লালনের গানে মাতালেন হানিফ বাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটখোলায় গান পরিবেশন করেন হানিফ বাউল l প্রথম আলো
হাটখোলায় গান পরিবেশন করেন হানিফ বাউল l প্রথম আলো

লালনের গান গেয়ে দর্শক–শ্রোতাদের মুগ্ধ করলেন শিল্পী হানিফ বাউল। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সার্সন রোডের নিজস্ব মিলনায়তনে লালনসন্ধ্যার আয়োজন করেছিল হাটখোলা। অনুষ্ঠান লালনপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল। প্রচলিত–অপ্রচলিত প্রায় ৩০টি গান গেয়ে শোনান শিল্পী। ‘ধন্য ধন্য বলি তারে’ গান দিয়ে শুরু করে তিনি একে একে গেয়ে যান ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’, ‘সঁাইর লীলা বুঝবি খ্যাপা কেমন করে’, ‘আমি কে জানলে সাধন সিদ্ধি হয়’, ‘দিব্য জ্ঞানে দেখ,’ ‘পাখি কখন যেন উড়ে যায়’ প্রভৃতি গান। শ্রোতাদের অনুরোধে তিনি পরিবেশন করেন, ‘মিলন হবে কত দিনে’, ‘কবে সাধুর ধূলি’, ‘বাড়ির পাশে আরশিনগর’ ইত্যাদি গান। এ ছাড়া তিনি মোকছেদ শাহর একটি গানও পরিবেশন করেন। দরাজ গলার ভরাট কণ্ঠের গান ও দোতারার ঝংকারে হানিফ বাউল শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। গানের ফঁাকে ফঁাকে চলছিল লালনদর্শন নিয়ে কথামালা। উপস্থিত শ্রোতা কবি ও অধ্যাপক শুক্লা ইফতেখার বলেন, শিল্পীর উপস্থাপনা ছিল অত্যন্ত আন্তরিক। কেবল গানের হৃদয়গ্রাহী লিরিক নয়, গান সম্পর্কে শিল্পীর নিজস্ব ব্যাখ্যাগুলো চিত্তাকর্ষক মনে হয়েছে। কবি আকতার হোসাইন বলেন, তত্ত্বকথার বাড়তি বয়ান বাদ দিয়ে বলা যায়, হানিফ বাউলের জাদুকরী কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। সবশেষে রওশন ফ্যাশন হাউসের সৌজন্যে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন উচ্চাঙ্গসংগীতশিল্পী প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা ও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন, হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদ।