লামায় বনদস্যুরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় বনদস্যুরা প্রাকৃতিক বন উজাড় করে অবাধে গাছ পাচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্গম এলাকা থেকে গাছ হাতি দিয়ে টেনে ট্রাকে বোঝাই করে পাচারকারীরা নিয়ে যায়। কিন্তু সেখানকার কর্তব্যরত পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কোনো ব্যবস্থা নেননি এখনো। সরই ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘এ ব্যাপারে এলাকার লোকজনের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ চিম্বুক পাহাড়ের কাপ্রুপাড়ার কার্বারি (পাড়া প্রধান) ইনচ্যং ম্রোসহ পাড়াবাসীরা জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়, চট্টগ্রামের লোহাগাড়ার একটি চক্র দীর্ঘদিন ধরে কাঠ পাচারের সঙ্গে যুক্ত। পাচারকারীরা গাছ পাচারের সুবিধার্থে বনের মধ্যে ট্রাক চলাচলের গোপন রাস্তা তৈরি করে কয়েক বছর ধরে প্রাকৃতিক বনাঞ্চল থেকে গাছ পাচার করছেন। যেখানে ট্রাক চলাচলের সুযোগ নেই সেখানে হাতি দিয়ে গাছ বহন করে রাস্তায় নিয়ে আসা হয়। লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, পাচারকারীরা সবাই বহিরাগত। দুর্গম বনাঞ্চলে বসবাসরত আদিবাসী মানুষজন দীর্ঘদিন ধরে এ ব্যাপারে অভিযোগ করে আসছেন। লুলাইন বাজারের বাসিন্দা শহীদ আলম ও কাপ্রুপাড়ার মেনসিত ম্রো বলেন, ‘লুলাইন, পোপা, লেমুপালং, ফুটাঝিড়ি, বান্দরঝিড়ি, হরিণঝিড়ি এলাকা থেকে কাঠ পাচার করা হচ্ছে। বৃষ্টিতে কাঁচা রাস্তা ট্রাক চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্গম জায়গা থেকে হাতি দিয়ে গাছ পাচার করা হচ্ছে। কাপ্রুপাড়া এলাকায় কর্মরত হাতির মাহুত জয়নাল আবেদিন জানান, বর্তমানে এই এলাকার বনাঞ্চলে ১০টি হাতি দিয়ে গাছ পাচার করা হচ্ছে। তবে তিনি হাতির মালিকদের নাম বলতে ও মোবাইল নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন। কাপ্রুপাড়ার কারবারি ইনচ্যং ম্রো বলেন, চিম্বুক পাহাড়ের বনাঞ্চল থেকে পাচারকারীরা কড়ই, চম্পা, লালী, গোদা, গামারি, গর্জনসহ মূল্যবান গাছ কেটে নিচ্ছে নির্বিচারে। কাপ্রুপাড়ার বাসিন্দাদের অভিযোগ লোহাগাড়া এলাকার জনৈক মোর্শেদসহ একটি চক্র বনের গাছ পাচারের সঙ্গে যুক্ত। যোগাযোগ করা হলে মোর্শেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা স্থানীয় আদিবাসী লোকজনের কাছ থেকে বাগান কিনে নিয়ে গাছের ব্যবসা করি। কেউ বাগানের গাছ বিক্রি করতে চাইলে বিভিন্ন কারণে আমরা কিনতে না পারলে ওই বাগানের মালিকেরা কাঠ পাচারের মিথ্যা অভিযোগ করেন।’ বেশি দুর্গম জায়গা থেকে হাতি দিয়ে গাছ টানা ছাড়া কোনো উপায় থাকে না বলে তিনি জানান। ক্যজুপাড়া বাজারের পুলিশ ক্যাম্পের পরিদর্শক সানাউল্লাহ ও বনবিট কর্মকর্তা তপন কান্তি দাশ পাচারকারীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। তাঁরা জানান, পাচারকারীরা অবৈধভাবে চোরাই পথে গাছ পাচার করছে। সরই ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মীর হোসেন বলেন, কাপ্রুপাড়া এলাকার লোকজন বনাঞ্চল উজাড় ও কাঠ পাচারের অভিযোগ করেছেন। এই বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।