লালদীঘিতে আ. লীগের দুই পক্ষের পৃথক সমাবেশ আজ ও কাল
মহাজোট সরকারের দুই বছরে নগর আওয়ামী লীগ দুইটি স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে উঠেছে। এর একটির নেতৃত্ব দিচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষে আছেন দলের নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এই দুই পক্ষ আলাদাভাবে চট্টগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি দিয়েছে। আজ মহিউদ্দিন চৌধুরীর পক্ষ ও কাল আফছারুল আমীনের পক্ষ লালদীঘি মাঠে জনসভা করছে। এই নিয়ে নগরে দুই পক্ষেরই ব্যাপক গণসংযোগ ও মাইকে প্রচারণা চলছে। গতকাল এবং আগের দিন চট্টগ্রামে অবস্থান করে নগরের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছেন আফছারুল আমীন। মহিউদ্দিন তাঁর বাসায় দফায় দফায় বৈঠক করছেন সমর্থকদের নিয়ে। দলীয় সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী আফছারুল আমীন তাঁর সমর্থক অংশ আগামীকাল জনসভা আহ্বান করলেও এটার প্রস্তুতি নেওয়া হয় বিজয় মেলার অনুষ্ঠানের সময়। এর আগে লালদীঘি মাঠে আফছার সমর্থকদের বিজয় মেলা অনুষ্ঠিত হয়। আর মহিউদ্দিন সমর্থকদের বিজয় মেলা হয় আউটার স্টেডিয়ামে। অন্যপক্ষের আলাদাভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পালনের বিষয়টি জানার পর মহিউদ্দিন ও তাঁর সমর্থকেরা লালদীঘি মাঠে জনসভা আয়োজনের উদ্যোগ নেন। কিন্তু আফছারুলের পক্ষ আগেভাগে লালদীঘির মাঠের বরাদ্দ নিয়ে নেওয়ার মহিউদ্দিন পক্ষ পড়ে বেকায়দায়। তাঁর পক্ষের লোকজন বিকল্প স্থানে জনসভা করার কথা বললেও মহিউদ্দিন অনড় থাকেন লালদীঘি মাঠের জনসভা নিয়ে।জানা গেছে, শেষে মহিউদ্দিন অনুষ্ঠানের সময় এক দিন এগিয়ে এনে আজ (রোববার) লালদীঘি মাঠে জনসভা করার সিদ্ধান্ত নেন। তবে জনসভা আয়োজনের কারণ হিসেবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সঙ্গে মহাজোট সরকারের দুই বছর সফল পূর্তির কথাও বলা হয়। এ প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা সোমবার আমার বাসায় দলের মহানগর কমিটির বর্ধিত সভা ডেকে লালদীঘির মাঠে জনসভার সিদ্ধান্ত চূড়ান্ত করি। গত সোমবার দলের বৈঠক হয় দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে। ১০ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি কেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছেন—এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, কোনো অনুষ্ঠান আগেভাগে করলে তো গুনাহ হয় না। তিনি বলেন, আমাদের জনসভা হবে মহাজোটের জনসভা। এখানে জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ ও জাসদের সাংসদ মইনউদ্দীন খানও আসবেন।আফছারুল আমীনের ঘনিষ্ঠ বলে পরিচিত সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন প্রথম আলোকে বলেন, বিগত দিনে নগর আওয়ামী লীগকে কলুষিত করার যে খেলা মহিউদ্দিন খেলেছিলেন তার ধারা আবারও শুরু করেছেন। কিছু দিন আগে তিনি (মহিউদ্দিন) যখন লালদীঘিতে জনসভা করেছিলেন তখন আমরা তো কোনো সভা করিনি।দলীয় সূত্র মতে, দ্বিধাবিভক্ত নগর আওয়ামী লীগের মহিউদ্দিন-পক্ষে আছেন সাংসদ আবদুল লতিফ, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আ জ ম নাছির উদ্দীন প্রমুখ। দুই মাস আগেও সাংসদ লতিফ ও নাছির মহিউদ্দিনের প্রবল বিরোধী ছিলেন।আফছারের সঙ্গে আছেন নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক আবদুচ ছালাম প্রমুখ। গত মেয়র নির্বাচনের আগে পর্যন্ত ছালাম মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়।