লালদীঘি মাঠে সবুজের মেলা
সবুজের মেলা। মেলাতে সবুজের ডগায় ডগায় বাহারি রঙের নাচন। লাল, নীল, হলুদের খেলা ফুল, ফল ও পল্লবে। স্টল ছাড়িয়ে মনোলোভা টব, কলম ও চারার বিপুল সমাহার। বৃক্ষমেলা-২০১০ উপলক্ষে এমন সাজে সেজেছিল লালদীঘির মাঠ। ‘সবুজ নগর, সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ’ স্লোগানে পক্ষকালের (৩-১৭ জুলাই) এ বৃক্ষমেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা পরিষদ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ। মেলায় স্থান পায় দুই শতাধিক প্রজাতির গাছের টব, চারা ও কলম। এর মধ্যে রয়েছে ফলদ, বনজ, ওষুধি, শোভাবর্ধনকারী অর্কিড, ক্যাকটাস, বনসাই ও বিরল প্রজাতির চারা। মেলার ২৬ স্টলের ২৩টিতেই ছিল স্বনামধন্য নার্সারিগুলোর দেশি-বিদেশি কয়েক কোটি গাছের বিপুল সমাহার। ফলদ বৃক্ষের ৬০ ও বিরল বৃক্ষের ২২ প্রজাতি ছাড়া বাকিগুলো ছিল ওষুধি, শোভাবর্ধনকারী অর্কিড, ক্যাকটাস প্রজাতির চারা। এখানে বৃক্ষপ্রেমীরা এক মেলাতেই সব ধরনের চারা পেয়েছেন। আবার নার্সারি মালিকেরাও ভালো বিক্রি করেছেন বলে জানান মেলা কর্তৃপক্ষ। সৌরভ নার্সারির মালিক এফ এম ফারুক। মেলায় ৫০ প্রজাতির চারা নিয়ে এসে ভালোই বিক্রি করেছেন। তিনি জানান, ‘আমার আনা ৩০ প্রজাতির ফলদ চারা ও কলম বিক্রি করে ১৪ জুলাই পর্যন্ত ৮০ হাজার টাকা আয় হয়েছে। তবে অন্য গাছের চারা থেকে এ বছর সামান্যই আয় হয়েছে।’ পাশের পুষ্পকলি নার্সারির কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘আমাদের ১০৫ প্রজাতির মধ্যে ৮০ প্রজাতির চারাই শোভাবর্ধনকারী। তবে আমাদের এ পর্যন্ত (১৪ জুলাই) বিক্রি ২৪ হাজার টাকার বেশি হয়নি। খরচ ও বেশি যায়নি। স্টল ও সম্পূর্ণ আলোকসজ্জা বাবদ লেগেছে এককালীন দুই হাজার টাকা। তাই লোকসানের আশঙ্কা নেই।’ বিক্রি বেশি হলেও মেলার ব্যবস্থাপনা নিয়ে অসন্ু্তষ্ট সবুজ বিপ্লব নার্সারির মালিক আশরাফ-উল হক। তিনি বলেন, ‘উদ্বোধনের পর মঞ্চের সজ্জা খুলে ফেলায় অনেকেই মনে করছেন মেলা শেষ। আবার মেলার প্রচারও কম হয়েছে। কথা থাকলেও কর্তৃপক্ষ চারা পরিচর্যায় পানি না দেওয়ায় প্রতিদিন আমাদের দুই-চার শ টাকার পানি কিনতে হয়েছে।’ মেলার সাফল্যে শতভাগ সন্তুষ্ট আয়োজক কর্তৃপক্ষ। মেলার তত্ত্বাবধায়ক বন বিভাগের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক বলেন, ‘গাছের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ মেলা ভূমিকা রাখছে।’ মেলায় বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘চারা বেশি আসায় কিছুটা অগোছালো হয়েছে। তা-ও একটা সাফল্যময় দিক।’ তবে খরচ কমানোর জন্য মঞ্চের সজ্জা খুলে ফেলা হয় বলে জানান আয়োজকেরা।