লামা পৌর সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লামা পৌরসভার সচিব নেজামুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন আট ওয়ার্ড কাউন্সিলর। ৭ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ করেন তাঁরা।অভিযোগে তাঁরা বলেন, পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেনকে কৌশলে হাত করে সচিব নেজামুল হক তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সব উন্নয়ন কর্মকাণ্ড বণ্টনসহ পৌরসভার বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে একক আধিপত্য বিস্তার করছেন। ওয়ার্ড কাউন্সিলরদের তিন ভাগ করে রেখেছেন তিনি। তিনি দরপত্র (টেন্ডার) কমিটির আহ্বায়ক হওয়ার সুবাদে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) অর্থ থেকে ডিপিএমের নামে মেয়রের সহযোগিতায় বেশ কিছু টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া মাসিক সভায় আলোচনা হয়নি এ ধরনের বক্তব্য কার্যবিবরণীতে এনে সরকারের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন ইচ্ছামতো। অভিযোগকারী ওয়ার্ড কাউন্সিলররা হচ্ছেন: আবু তাহের (১ নম্বর ওয়ার্ড), মো. রফিক (৪ নম্বর), সাইফুদ্দিন (৩ নম্বর), কামাল উদ্দিন (৭ নম্বর), মো. শাহজাহান (৮ নম্বর), মংহ্লাচিং মারমা (৯ নম্বর), আলী আহম্মদ (৫ নম্বর) ও জাহানারা বেগম (সংরক্ষিত ৭, ৮ ও ৯)।সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম বলেন, ‘সচিব ভুয়া প্রকল্প তৈরি করে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।’ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক ও আবু তাহের বলেন, ‘বিভিন্ন বরাদ্দ থেকে উত্তোলিত টাকার ভুয়া প্রজেক্ট তৈরি করে এখন রেজুলেশনে কাউন্সিলরদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’ এ প্রসঙ্গে নেজামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে প্রথম আলোকে বলেন, ‘পৌর মেয়রের একগুঁয়েমির কারণে পৌরসভায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনিই কাউন্সিলরদের তিন ভাগ করে রেখেছেন। সেজন্য পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নেই। সবাই আমাকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন।’এ ব্যাপারে পৌর মেয়র আমির হোসেন বলেন, ‘আমি নবনির্বাচিত মেয়র। বলতে গেলে একেবারেই নতুন মানুষ। তাই প্রথম প্রথম পৌর সচিবের পরামর্শ অনুযায়ী কাজ করছি।’পৌর সচিব নেজামুল হক টাকা আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার চেয়ে প্রকৌশলী তিলক চাকমা বেশি বলতে পারবেন।’ পৌরসভার প্রকৌশলী তিলক চাকমার সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।মেয়র আমির হোসেন টাকা আত্মসাতের ব্যাপারে বলেন, ‘পৌর মেয়রের দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক মাস হলো। টাকা আত্মসাৎ করার সময় পেলাম কই। আমি কোনো টাকা আত্মসাত করিনি।’