লালদীঘির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রথের পুকুর ও দেওয়ানজী পুকুরসহ চট্টগ্রামের বহু ঐতিহ্যবাহী দিঘি হারিয়ে গেলেও গত দেড় শতাব্দী ধরে টিকে আছে লালদীঘি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনসহ বহু উত্তাল ঘটনার সাক্ষী এই দিঘি।ব্রিটিশ শাসননামলে লালদীঘিতে রানি ভিক্টোরিয়ার একটি ভাস্কর্য ছিল। পরে ব্রিটিশবিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে ভাস্কর্যটি ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। গবেষক আবদুল হক চৌধুরী তাঁর বন্দর শহর চট্টগ্রাম বইয়ে উল্লেখ করেছেন, রায়বাহাদুর রাজকুমার ঘোষ এই দিঘিটি খনন করেন। রাউজানের চিকদাইর গ্রামে তাঁর জন্ম। তৎকালীন বার্মার আকিয়াবে প্রচুর ভূসম্পত্তি ছিল তাঁর। রাজকুমার ঘোষ এই দিঘিটি পরে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তর করেন।ইতিহাস ঘেঁটে জানা যায়, রাজকুমার ঘোষ তাঁর ইংরেজপ্রীতির স্বাক্ষর রাখতে গিয়ে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করেছিলেন চট্টগ্রামে। নন্দনকানন এলাকায় ব্রিটিশ আমলে হ্যানস পার্ক নামে একটি পার্ক ছিল। চট্টগ্রাম যুব বিদ্রোহ দমন অভিযানে যেসব পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কের এক কোণে একটি স্তম্ভ নির্মাণ করেছিলেন রাজকুমার ঘোষ।লালদীঘিতেও ইংরেজপ্রীতির এই স্বাক্ষর দেখা যাবে। দিঘির এক প্রান্তে ইংরেজ ম্যাজিস্ট্রেট বাকল্যান্ডের নামে একটি চত্বর আছে। এ ছাড়া ইংরেজ পুলিশ কমিশনার স্যার হেনরি রিকেটস স্মরণেও নির্মাণ করেছিলেন একটি ঘাট।শতবর্ষী এই দিঘি তার অতীত সৌন্দর্য অনেকটাই হারিয়েছে। বর্তমানে দিঘির চারপাশে দেয়াল দিয়ে ঘিরে দিয়েছে সিটি করপোরেশন। দিঘির একাংশে সুইমিংপুল নির্মাণের সিদ্ধান্তও ছিল। কিন্তু নাগরিকদের একটি অংশের প্রতিবাদে বর্তমানে এই প্রকল্প স্থগিত আছে। দিঘিটি নিয়ে সিটি করপোরেশনের পরিকল্পনার পুরোটা এখনো বাস্তবায়িত হয়নি। সিটি করপোরেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘিটি ঘিরে একটি নিরিবিলি জায়গা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের জন্য এখানে একটি বিশেষ বিনোদনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে।রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শনের স্থান লালদীঘির ময়দান। ‘লালদীঘির ময়দানে এক বিশাল জনসভা’ নগরবাসীকে এমন মাইকিং প্রায়ই শুনতে হয়। তবে প্রতিবছর বৈশাখে পাল্টে যায় লালদীঘি এলাকার চেহারা। ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার মেলা এখানে। খাট-পালঙ্ক, গাছের চারা থেকে শুরু করে নিত্যব্যবহার্য সব পণ্যই পাওয়া যায় এই মেলায়। অনেকেই ফুলের ঝাড়ু, দা-বঁটি, পাটি, পিঠার ছাঁচ, পিঁড়ি, মাটির জিনিস কেনার জন্য বলী খেলার মেলার অপেক্ষায় থাকেন। লালদীঘির পাড়ে আক্ষরিক অর্থেই লোকারণ্য হয়ে ওঠে।সকাল ছয়টা থেকে আটটা এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এ পার্ক। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে গাছপালা শোভিত দিঘির চত্বর। দিঘির পাড়ে ছাউনি দেওয়া বাঁধানো বেঞ্চ আছে বসার জন্য। পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে এই মসজিদ। দিঘির উত্তর পাশে গম্বুজবিশিষ্ট ফটকের গায়ে বড় হাতের ইংরেজি অক্ষরে রায়বাহাদুর রাজকুমার ঘোষের নাম উৎকীর্ণ আছে। একসময় এটিই ছিল দিঘির প্রবেশদ্বার। প্রবেশপথের দুপাশে ছিল দুটি ফোয়ারা। চারপাশে চত্বর ও ফুলের বাগান নিয়ে মনোরম একটা পরিবেশ গড়ে তুলেছিলেন রাজকুমার ঘোষ। গাছপালা ও বাগানের পরিচর্যা তিনি নিজে করতেন বলে জানান, তাঁর নাতি রঞ্জিত কুমার ঘোষ। তখন বসার ব্যবস্থা হিসেবে ছিল সিমেন্টের তৈরি হাতলযুক্ত লম্বা বেঞ্চ। দিঘির চারপাশে লাল ইট সুরকির তৈরি চতুষ্কোণ খোপযুক্ত থাম ছিল। বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন লাল দীঘির মূল কাঠামো পরিবর্তন করে যে কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনার বিরোধিতা করেছেন। দিঘির সঙ্গে জড়িয়ে থাকা শত বছরের ইতিহাস যাতে মুছে ফেলা না হয় এমনটাই দাবি করেছেন তাঁরা।