লাল টিপের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপালে এখন আর চাঁদ নয়, টকটকে লাল সূর্য। তবে এ সূর্যটা সাঁঝবেলায় টুপ করে ডুব মারে না। কপালে ওই আকাশে সূর্যটা থাকে সারা বেলা...সারাক্ষণ। বাঙালি নারীর সাজের প্রিয় অনুষঙ্গ লাল টিপের কথা বলছি। পোশাকের রং, উপলক্ষ যা-ই হোক না কেন, বড় একটা লাল টিপ ছাড়া আজকের নারীর সাজ যেন পূর্ণতা পায় না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী সিনথিয়া মৌ। প্রতিদিন সকালে ক্লাসে আসার আগে হাতে-কানে চুড়ি আর দুল থাকুক বা না-ই থাকুক, কপালে একটা লাল বড় টিপ দিতে ভুল হয় না তাঁর।ভাষাবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তামান্না। কপালের লাল বড় টিপটার কারণে ক্যাম্পাসের পরিচিত মুখ তিনি। পোশাকের রং তাঁর কাছে তেমন একটা গুরুত্ব পায় না, যতটা না পায় টিপ। রেড বিউটি স্যালনের প্রধান পরিচালন কর্মকর্তা ও রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল বলেন, লাল রঙের প্রতি সবারই একটা আকর্ষণ রয়েছে। আর টিপ হিসেবে লাল টিপের ব্যবহার বহু আগে থেকেই।পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে অনেকেই লাল টিপ বেছে নিতেন। এখন লাল টিপ সব সময়ের, সব পোশাকের, সব বয়সের, সব সৌন্দর্যপিপাসু নারীর প্রিয়। ক্লাসে, অফিসে অথবা কোনো উৎসবে—যেখানেই যান না কেন, সাজের ষোলোকলা পূর্ণ করতে আপনিও বেছে নিতে পারেন বড় একটা লাল টিপ। এ ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। আফরোজা কামাল মনে করেন, যাঁরা টিপ পরতে ভালোবাসেন, তাঁরা অবশ্যই মুখের ত্বক, বিশেষ করে কপালের অংশটা পরিচ্ছন্ন ও সুন্দর রাখুন।নিয়মিত ফেসিয়াল করতে পারেন। পাশাপাশি যাঁদের মুখের ত্বকে লোম বেশি, তাঁরা ফেয়ারপলিশ করে নিতে পারেন। মুখের গড়ন অনুযায়ী ভ্রু প্লাক করে নিন। তাতে কপালে টিপটা ভালো ফুটবে। যাঁদের যুগল ভ্রু, তাঁরা একটু হালকা করে নিতে পারেন। টিপটি এমন স্থানে পরুন, যেন ভ্রু থেকে খুব ওপরে না থাকে এবং খুব নিচেও না লেগে থাকে।যুগল ভ্রু যাঁদের, তাঁরা অপেক্ষাকৃত লাল ছোট টিপ বেছে নিন। যাঁদের কপাল বড়, তাঁরা বড় টিপ না পরে ছোট টিপ এবং যাঁদের কপাল ছোট, তাঁরা বড় টিপ বেছে নিন। মুখের আকৃতি কিছুটা লম্বা হলে ছোট টিপ বেছে নিন। মুখের ধরন ডিম্বাকৃতি বা বর্গাকৃতির (স্কয়ার) হলে, ডিম্বাকৃতির টিপ বেছে নিতে পারেন। গোলাকৃতি মুখের ক্ষেত্রে বড় টিপই পরুন।বড় টিপের সঙ্গে চুলটা একটু উল্টো চিরুনি দিয়ে ফুলিয়ে পনিটেইল করে নিলে দেখতে ভালো লাগবে।যাঁদের চুল বড়, তাঁরা সামনের দিকে কয়েকটি চুল রেখে পেছনে বেণি বা ঝুঁটি করতে পারেন। তবে খেয়াল রাখুন, চুলে যেন টিপ ঢেকে না যায়।টিপ কেনার সময় একটু খেয়াল রাখুন, যেন টিপের আঠাটি টিপের অংশজুড়ে লাগানো আছে কি না, আর টিপ থেকে যেন রং না ছড়ায়।