লালমাই পাহাড়ে জাপানি তোশিকোর স্কুল

‘সালাম’, ‘ওয়েলকাম’ আর তারপরই সবাই একসঙ্গে বলল ‘কোন্নি চিউয়া’।
কোন্নি চিউয়া জাপানি শব্দ। বাংলা করলে দাঁড়ায় শুভদিন। যে শিশুরা জাপানি ভাষায় শুভকামনা জানাল, তারা বাংলাদেশি। প্রথম শ্রেণির পরীক্ষা শেষে দ্বিতীয় শ্রেণিতে ওঠার অপেক্ষায় আছে। কুমিল্লার লালমাই পাহাড়ে ওদের স্কুলের নাম মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল।
স্কুলের সামনে পতপত করে উড়ছে বাংলাদেশ ও জাপানের পতাকা। স্কুলের দেয়ালেও বাংলাদেশের সবুজের মধ্যে লাল বৃত্ত আর জাপানের সাদার মধ্যে লাল বৃত্ত পতাকার আদলে নকশা দিয়ে সাজানো। স্কুলে দুটি কক্ষ। ভেতরের বেঞ্চগুলো সাদা। শিশুদের স্কুলের পোশাক হলো সাদা শার্ট, তার একপাশে লাল বৃত্ত। শার্টের সঙ্গে সবুজ প্যান্ট। বিস্ময়ের বিষয় হলো, এই শিশুরাই হবে তাদের পরিবারের প্রথম শিক্ষিত মানুষ। তাদের বাবা-মা অন্যের খেতে কাজ করেন। অনেকে দিনমজুর। অনেকের বাবা অথবা মা আলাদা হয়ে গেছেন। স্কুলের সাদা বোর্ডের পাশেই জাপানি ভাষার একটি ক্যালেন্ডার টাঙানো। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ২০। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুরের আশপাশে এই শিশুদের বাস। স্কুলটি কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। দুই কিলোমিটারের মধ্যে আর কোনো স্কুলও নেই।
প্রায় এক বছর পার করেছে স্কুলটি। এখানে গিয়ে হঠাৎ মনে হবে, লালমাই পাহাড়ের মধ্যে যেন এক টুকরো জাপান। শিক্ষার্থীরা জাপানি ভাষায় গান গাইতে পারে। ইংরেজি ভাষাতেও টুকটাক কথা বলতে পারে। আর বাংলা তো আছেই। কাগজ দিয়ে (ওরিগামি) বল, চরকি, পাতা, বিড়ালের মুখ, মাছ, ফুল, প্রজাপতিসহ অনেক কিছু বানাতে পারে। ফুটবল খেলার পাশাপাশি বাঁশ ও দড়ির বিশেষ একটি জাপানি খেলাও শিখেছে।

এই স্কুলের চেয়ারম্যান ও ব্যবস্থাপক জাপানের নাগরিক, বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক তোশিকো অনিশি। শিক্ষাবিষয়ক একটি কর্মশালায় যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বছর দশেক আগে। তারপর নানাভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ছিল। ছয় বছর আগে আরেক জাপানি বন্ধুর মাধ্যমে পরিচয় হয় কুমিল্লার ব্যবসায়ী তারিক-উল ইসলাম মজুমদারের সঙ্গে। কথা প্রসঙ্গে বাংলাদেশে তৃণমূলের দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল করতে চান বলে জানান তোশিকো। তারিক-উল ইসলাম মজুমদার স্কুলের জন্য জমি দিতে চান। তারপরে চলতে থাকে স্বপ্নবিনিময়। এক বছর আগে যাত্রা শুরু করে স্কুলটি। এ বছর শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীরা পড়েছে। ২০১৭ শিক্ষা বর্ষে আবার নতুন করে প্রথম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী ভর্তি হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণি মিলে তখন শিক্ষার্থী হবে ৪০ জন। আপাতত স্কুলে শিক্ষক আছেন দুজন। দারোয়ান ও আয়া আছেন।
১৭ ডিসেম্বর সকালে স্কুলে গিয়ে দেখা গেল শিশুরা তিন ভাষায় স্বাগত জানায়। নাচবে কে? গান গাইবে কে? প্রশ্ন শেষ করার আগেই ছোট ছোট হাত তুলে জানান দেয় তারা গান-নাচ সবই করতে চায়। কোনো ধরনের সংকোচ নেই তাদের চোখেমুখে। পরে স্কুলের মাঠে তারা জাপানি খেলাও খেলে দেখাল।
ক্লাসে ঢোকার আগে একটি বড় থামে ৮০ জনের নাম লেখা। নামগুলোর মধ্যে মাত্র চারজন বাংলাদেশি। তাঁরা হলেন তারিক-উল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যরা।
তোশিকো অনিশি গত জানুয়ারি মাসে বাংলাদেশে এসেছিলেন স্কুলের উদ্বোধন করার জন্য। তাঁর সঙ্গে স্কুল নিয়ে কথা হয় ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে। তিনি জানান, তিনিসহ ৪৫ জন জাপানি নাগরিক ‘ওয়ান ড্রপ’ নামে একটি সংগঠন চালাচ্ছেন। এই সদস্যদের বাইরে বন্ধুবান্ধবরাও বিভিন্ন সহযোগিতায় এগিয়ে আসেন। ওয়ান ড্রপের সহায়তায় স্কুলটি যাত্রা শুরু করে। স্কুল তৈরিতে ওয়ান ড্রপ ৬০ শতাংশ অনুদান দেয়। আর বর্তমানে দুজন শিক্ষক ও কর্মীদের বেতন, স্কুলের বিভিন্ন আসবাব, শিক্ষা উপকরণ, বাচ্চাদের এক বেলা খাবার দিচ্ছে ওয়ান ড্রপ। স্কুলের পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দিচ্ছেন তারিক-উল ইসলাম মজুমদার। তাঁর স্ত্রী নাহিদা আক্তার মজুমদার স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্কুলের শিক্ষক লাভলী আক্তার ও নাজমা আক্তার জানালেন, বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার পর জীবনে প্রথমবারের মতো আপেল, কমলা দেখতে কেমন বা খেতে কেমন তা জেনেছে। পরিপাটি করে থাকাসহ সব বিষয় হাতে-কলমে শেখাতে হচ্ছে। নতুন ভর্তির জন্য ১৬০ জনের একটি তালিকা পাওয়া গেছে। তবে ২০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

এখন পর্যন্ত সরকারি অনুমোদন নেওয়া হয়নি বলে জানান তারিক-উল ইসলাম মজুমদার। তবে প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি পরিদর্শনে এসে বিদেশি পতাকা কীভাবে টাঙাতে হয়সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন প্রতিনিধিরা। তিনি বলেন, ‘নতুন বছরে স্কুলের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনা মূল্যের ৪০ সেট বই পাওয়ারও আশ্বাস পাওয়া গেছে।’
তোশিকো জানান, আপাতত ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলটিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তারপরও কেউ পড়তে চাইলে তখন স্কুলের পরিধি বাড়ানোর চিন্তা করবেন। জাপানের শিক্ষা পদ্ধতিতে শিশুদের ওপর কিছু চাপিয়ে না দিয়ে তাদের চিন্তাশক্তির বিষয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ আর জাপানের শিক্ষা পদ্ধতির মিশেলে এই শিশুদের বড় করা হবে।