লালদীঘির গলার কাঁটা লোহার রড!
‘দীঘির পানি স্বচ্ছ। নানা জাতের গাছপালা আর পরিচ্ছন্নতা মিলিয়ে পুরো পার্কের পরিবেশ খুবই সুন্দর। কিন্তু গলার কাঁটা হয়ে আছে দীঘির মাঝখানের লোহার রডগুলো।’নগরের সদরঘাট এলাকার বাসিন্দা ইমন কল্যাণ ঘোষ এভাবেই বর্ণনা দেন লালদীঘির বর্তমান অবস্থার। তিনি গত শুক্রবার বেড়াতে এসেছিলেন পার্কে। নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘির একাংশজুড়ে সীমানা প্রাচীরের মতো লোহার রডগুলো দীঘির সৌন্দর্যহানি ঘটাচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় তিন বছর আগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময়ে লালদীঘিতে সুইমিং পুল করার উদ্যোগ নেওয়া হয়। তখন দীঘির একপাশে সুইমিং পুলের জন্য সীমানা নির্ধারণ করে এসব রড স্থাপন করা হয়। এ সময় এর প্রতিবাদ করেন পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত বছর দেড়েক আগে লালদীঘিতে সুইমিং পুল করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর সুইমিং পুল নির্মাণের কাজ থেমে গেলেও দীঘির দক্ষিণ অংশে রডগুলো এখনো রয়ে গেছে। পরিবেশবাদী ও নগরবাসীর দাবি, রডগুলো সরিয়ে নিয়ে দীঘিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে পার্কের পুরো প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হোক। পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, রাজনীতিবিদদের খামখেয়ালির কারণে কখনো সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, আবার কখনো নির্মাণসামগ্রী পড়ে থাকে দীঘির ভেতর। দীঘিতে যেহেতু আর সুইমিং পুল হবে না তাই এসব রড অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।ইতিহাসবিদদের মতে, ইংরেজ শাসন আমলে পুকুর পুনঃখনন করে দীঘির রূপ দেওয়া হয়। হাজারী গলির প্রভাবশালী জমিদার রায় বাহাদুর রাজকুমার ১৯৩৯ সালে সর্বপ্রথম দীঘিকে ঘিরে পার্ক নির্মাণ করেন। দীঘির চারপাশ ঘিরেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম মহানগর পুলিশের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গড়ে ওঠে। ১৯৯৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী লালদীঘি পার্কের নির্মাণকাজ শুরু করেন। ভারতের জয়পুরের পিংক সিটির আদলে ‘লালদীঘি পার্ক কমপ্লেক্সে’ এর নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালে। এরপর টানা ১০ বছর পড়ে থাকার পর ২০০৮ সালে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এদিকে, মূল পরিকল্পনায় আলো ও শব্দ ব্যবহার করে মনিটরের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রদর্শনের ব্যবস্থা রাখার কথা ছিল। কিন্তু তা আর হয়নি।পরিবেশবাদী শরীফ চৌহান বলেন, লালদীঘির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিন্তু পার্কের অসমাপ্ত কাজ শেষ করার ক্ষেত্রে করপোরেশনের বর্তমান জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ নেই।তবে পার্কজুড়ে ইউরোপীয় উদ্যান বিদ্যার আদলে তৈরি বাগান ও উত্তর পাড়ের ঐতিহাসিক মঠটি নগরবাসীর নজর কাড়ে এখনো। পার্কেও বিভিন্ন প্রান্তে আছে আম, জাম, নারকেল, কৃষ্ণচূড়া, কাঁঠালচাঁপা ও টগরসহ বিভিন্ন গাছ। দীঘির মাঝে থাকা রডের বিষয়ে জানতে চাইলে আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, ‘সুইমিং পুল নির্মাণকাজ যেহেতু হবে না, তাহলে রডগুলো সরিয়ে ফেলা উচিত। এ জন্য করপোরেশনের নিয়মানুসারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকৌশলীকে আমি অনুরোধ করব। তা ছাড়া অসমাপ্ত কাজের বিষয়েও আমি মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করব।’