লারমা স্কয়ারে নারী বিক্রেতাদের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুরের পর থেকে পাহাড়ি নারীরা শাকসবজি নিয়ে হাজির হন খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে। বিকেল হতেই জমে ওঠে বেচাকেনা l প্রথম আলো
দুপুরের পর থেকে পাহাড়ি নারীরা শাকসবজি নিয়ে হাজির হন খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে। বিকেল হতেই জমে ওঠে বেচাকেনা l প্রথম আলো

পাঁচ বছর আগে স্বামী বিমল কৃষ্ণ চাকমার মৃত্যু পর শিশু সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় মুখোমুখি হন রানি ত্রিপুরা। সংসার কীভাবে চলবে, ভেবে ভেবে দিন কাটত তাঁর। তবে এখন সে ভাবনা অনেকটাই দূর হয়েছে। সবজি বেচে সংসারের খরচ জোগাচ্ছেন তিনি। সন্তানের মুখেও তিন বেলা খাবার তুলে দিতে পারছেন।

খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে প্রতিদিন বিকেলে সবজির পসরা নিয়ে বসেন রানি ত্রিপুরা। তাঁর সঙ্গে এখানে আরও অর্ধশতাধিক নারী সবজি বিক্রেতাও পণ্য নিয়ে আসেন। নারী বিক্রেতাদের এই হাটে মেলে তাজা সবজি। হাটের অধিকাংশ ক্রেতাও নারী।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। ১ জুন উপজেলার লারমা স্কয়ারে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক নারী শাক, সবজিসহ বিভিন্ন পণ্য সাজিয়ে বসেছেন। নারী ক্রেতারা শাকসবজির দর-দাম করছেন।

রানি ত্রিপুরার (৪৮) জানান, গত পাঁচ ধরে লারমা স্কয়ারে সবজি বিক্রি করছেন তিনি। দিনে দেড় শ থেকে দুই শ টাকা লাভ হয়। এই টাকায় নয় বছর বয়সী ছেলেকে নিয়ে ভালোই চলছে তাঁর সংসার।

সবজি বিক্রেতা প্রিয় বালা চাকমার বয়স ৬০ পেরোলেও এখনো কঠোর পরিশ্রম করেন তিনি। গত ৮ বছর ধরে লারমা স্কয়ারে সবজি বিক্রি করছেন। স্বামী গগন চন্দ্র চাকমা মারা যাওয়ার পর থেকে বিভিন্ন হাটবাজার থেকে সবজি সংগ্রহ করে লারমা স্কয়ারে বিক্রি করেন। পরিবারে দুই ছেলে আছে তাঁর। এর মধ্যে এক ছেলে অসুস্থ, আরেক ছেলে বেকার। তাঁর সবজি বিক্রির টাকাতেই চলে সংসার।

প্রায় একই রকম কথা শোনা গেল নিহার বালা চাকমা (৩৬), প্রিয় রানি ত্রিপুরা (২৫), কৃপালতা চাকমা (৪৪) ও ঝরনা চাকমার (৫০) কাছ থেকে। সংসারে বাড়তি অর্থ জোগান দিতে লারমা স্কয়ারে সবজি বিক্রি করেন তাঁরা সবাই।

সবজি বিক্রেতা পুষ্পলতা চাকমার (৫০) বাড়ি কৃপাপুর গ্রামে। স্বামী অমৃত চাকমা বেকার। পুস্পলতা চাকমা বিভিন্ন পাহাড় থেকে শাকসবজি সংগ্রহ করে প্রতিদিন লারমা স্কয়ারে এনে বিক্রি করেন। সংসারের খরচ মেটানোর পাশাপাশি এক ছেলেকে স্নাতক ও আরেক ছেলেকে এইচএসসিতে পড়াশোনা করাচ্ছেন। পুষ্পলতা চাকমা বলেন, ‘আমার পরিশ্রম হলেও ছেলেদের পড়াশোনা করাচ্ছি। ওরা একদিন চাকরি করে আমার কষ্ট দূর করবে।’

নারী সবজি ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঝড়–বৃষ্টি হলে তাঁদের ব্যবসায় ক্ষতি হয়। খোলা আকাশে নিচে বসে রোদ, বৃষ্টির মধ্যে ব্যবসা করা কষ্টকর। সরকারের পক্ষ থেকে নারী সবজি ব্যবসায়ীদের জন্য একটি ছাউনি করে দিলে খুব উপকার হতো।

বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, নারীরা যে আজ পিছিয়ে নেই তা লারমা স্কয়ারে এলেই বোঝা যায়। নারীরা নিজেরাই ব্যবসা-বাণিজ্য করে সংসারের হাল ধরছে। লারমা স্কয়ারের সবজি বিক্রেতা নারীরা যেন এক একজন জয়িতা।