লাল জামরুলের শোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল জামরুল। দেখতে অনেকটা নাশপাতির মতো। ফলের মসৃণ ত্বকে মোমের প্রলেপ দিয়েছে যেন কেউ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালীতে অবস্থিত ফলের বাগান বসু ফ্রুটস ভ্যালির বেশ কয়েকটি গাছে এমন চোখজুড়ানো জামরুল ধরেছে। ব্যাপকভাবে চাষ না হলেও জেলার ফলের বাগানগুলোতে গেলে জামরুলের দেখা মিলবে। বছরে একাধিকবার ফলন দেয় বলে জামরুল চাষ লাভজনক।দেশি জাতের জামরুল পানসে হলেও বারি জামরুল-১ (আপেল জামরুল) রসালো ও সুস্বাদু। গন্ধের দিক দিয়েও এই ফল অতুলনীয়। ১৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা বসু ফ্রুটস ভ্যালিতে পাঁচ ধরনের রঙের জামরুল ফলের গাছ রয়েছে। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জামরুল কিনে নিয়ে যায়। কেজি ৫০ টাকায় বিক্রি হয়। বসু ফ্রুটস ভ্যালির মালিক তুষার কান্তি বসু জানান, তাঁর বাগানে লাল, সাদা, খয়েরি, গোলাপি ও সবুজ মিলিয়ে পাঁচটি রঙের জামরুল গাছ রয়েছে। প্রতিটি গাছে ৩০ থেকে ৩৫ কেজি ফল হয়। ফল আসে এপ্রিল মাসে। লাল রঙের জামরুল বছরে ধরে দুইবার। এপ্রিল থেকে মে মাসে একবার এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাসে একবার। এক মাসের মধ্যে জামরুল বিক্রি করা যায়। তিনি জানান, লাল রঙের জামরুল সবার পছন্দ। তবে পাঁচ রঙের জামরুলই বিক্রি হয়। বাগান থেকে বিভিন্ন রঙের জামরুল ফল কিনেছেন আবদুর রহমান। তিনি বলেন, ‘এ ফলের গুণাগুণ সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা নেই। আমি প্রবাসী বোনের জন্য বিভিন্ন রঙের তিন কেজি জামরুল ফল কিনেছি।’ জামরুল মানুষের শরীরের জন্যও উপকারী। শরীরের পানিশূন্যতা দূর করে এই ফল। এতে শরীরের জন্য বহু প্রয়োজনীয় খনিজ দ্রব্য ও ভিটামিন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা পলাশ নাগ জামরুল ফলের গুণাগুণ সম্পর্কে বলেন, ‘এতে পটাসিয়াম, সোডিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান, ভিটামিন-সি, ভিটামিন-এ ও পানি রয়েছে। জামরুল ফল শরীরের পানিশূন্যতা ও দাঁতের সমস্যা দূর করে। প্রসূতিদের জন্য ফলটি বিশেষভাবে উপকারী।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুর রব বলেন, ‘জামরুল ফল কয়েকটি রঙের থাকলেও সব ফলের পরিবার একই। জামরুলে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। ইংরেজি নাম ওয়াক্স জাম্বু। বাণিজ্যিকভাবে জামরুল চাষ করে চাষিরা লাভবান হতে পারেন।’বসু ফ্রুটস ভ্যালির কর্মকর্তারা জানান, জুন-জুলাই মাস জামরুলের চারা লাগানোর উপযুক্ত সময়। জামরুল বাড়ির আঙিনায়, ছাদের টবে ও ড্রামে লাগানো যায়। কলম করে বা নার্সারি থেকে চারা সংগ্রহ করা যায়। আধা মিটার চওড়া ও গভীর গর্ত করে গর্তের মাটির সঙ্গে গোবর সার, ছাই ও হাড়ের গুঁড়া মেশাতে হবে। এরপর গর্তের মাঝ বরাবর চারা রোপণ করতে হবে।জামরুলের আদি বাসভূমি আন্দামান-নিকোবর হলেও এখন আমাদের দেশি ফলে পরিণত হয়েছে। কাঁচাপাকা সব অবস্থাতেই জামরুল খাওয়া যায়। সবচেয়ে বড় কথা, ফলভারে নত জামরুলগাছ বাড়িয়ে দেবে বাড়ির শোভা।