লাভের মুখ দেখছেন ফটিকছড়ির কচুচাষিরা
কচু চাষ করে লাভের মুখ দেখছেন ফটিকছড়ির কৃষকেরা। উৎপাদন খরচ কম হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। প্রতি কানি (দশমিক ৪ একর) জমিতে উৎপাদিত কচু বিক্রি করে এবার কৃষকের লাভ হয়েছে ১৫-২০ হাজার টাকা।জানা যায়, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চাষিরা অপেক্ষাকৃত নিচু জমিতে কচুর আবাদ করছেন। সেচ, সার, শ্রমিক ও কীটনাশক বাবদ প্রতি কানিতে খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা। উৎপাদিত কচু বিক্রি করে প্রতি কানিতে লাভ হয় আনুমানিক ১৫-২০ হাজার টাকা। আশানুরূপ বৃষ্টিপাত হওয়ায় এবার কচুর ফলনও ভালো হয়েছে।কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার নারায়ণহাট, বাগানবাজার, ভূজপুর, সুন্দরপুর, দৌলতপুর, রোসাংগিরী, সুয়াবিল, শোভনছড়ি, কাঞ্চননগর, আবদুল্লাপুর, খিরাম, নানুপুর, শাহনগর, রাঙামাটিয়া, হারুয়ালছড়ি, সুন্দরপুর, পাঁচ পুকুরিয়াসহ বিভিন্ন এলাকার নিচু জমিতে এবার কচু চাষ করেছেন কৃষকেরা।আবদুল্লাপুরের চাষি মো. দলিলুর রহমান জানান, তিনি এবার তিন কানি জমিতে কচুর চাষ করেছেন। এতে খরচ হয়েছে ছয় হাজার টাকা। ইতিমধ্যে ১৫ হাজার টাকার কচু ব্যাপারিদের কাছে বিক্রি করেছেন। তিনি চার বছর ধরে কচুর চাষ করছেন।শাহনগর গ্রামের চাষি মো. ওমর ফারুক জানান, তিনি এবার জমিতে আড়াই হাজার চারা লাগিয়েছেন, যার সব কটিই বড় হয়েছে। এবার কচুর দামও ভালো পেয়েছেন। প্রতিটি কচু ২০ থেকে ৩০ টাকায় বাজারে বিক্রি করছেন।উপজেলা কৃষি সম্প্র্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম জানান, কচুচাষিরা মূলত কৃষি বিভাগের সহায়তা নিতে আসেন না। তাঁরা সনাতনী পদ্ধতি অনুসরণ করে চাষ করেন। এর পরও ফলন ভালো হয়েছে। তবে কৃষি বিভাগের সহায়তা নিয়ে উচ্চফলনশীল কচুগাছের চারা লাগালে ফলন বাড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে জানান, উপজেলার ৪০০ হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। আবহাওয়া অনুুকূল থাকায় এবং চাষিদের পরিশ্রমে এবার কচুর বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ কচু চাষে যেকোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত।