লাল-সবুজের ফেসবুক

‘স্বাধীনতা, সে আমার—স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন/ স্বাধীনতা—আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।’ বিজয় দিবসে কবিতার এই দুটি পঙ্ক্তি ফেসবুকে তুলে দিয়েছিলেন আসাদ জামান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর দেওয়া কবিতা নিয়ে বন্ধুদের সে কী কৌতূহল! অনেকে মন্তব্য করেছেন পুরো কবিতা পড়তে চেয়ে, কেউবা আবার জানতে চেয়েছেন কবির নাম, অনেকে আবার কবিতা পড়ে মুগ্ধতার কথাও লিখেছেন।
মুক্তিযুদ্ধের সময়কার তিনটি ছবি নিয়ে বানানো কোলাজ শোভা পাচ্ছে সিলেটের লিডিং ইউনিভার্সিটির মাহির চৌধুরীর ফেসবুক প্রোফাইলের কভার ছবিতে। সেই ছবি অনেকে শেয়ার করেছেন, মন্তব্যেরও কমতি নেই। শুধু আসাদ বা মাহিরই নন, বিশেষ দিন মানেই যেন সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তনের জোয়ার।
বাংলাদেশের জাতীয় দিবসগুলোয় এখন ফেসবুক ছেয়ে যায় লাল-সবুজ রঙে। জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধাদের ছবি, মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য—শোভা পায় তরুণদের ফেসবুক ওয়ালে। স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস হৃদয় থেকে উদ্যাপন করেন তরুণেরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শায়লা শারমিন বলেন, ‘শুধু সবার সঙ্গে তাল মেলানোর জন্য ফেসবুকের প্রোফাইল বা কভার ছবি আমি কখনোই বদলাই না। মুক্তিযুদ্ধ নিয়ে আমি আমার ফেসবুকে কভার বা প্রোফাইল ছবি পরিবর্তন করি। কারণ, মুক্তিযোদ্ধাদের প্রতি মন থেকে শ্রদ্ধা আসে। এ বিষয়ে আমরা যত বেশি তথ্য বা ছবি দেব ফেসবুকে, আমাদের প্রজন্মের আগ্রহ তত বাড়বে।’
একই সুর শোনা গেল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সানজিদা আফরিন কবীরের কথাতেও। তিনি বলেন, ‘আমরা হয়তো অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক বা স্বচ্ছভাবে জানি না। কিন্তু যখন একজন মানুষ তার ফেসবুকের প্রোফাইল বা কভার ছবি পরিবর্তন করবে, এটাতে নিঃসন্দেহে তার চেতনাবোধ কাজ করে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আমাদের জানার আগ্রহ এভাবে বেড়েও যাবে।’
মুক্তিযুদ্ধ নিয়ে শুধু ছবি পরিবর্তন বা স্ট্যাটাসেই সীমাবদ্ধ থাকছেন না তরুণেরা, স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এলেই অনেকে উদ্যোগী হন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে। ফেসবুকে গ্রুপ বা ইভেন্ট পেজ খুলে একত্র হন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে, দুস্থ মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে। আবার মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজনও করে থাকেন অনেকে। আর সবই স্বেচ্ছাশ্রম হিসেবে করেন তাঁরা। যেমন ‘মুক্তিযুদ্ধের গল্প লেখা’ প্রতিযোগিতার আয়োজন করেছে তরুণদের একটি সংগঠন ইয়ুথ কর্নার। ইয়ুথ কর্নারের সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ৩৫ বছরের কম বয়সী তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের কাছে জমা হওয়া অনেক গল্প থেকে দেখা যাচ্ছে, তরুণেরা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবছে, আমাদের যোদ্ধাদের বীরত্ব নিয়ে গর্ব করছে।’
স্বাধীনতা দিবস নিয়ে ঘুড়ি ও ফানুস উৎসব, সাইকেল চালানো প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী অনেক আয়োজনেও ফেসবুকের মাধ্যমে করেন এ সময়ের তরুণেরা। ‘এই দেশ, এই খোলা আকাশ আমাদের জন্য যাঁরা রক্ত দিয়ে মুক্ত করে গেছেন, তাঁদের স্মরণ করতে এই আয়োজন। ফেসবুকের মাধ্যমে সবার কাছে পৌঁছা সহজ, তাই আয়োজনের ডাকটি ফেসবুক থেকেই।’ বলেন ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজক তানভির ইসলাম।
তরুণেরা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবেন না, এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। কিন্তু তরুণদের একটি বড় অংশ রয়েছে, যারা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবে, পড়ে, লালন করে। তাদের চেতনার ক্যানভাসজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ।