লাল জামদানির ঐতিহ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের শাড়ি হিসেবে লাল জামদানির আবেদন সব সময়ই অন্য রকম। তবে এ ধরনের শাড়ির সঙ্গে ফিউশনধর্মী কিছু না মেলানোই ভালো। ঐতিহ্যবাহী ঢঙেই হোক সাজ। আজকাল অনেককে দেখা যায় ফুলহাতা ব্লাউজ পরতে। ব্লাউজের হাতে থাকতে পারে লেসের নকশা। পুরোনো ধাঁচের পলকি বা কুন্দনের গয়না মানাবে বেশ। গয়নার রং সাদা হলেই ভালো। নাকের নথটা আজকাল বেশ বড় পরা হচ্ছে। একটু বড় গলার ব্লাউজের সঙ্গে পরতে পারেন চোকার ধাঁচের নেকলেস। আর সাজেও রাখুন লালের প্রাধান্য। লাল লিপস্টিক, লাল টিপ, হাতে আলতার নকশা। তবে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য যাতে মেকআপে ঢাকা না পড়ে যায়, তা খেয়াল রাখুন। এ ধরনের ঐতিহ্যবাহী সাজের সঙ্গে মেকআপেও ফুটে ওঠা চাই স্বাভাবিক সৌন্দর্য। জরির কাজের জমকালো জামদানির সঙ্গে ওড়নাটা তেমন ভারী না হলেই ভালো। পাতলা মসলিনের ওড়না পরতে পারেন। চিকন লেসের পাড় বা সোনালি বুটি থাকতে পারে তাতে। আর চুলটাও বেঁধে নিন উঁচু খোঁপায়।