লামার মানিক কোথায় গেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মানিক কোথায় গেল? স্কুলে গেলে ছেলে হারিয়ে যাবে! কোথাও হদিস পাওয়া যাবে না—এ কেমন দেশ আমাদের?’ ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বিলকিস আরা বেগম কেঁদে কেঁদে বলেন কথাগুলো। গত ১১ জুলাই লামা সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে সপ্তম শ্রেণীর ছাত্র রবিউল হোসেন (১৩) ওরফে মানিক আর ফিরে আসেনি। লামা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সম্প্রতি দেখা হয় বিলকিস আরা বেগমের। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও সংসদ সদস্য বীর বাহাদুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি ছেলে হারিয়ে যাওয়ার বিষয়টি জানাতে এবং উদ্ধারে সংসদ সদস্যের কাছে সহযোগিতা চাইবেন বলে জানান। সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে দেশ-সমাজের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বললেন, ‘ভাই আমার ছেলের ছবি পত্রিকায় ছেপে দিন। তাকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি। পত্রিকায় জানতে পারলে সে ফিরে আসবে। কারও কাছে থাকলে হয়তো তিনি আমার মনের অবস্থা বুঝতে পেরে ছেলেটারে পাঠিয়ে দেবেন। ছেলের গায়ের রং ফরসা, লম্বা ও মুখমণ্ডল গোলাকার।লামা পৌরসভার কেন্দ্রবিন্দু চেয়ারম্যানপাড়া থেকে মানিক স্কুলে গিয়ে আর ফিরে না আসায় এলাকার আরও অনেকে তাঁদের সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। লামা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখালচন্দ্র দে জানান, মানিক পড়াশোনায় ভালো। পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরে তাঁরাও অনেক খোঁজ নিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেছেন, ‘ছেলেটির মা সাধারণ ডায়েরি করার পর আমরা খোঁজ নিচ্ছি। বিভিন্ন থানায় বার্তাও পাঠিয়েছি। দরিদ্র পরিবারের ছেলে। অভাবের কারণে কোথাও পালিয়ে রয়েছে কি না তা-ও যাচাই করা হচ্ছে।’