও নিতে না পেরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেছেন, জেলা পরিষদ থেকে সহযোগিতা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠানোর ব্যাপারে বিবেচনা করা হবে। সেবিকারা বলেছেন, লাভামুঘির বিশেষ রোগী হিসেবে বিশেষ ইউনিটে চিকিৎসা হওয়া দরকার। বান্দরবান সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় অন্য সাধারণ রোগীর মতো তারও চিকিৎসা হচ্ছে। তাকে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে ভালো চিকিৎসা করা হতো। কিন্তু কেউ ভর্তি করে দিয়ে না এলে টাকা দিলেও তার বাবা গুরিকুমারের পক্ষে সেখানে নেওয়া সম্ভব হবে না বলে সেবিকারা জানান।বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) উইলিয়াম লুসাই বলেছেন, মেয়েটির অবস্থা ভালো নয়। আগুনে পুড়ে যাওয়া রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেও বজ্রপাতের রোগী সহজে ভালো হয় না। বৈদ্যুতিক তাপে মাংস সিদ্ধ করে ফেলে এবং স্নায়ুতন্ত্র ও পেশিগুলো অবশ করে ফেলে। চিকিৎসায় সেগুলো সবল করতে পারলে রোগী সুস্থ হবে।