লামার পাহাড়ে কয়লাসদৃশ বস্তু!

দেখতে প্রস্তুরীভূত কয়লার মতো, ওজনে ভারী আর জ্বলে ভালো। বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম সলমঝিরির দুই তীরের পাথরের দেয়ালের খাঁজে এমন কয়লাসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। এলাকার লোকজনের কাছে এটি খনিজ কয়লা হিসেবে পরিচিত। এমন বস্তু থাকার কারণে সলমঝিরির দুই তীরের বেলে-দোআঁশ পাথরের দেয়ালকে স্থানীয় লোকজন ‘কয়লার পাহাড়’ নামেও অভিহিত করেন।
লামা উপজেলাবাসী কয়লাসদৃশ এমন বস্তু পেট্রোবাংলা অথবা রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করানোর দাবি জানিয়েছেন। স্থানীয় লোকজন বলছেন, রূপসীপাড়ায় কয়লার খনি আবিষ্কৃত হলে তাঁদের ভাগ্য বদলে যাবে। এ ব্যাপারে লামা উপজেলা প্রশাসন জানিয়েছে, কয়লাসদৃশ বস্তু থাকার বিষয়টি বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সলমঝিরির সলমপাড়ার কারবারি (পাড়াপ্রধান) মেনসিং ম্রো ও পাড়ার প্রবীণ বাসিন্দা চুংঙাক ম্রো বলেন, মাঝেমধ্যে ঝিরির পানি থেকে উৎকট কয়লার গন্ধ পাওয়া যায়। কয়েক বছর আগেও ‘কয়লার পাহাড়ে’ ও ঝিরির পানিপ্রবাহে প্রচুর পরিমাণ এমন পাথর ছিল। বাইরের লোকজন এসে নিয়ে যাওয়ায় এখন কয়লাসদৃশ পাথর কমে গেছে। তাঁদের ধারণা, সলম ঝিরির বিশাল এলাকাজুড়ে কয়লার খনি থাকতে পারে। মাটির অভ্যন্তরে খনি না থাকলে ঝিরির পানি থেকে কয়লার গন্ধ পাওয়া যেত না।
রূপসীপাড়া ইউনিয়ন সদর থেকে যন্ত্রচালিত নৌকায় ও বেশ কয়েক ঘণ্টা হেঁটে সলম ঝিরির কথিত কয়লার পাহাড়ে পেঁৗছাতে হয়। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, সলমপাড়ার দক্ষিণ পাশে বনাঞ্চলবেষ্টিত ছোট একটি পাহাড়ি ঝিরির দুই ধারে দেয়ালের মতো খাড়া পাহাড়। ওই খাড়া পাহাড়ের ভাঁজে ও ঝিরির পানিতে কয়লাসদৃশ বস্তু দেখা গেছে। পাথরের ভাঁজে চাপা পড়া কয়লাসদৃশ বস্তু দেখতে কালো এবং কোনো কোনো অংশ জীবাশ্মের মতো দেখতে।
রূপসীপাড়া এলাকার বাসিন্দা সরদার মোহাম্মদ ইসহাক ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্লাটুন কমান্ডার শফিকুল আলম বলেন, সলম ঝিরিতে কয়লার বিষয়টি তাঁরা অনেক বছর ধরেই জানেন। ১৯৮৪-৮৫ সালের দিকে জ্বালানি মন্ত্রণালয়ের একজন উপসচিব ‘কয়লার পাহাড়’ নামে পরিচিত ওই এলাকায় গিয়েছিলেন। এরপর সরকারের আর কোনো কর্মকর্তা সেখানে যাননি। গত বছর বাপেক্সের কয়েকজন কর্মকর্তা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় রূপসীপাড়া বাজার থেকে ফিরে যান তাঁরা।
রূপসী ইউপির সদস্য লাংক্রাত ম্রোর মতে কোনো দৈবদুর্বিপাকে পাহাড়ের নিচে গাছ বা বনজঙ্গল চাপা পড়ে কয়লায় পরিণত হয়েছে। তাঁরা এই ‘কয়লা’ রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, তাঁদের ধারণা, রূপসীপাড়া ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে কয়লার খনি রয়েছে। খনির মুখ থেকে কয়লা বের হচ্ছে। সরকারি উদ্যোগে দ্রুত জরিপ করা উচিত।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, লামায় কয়লাসদৃশ বস্তুর উপস্থিতি সম্পর্কে বাপেক্সের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাপেক্সের কর্মকর্তারাও বিষয়টি জানেন। নমুনা সংগ্রহ ও জরিপের জন্য লামায় আসার পরিকল্পনাও রয়েছে বাপেক্স কর্মকর্তাদের।