নামে ‘লাল গ্রহ’ হলেও মঙ্গলের সবকিছুই লাল নয়। সেখানে রোবটযান কিউরিওসিটির চাকার চাপে ভেঙে যাওয়া পাথরের একটি টুকরার ছবিতে দেখা গেছে, পাথরের ভেতর দিকের অংশটি ধবধবে সাদা। কিউরিওসিটির স্বয়ংক্রিয় ক্যামেরায় তোলা এ ছবির রং চমকে দিয়েছে নাসার বিজ্ঞানীদের।পাথরখণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘টিনটিনা’। গত বছরের আগস্টে মঙ্গলের গেইল জ্বালামুখ অঞ্চলে অবতরণের পর মাঝে কিছুদিন গবেষণার কাজ থেকে বিরত ছিল কিউরিওসিটি। আর পাথরটি কিউরিওসিটির চাকায় ভাঙা পড়ে গত ১৭ জানুয়ারি।মেমোরি চিপে সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে ‘বিশ্রামে’ পাঠানো হয়েছিল এই রোবটযানকে। কিন্তু সেরে উঠেই এমন হইচই ফেলে দেবে কিউরিওসিটি, তা কেউই ভাবেননি।মঙ্গলের বুকে এমন সাদা পাথর দেখে যথেষ্ট উত্তেজিত নাসার বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মেলিসা রাইস বলেছেন, ‘মঙ্গলের মাটিতে এর আগে এত সাদা আর এত উজ্জ্বল কোনো কিছুই আমাদের চোখে পড়েনি।’তবে শুধুই রং নয়, বিজ্ঞানীদের উচ্ছ্বসিত হওয়ার কারণ যথেষ্ট। এই পাথরেই হয়তো কোনো একসময় পানির স্পর্শ লেগেছিল। তবে আসল তথ্যটি মিলবে পাথরের রাসায়নিক বিশ্লেষণ করার পর।এর আগেই গেইল জ্বালামুখ ও ইয়েলোনাইফ বে এলাকায় একসময় পানির প্রবাহ ছিল বলে বিজ্ঞানীদের ধারণা ছিল। ওই এলাকার মাটিতে মিলেছিল কাদাপাথরের নমুনাও। বিবিসি।