লামা উপজেলার লামা-সুয়ালক সড়ক অবৈধ গাছ ও মাদক পাচারের নিরাপদ রুটে (পথে) পরিণত হয়েছে। মিয়ানমার থেকে আলীকদম ও থানচি সীমান্ত হয়ে আসা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এ সড়ক দিয়ে গাছবাহী গাড়িতে করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। বর্তমানে গাছ পাচারকারী চক্র ডলুছড়ি রেঞ্জের লুলাইং, লেমুপালং ও সদর রেঞ্জের পোপা এবং নাইক্ষ্যং মৌজায় প্রায় ১০ কোটি টাকার গাছ পাচারের জন্য মজুদ করে রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সরই-নয়াপাড়া সড়ক (ক্যাজুপাড়া-লুলাইং সড়ক) ও লামা-সুয়ালক সড়ক দিয়ে সংশ্লিষ্ট মৌজা থেকে প্রতিদিন ট্রাকে করে মূল্যবান বনজসম্পদ পাচার হচ্ছে। লোহাগাড়া উপজেলার একটি চিহ্নিত গাছ পাচারকারী চক্র সরই বনবিট কর্মকর্তা ও ক্যাজুপাড়া পুলিশের সহায়তায় গাছ পাচারে নিয়োজিত রয়েছে। লুলাইং মৌজার কুইছড়া, হেডম্যানপাড়া, চাহ্লাপাড়া, ওমরাপাড়াসহ বিভিন্ন পাড়ায় পাঁচ শতাধিক শ্রমিক গাছ কাটার কাজে নিয়োজিত রয়েছেন। শ্রমিকদের বেশির ভাগই মিয়ানমারের নাগরিক। গাছ কাটার পাশাপাশি তাঁরা এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে গাছ পাচারের ফলে একসময়ের প্রাকৃতিক সম্পদে ভরপুর লুলাইং, লেমুপালং, পোপা ও নাইক্ষ্যং মৌজা বর্তমানে প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়েছে।এ প্রসঙ্গে লুলাইং মৌজার ইউনিয়ন পরিষদ সদস্য মেনচিং মুরুং জানান, শ্রেণী ও অশ্রেণীভুক্ত বনাঞ্চল উজাড়ের পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন বাগানের গাছও চোরচক্র চুরি এমনকি জোর করে নিয়ে যায়। এ ব্যাপারে লামা থানা ও উপজেলা বিচারিক হাকিম আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে ডলুছড়ি রেঞ্জের লুলাইং, লেমুপালং ও সদর রেঞ্জের পোপা এবং নাইক্ষ্যং মৌজায় প্রায় ১০ কোটি টাকার গাছ পাচারের জন্য মজুদ করে রাখা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় ব্যক্তিরা জানান, এলাকায় ৩০-৩৫টি পোষা হাতি বনাঞ্চল থেকে গাছ টেনে সড়কপথে ট্রাকে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। এসব গাছ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। পোপা মৌজার বাসিন্দা বিক্রমণি ত্রিপুরা বলেন, অবৈধ গাছের সঙ্গে ইয়াবাসহ বিভিন্ন রকম মাদকদ্রব্যও এ সড়ক দিয়ে পাচার করা হয়। মিয়ানমার থেকে আলীকদম ও থানচি সীমানা থেকে জঙ্গলের ভেতর দিয়ে এসব দ্রব্য আনা হয়। এসব অবৈধ কাজের প্রতিবাদ করায় বর্তমানে গাছ পাচারকারী চক্র এবং স্থানীয় জনসাধারণের মধ্যে বিরোধ দেখা দিয়েছে বলে তিনি জানান। ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা কাঠ পাচারের কথা স্বীকার করে বলেন, ‘এ বনাঞ্চল অনেক বড়। তাই সহজেই কিছুই করা যায় না। তবে অবৈধভাবে কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত আছে।’ গাছের সঙ্গে মাদকদ্রব্য পাচারের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন বলেন, ‘বিস্তীর্ণ এ বনাঞ্চল থেকে গাছ পাচার হচ্ছে। গাছ পাচারের পাশাপাশি বিভিন্ন রকম মাদক দ্রব্যও পাচারের কথা শুনেছি। তবে এ শোনা কথা কতটুক সত্য জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ লামা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হারুনর রশিদ খান বলেন, ‘গাছ পাচার রোধে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ রকম ঘটনা ঘটলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’