লামায় মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে মহাশ্মশান
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাশ্মশান। ইতিমধ্যে পৌর এলাকার হাসপাতালপাড়ার শ্মশানটির ৮০ ভাগই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি অংশও ভাঙনের কবলে পড়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে শ্মশানটি পুরোপুরি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী।ছোট নুনারবিল মার্মাপাড়ার কারবারি (পাড়াপ্রধান) মংয়েনু মার্মা বলেন, ‘নদী যেভাবে ভাঙছে, তাতে মহাশ্মশানটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’স্থানীয় লোকজন জানান, লামা পৌরসভা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে মৃত্যুর পর পৌর এলাকার হাসপাতালপাড়ার শ্মশানটিতে সৎকার করা হয়। লামাবাজার, ছোট নুনারবিলপাড়া এবং বড় নুনারবিলপাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকেও মৃত্যুর পর সৎকার করা হয় এই শ্মশনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্মশানের একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের ফলে শ্মশানের জায়গা কমে যাওয়ায় মৃতদেহের সৎকার করতে সমস্যা হচ্ছে বলে জানালেন স্থানীয় লোকজন। সাম্প্রতিক বছরগুলোতে মাতামুহুরী নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতি বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে শ্মশানটি ক্রমশ ছোট হয়ে আসছে। লামা উপজেলা কারবারি সমিতির সভাপতি উমংহ্লা কারবারি জানান, ‘মহাশ্মশানটি ভাঙনের কবলে পড়ে বিলীন হতে চলেছে। সরকারের পক্ষ থেকে ভাঙন রোধে কোনো উদ্যোগ না নিলে আসন্ন বর্ষা মৌসুমে নদীগর্ভে হারিয়ে যাবে শ্মশানের বাকি অংশ। হিন্দু-বৌদ্ধ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ জানান, ‘শ্মশানটির বেশির ভাগই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগকে জানিয়েও কাজ হয়নি।’এ ব্যাপারে লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘লামায় হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের একমাত্র মহাশ্মশান বিলীন হওয়ার পথে। জরুরি ভিত্তিতে শ্মশানটির ভাঙন বন্ধের উদ্যোগ নিতে হবে।’