লাল টুকটুকে ঠোঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদামি, মেরুন, গোলাপি—ঠোঁট রাঙানোর জন্য এই রংগুলোই সাধারণত বেছে নেন অনেকে। টকটকে লাল রং ঠোঁটে ব্যবহার করাটা অনেকের কাছেই রীতিমতো সাহসিকতার পরিচয়। এ যেন শুধু মডেলদেরই মানায়। তাই যতই ফ্যাশনেবল হোক বা যতই ভালো লাগুক, টকটকে লাল লিপস্টিকে ঠোঁট রাঙাতে দ্বিধায় ভোগেন অনেকে। তবে আপনার ব্যক্তিত্ব আর পরিবেশের সঙ্গে মানানসই হলে যেকোনো রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। সেটি লালও হতে পারে। এমনটাই মনে করেন রূপ-বিশেষজ্ঞরা।‘গায়ের রং ফরসা হলেই লাল লিপস্টিক ব্যবহার করা যাবে—এমন ধারণাও ভুল। যেহেতু লাল রং নিজেই অনেক জমকালো, সে কারণে অন্যান্য আনুষঙ্গিক সাজগোজ হতে হবে হালকা ধরনের।’ বলেন রূপ-বিশেষজ্ঞ আফরোজা কামাল।তিনি আরও জানান, ‘কম বয়সের মেয়েরা পাশ্চাত্য পোশাকের সঙ্গে লাল রং দিয়ে ঠোঁট রাঙাতে পারে। যেকোনো সন্ধ্যা বা রাতের অনুষ্ঠানে আপনি লাল রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে চোখের সাজটা হবে হালকা ধরনের। শুধু কাজল বা বাদামি আইশ্যাডো দিয়ে সাজিয়ে নিন চোখ। স্মোকি সাজটা এড়িয়ে যাওয়া উচিত। গোলাপি আভার মেকআপ ব্যবহার করবেন না। এর বদলে সাদা বা চাপা সাদা আভার মেকআপ ব্যবহার করতে হবে। শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গেও এটি ব্যবহার করা যাবে। তখন গয়নার ব্যবহারে সচেতন হতে হবে। ভারী ধরনের গয়না পরবেন না। মুক্তা বা পাথরের হালকা গয়না ব্যবহার করতে পারেন। লম্বা গাউন বা পার্টি পোশাকের সঙ্গে লাল লিপস্টিক বেশি মানায়। লাল লিপস্টিক দিয়ে শার্ট বা ফতুয়া পরলে অবশ্যই কানে চিকন রিং এবং গলায় লম্বা মালা পরতে ভুলবেন না। লাল লিপস্টিকের সঙ্গে চুলের সাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্লো ড্রাই করতে পারেন। এ ছাড়া ঢেউ-খেলানো বা কোঁকড়া ভাব আনতে পারেন, যা লাল লিপস্টিকের সঙ্গে মানিয়ে যায়। নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চাইলে ওয়েট লুক আনতে পারেন চেহায়ায়। লাল লিপস্টিক অনেক ফ্যাশনেবল। তাই পুরো সাজটা এর সঙ্গে মানানসই হতে হবে।’রূপ-বিশেষজ্ঞ ফারজানা আরমান মনে করেন, ‘শীতের সময় লালের মতো গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। তবে একে যদি দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে লাল রঙের লিপ পেনসিল ব্যবহার করতে পারেন। ম্যাট ধরনের লিপস্টিক দিলে শীতে আরও ঠোঁট শুকিয়ে যায়। সে ক্ষেত্রে স্যাটিন বা গ্লসি লিপস্টিক ব্যবহার করতে পারেন।’ লাল লিপস্টিক ব্যবহার তো হলো। কিন্তু এটা তোলার সময় ঝক্কিটা তো সামলাতে হবে। লাল রংটা বেশ গাঢ়। তাই লিপস্টিক তোলার আগে অলিভ অয়েল দিয়ে ঠোঁটটাকে হালকা মালিশ করে নিন। এরপর পাতলা নরম কাপড় দিয়ে ধীরে ধীরে তুলুন। রাতে আবার ভালো করে লিপবাম বা ভ্যাসলিন লাগাতে ভুলবেন না। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। লাল রঙের লিপস্টিক ব্যবহারের আগে নিজের দাঁতের দিকে নজর দিন। সাদা ঝকঝকে দাঁত না হলে এটি ব্যবহার করবেন না। তাই লিপস্টিক ব্যবহারের আগে দাঁত পরিষ্কার করে নিন। ফারজানা আরমান বলেন, ‘লাল রঙের গ্লসি লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে আলতো করে বরফ ঘষে নিন। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হবে। এ ছাড়া লাল, সাদা, চাপা সাদা, কালো, সবুজ বা নীল রঙের পোশাকের সঙ্গে লাল লিপস্টিক মানাবে। তবে হালকা ধরনের জমকালো পোশাকের সঙ্গে এটি ব্যবহার করুন। তাহলে দেখবেন সবার মাঝে আপনি কেমন আকর্ষণীয় হয়েছেন। এর সঙ্গে নিয়মিত ঠোঁটের যত্ন নিতে ভুলবেন না।’