বন্যার পানি নেমে যাওয়ার দুই দিন পরও বান্দরবানের লামা উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছেনি। সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এখানকার চার হাজার পরিবার ও দুই হাজার ১২৫ একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলা প্রশাসনের ক্ষয়ক্ষতির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। গত সোমবার থেকে লামায় বন্যা দেখা দিয়েছিল। বুধবার দুপুরের দিকে পানি নেমে যায়। আকস্মিক বন্যায় উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভার ৫৬টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি ঢলে এসব এলাকার বিভিন্ন বসতি ও ফসলি জমি হাঁটু থেকে গলা সমান পানিতে প্লাবিত হয়েছিল। উপজেলা প্রশাসন ভবন, হাসপাতাল, বিদ্যালয়, কৃষি ও মৎস্য কার্যালয়সহ বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। লামা বাজার ও পান বাজারের বিভিন্ন দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। বাজারের ওপর দিয়ে নৌকায় করে লোকজন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেছেন। দুই দিন পানিতে ডুবে থাকার পর গত বুধবার সকাল থেকে পানি নামতে শুরু করে। বিভিন্ন স্থান থেকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। তবে পানি নেমে যাওয়ার পরও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। লামা নয়াবাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘গত দুই দিনেও আমাদের কেউ সাহায্য-সহযোগিতা করেনি। আমার ঘরে কোমর সমান পানি ছিল। আমরা আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলাম। সেখানে শুধু শুকনো খাবার দেওয়া হয়।’ ত্রাণ বিতরণ না করার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছি। সেটা জেলা প্রশাসক বরাবরে পাঠিয়েছি। এখন সাহায্য-সহযোগিতা এলে তা বিতরণ করা হবে।’উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা মিলে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে। তালিকায় দেখা যায়, আকস্মিক বন্যায় এই উপজেলার ১৯ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় আহত হয়েছে ২০ জন। ১১০টি গবাদিপশু ও দুই হাজার ৩০০ হাঁস-মুরগি মারা যায়। দুই হাজার বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি মসজিদ, মন্দির ও উপাসনালয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যার কারণে লামার বিভিন্ন স্থানে পাকা ও কাঁচা সড়ক ভেঙে গেছে। বান্দরবান কিংবা চট্টগ্রাম থেকে এই উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা চকরিয়া-লামা সড়ক মিরিঞ্জা এলাকায় বিপজ্জনকভাবে ভেঙে যায়। সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে এখন। এ ছাড়া পাহাড়ি সড়কটির স্থানে স্থানে ভূমি ধসে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। প্রশাসনের হিসাবে—বন্যায় ৪৮ কিলোমিটার পাকা ও ১৬১ কিলোমিটার কাঁচা রাস্তা নষ্ট হয়েছে। এ ছাড়া ৩২টি গভীর নলকূপ, ৯২টি অগভীর নলকূপ ও ১০০টি হস্তচালিত নলকূপ তলিয়ে গেছে। ১২২টি জলাশয় পানিতে ডুবে গেছে। নষ্ট হয়েছে আমন বীজতলা ও বিভিন্ন ফসল। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ক্ষয়ক্ষতি নির্ধারণের পর আমরা এখন ত্রাণের জন্য আবেদন করেছি। আশা করি দু-একদিনের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করতে পারব।’