আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিবস উপলক্ষে ছাপা হলো পাঠক বন্ধুদের একটি কবিতা ও তিনটি গল্প
লাল সবুজের পতাকাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল সবুজের পতাকাটা আমার দুটি হাতে
ইতিহাসের পরম পাওয়া চরম তপস্যাতে
মুক্তিসেনা ডাক দিয়ে যায় রাত্রি গভীর হলে
ঝরে পড়ে শিশিরভেজা কষ্ট গলে গলে
মা-মাটিকে ভালোবাসার গান শোনাল কে সে!
স্বপ্নগুলো উড়ে উড়ে মেঘের সাথে মেশে
বিরান মাঠে দামাল হাওয়া দীপ্ত পায়ে ছোটে
চোখের ভেতর পান্না-হিরে ঝকমকিয়ে ওঠে
মুক্ত হব মুক্ত হব শপথ নিল কারা
অস্ত্র হাতে যুদ্ধ করো যার আছে শিরদাঁড়া!
বারুদ ভরা বজ্র যখন হৃদয়ে তাল ঠোকে
উথাল-পাতাল জলের ধারা সাধ্য কারও রোখে?
সোনার দেশের সোনার ছেলে সেই কত কাল আগে
এঁকেছিলে মুখটি মায়ের তরুণ-অরুণ রাগে ।
কোন বাগানে গন্ধ বিলায় গোলাপটগরগুলো
মনের কোণে জমছে কেবল স্মৃতির মিহি ধুলো
দূর আকাশে নীলতারাটি নীল হয়েছে আরও
বন-বাদাড়ে আঁধার ঘনায় শোকের চেয়ে গাঢ়
একাত্তরের বিজয়গাথা আঁকড়ে আছি আমি
লাল সবুজের পতাকাটা সবার চেয়ে দামি।