লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইং মৌজার উপজাতি পাড়াগুলোতে জলবসন্তে আক্রান্ত হয়ে এক সপ্তাহে চার শিশু মারা গেছে। এ ছাড়া ২২টি পাড়ার দেড় শতাধিক শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ঘরে ঘরে শিশুদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা একে হাম রোগ বলে মনে করছেন।বেশ কয়েক দিন ধরে ওই সব পাড়ায় জলবসন্তের প্রকোপে শিশু মৃত্যুর খবর পাওয়া গেলেও কর্তব্যরত স্বাস্থ্য পরিদর্শক জানান, আক্রান্তের খবর শুনলেও মারা যাওয়ার খবর তিনি শোনেননি। গতকাল বুধবার সেখানে চিকিৎসক দল পাঠানো হয়েছে। গত সোমবার লুলাইং বাজার চৌধুরী (বাজার এলাকার কর্মকর্তা) সিংপাশ ম্রো প্রথম আলোকে জানান, দুই সপ্তাহ ধরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইং মৌজা এলাকার বিভিন্ন পাড়ায় শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আক্রান্ত শিশুরা পাঁচ-ছয় দিন প্রচণ্ড জ্বরে ভোগার পর শরীরের ওপরের অংশে চামড়ার মধ্যে লালচে গোটা দেখা দেয়। পরে প্রচণ্ড জ্বরে ক্রমশ দুর্বল হয়ে রোগী মারা যায়। তিনি জানান, গত শনিবার উজান মংহ্লাপাড়ার জ্ঞানওয়াই ম্রোর ছেলে অওরাম ম্রো (২) ও নয়া কচুরছড়াপাড়ার নেয়াপিউ ম্রোর মেয়ে (১) তাইলেং ম্রো মারা যায়। বৃহস্পতিবার মারা যায় মাঝের মংহ্লাপাড়ার ময়ছা ম্রোর ছেলে পুছা ম্রো (৫) ও একই এলাকার তলই পাড়ায় এক মুুরং শিশু। আক্রান্ত শিশুরা স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল আজিজের কাছে চিকিৎসা নিচ্ছে।স্থানীয় বাসিন্দা লাতুয়া ম্রো ও মাঝের মংহ্লাপাড়ার রিংরং ম্রো জানান, লুলাইং মৌজার তলইপাড়া, মাঝের মংহ্লাপাড়া, নয়া কচুরছরাপাড়া, উজান মংহ্লাপাড়া, হেডম্যানপাড়া ও নয়াপাড়াসহ ২২টি উপজাতি মুরংপাড়ার প্রতি ঘরে দুই-একজন করে দেড় শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে পড়েছে। দুর্গম পাহাড়ি জনপদ হওয়ায় সেখানে শিশুরা উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছে না। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউর রহমান মজুমদার বলেন, ‘লুলাইং এলাকায় হাম নয়, জলবসন্তের প্রকোপের খবর পেয়েছি। ঠান্ডার পর গরম ও পরবর্তী সময়ে বৃষ্টি—সব মিলিয়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’ সরই ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক দিদারুল আলম বলেন, ওই এলাকায় পাঁচ-সাতটি শিশু হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এতে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মাসে আলীকদম উপজেলায় হামে আক্রান্ত হয়ে ২৫ শিশু ও লামা উপজেলার ফাঁসিয়াখালী ও গজালিয়ায় তিন শিশু মারা যায়। এ ছাড়া দুই উপজেলায় পাঁচ শতাধিক শিশু আক্রান্ত হয়।