কক্সবাজার সমুদ্রসৈকতের ছাতা চেয়ারের (কিটকট) কর্মীদের জন্য পোশাক নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন ও িবচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটক হয়রানি রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ছাতা কর্মীদের পরনে থাকবে লাল টি-শার্ট ও টুপি।
১৮ ফেব্রুয়ারি বিকেলে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ছাতা কর্মীদের হাতে নির্ধারিত পোশাক তুলে দেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। ওই দিন ১০০ জনকে টি-শার্ট ও টুপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সি–বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ব্যবসায়ী মাহবুবুর রহমান, বেসরকারি সংস্থা অ্যাড ফ্রেমের প্রতিনিধি আবছার উদ্দিন, জাহেদুল আনোয়ার প্রমুখ। পোশাক বিতরণে সার্বিক সহযোগিতা করেন বেসরকারি সংস্থা অ্যাড ফ্রেম।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, কক্সবাজারে ভ্রমণে এসে একজন পর্যটকের জন্য সর্বোচ্চ বিনোদনের জায়গা হচ্ছে ছাতার নিচে চেয়ারে বসে সমুদ্র দেখা। কিন্তু ছাতা কর্মীদের হাতে অনেক পর্যটক হয়রানির শিকার হওয়ার অভিযোগ আছে। নির্দিষ্ট পোশাক না থাকার কারণে এই অভিযোগগুলো সমাধান করা কঠিন হয়ে যেত। কিন্তু এখন থেকে নির্দিষ্ট পোশাক ছাড়া কেউ কর্মী হিসেবে কাজ করতে পারবে না।
জেলা প্রশাসক আরও বলেন, কর্মীর নির্দিষ্ট পোশাকে জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসন ও টু্যরিস্ট পুলিশের নম্বর দেওয়া আছে। কোনো পর্যটক বিপদে পড়লে দ্রুত এখান থেকে মুঠোফোন নম্বর নিয়ে সহযোগিতা নিতে পারবে।