লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা সপ্তাহ শুরু
সেবা সংগঠন লায়ন্স ক্লাব প্রতিবছরের মতো এবারও পালন করছে অক্টোবর সেবা সপ্তাহ। গত বৃহস্পতিবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শোভাযাত্রার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এর আগে গত বুধবার প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন্স জেলা গভর্নর মোস্তাক হোসাইন। তিনি বলেন, চট্টগ্রামে ছয়টি জেলায় অন্ধত্ব নিবারণ, ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার, স্বল্পমূল্যে ফিজিওথেরাপি, কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস, জেনারেল ও ডেন্টাল হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে। সে কার্যক্রমকে আরও গতিশীল করতে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান চৌধুরী শামীম মোস্তফা, অক্টোবর সেবা সপ্তাহের চেয়ারম্যান শাহ আলম, সদ্য সাবেক জেলা গভর্নর সিরাজুল হক আনসারী, সাবেক জেলা গভর্নর শ্রীপ্রকাশ বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।