লামায় পাথর উত্তোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লামা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বিঘ্নে পাথর উত্তোলন চলছে। উপজেলার সাত ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ের গোড়ার মাটি খুঁড়ে বড় বড় পাথর শক্তিশালী বোমার সাহায্যে ভেঙে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে। পাথর উত্তোলনকারী ও ব্যবসায়ীরা এতই প্রভাবশালী যে তাঁদের কাজে কেউ নাক গলাতে পারেন না। এলাকার মানুষকে এক ধরনের জিম্মি করে প্রশাসনকে বশ (ম্যানেজ) করে প্রতিদিন শত শত ট্রাকযোগে লামা-সুয়ালক সড়ক, লামা-কেয়াজুপাড়া সড়ক ও বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক দিয়ে এসব পাথর যাচ্ছে চকরিয়া ও লোহাগাড়া উপজেলা হয়ে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায়। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারছে না। প্রসাশনের দায়িত্বরত কর্তাব্যক্তিরা কোনো দায়িত্ব পালন করছেন না। লামার বন বিভাগীয় কর্মকর্তা বলেন, ‘পাথর উত্তোলন ও পাচার নতুন ব্যাপার নয়। এ ব্যাপারে আমরা কোনো রকম ব্যবস্থা নিতে গেলে অনেক ঝামেলা আমাদের মাথার ওপর এসে পড়ে। আমাদের কিছুই করার নেই।’ এদিকে স্থানীয় সচেতন লোকজন ও জনপ্রতিনিধিরা আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।