লালাচন্দ্র বিলের কৃষিজমিতে আবাসন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারীর লালাচন্দ্র বিলের কৃষিজমিতে আবাসন প্রকল্প তৈরির তোড়জোড় চলছে। শহরতলির জনপদ চিকনদণ্ডী ও শিকারপুর ইউনিয়নের এই বিলে কৃষিজমি আছে প্রায় এক হাজার একর। চৌধুরী গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে বিলের প্রায় ২০০ একর জমি কিনেছে। জমির এখানে-ওখানে গেড়ে দিয়েছে পরিচিতি ফলক। এতে জমির অন্য মালিক ও কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিকারপুরের বাসিন্দা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের চাচা শেখ ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আবাসন ব্যবসার নামে চৌধুরী গ্রুপ আমাদের কৃষিজমি গ্রাস করার চেষ্টা করছে। এলাকার শত শত কৃষক ও মালিক জমি হারানোর আতঙ্কে ভুগছেন। কারণ এ রকম প্রকল্প যেখানে হয়, সেখানে আর কৃষিজমি থাকে না। নানা কৌশলে সব কিনে নেওয়া হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেন নীরব, বোঝা যাচ্ছে না।’ উপজেলা কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দীন এ ব্যাপারে বলেন, লালাচন্দ্র বিলের প্রায় এক হাজার হেক্টর আবাদি জমিতে আমন মৌসুমে প্রায় তিন হাজার টন ও বোরো মৌসুমে তিন হাজার ৭০০ মেট্রিক টন চাল উৎপাদিত হয়।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কৃষিজমি ভরাট করে আবাসন ব্যবসার জন্য চৌধুরী গ্রুপ জমি কিনে নামফলক গেড়ে দিয়েছে—এটা ঠিক।’ সরেজমিনে শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ, বাথুয়া ও চিকনদণ্ডী ইউনিয়নের দক্ষিণ মাদার্শা এলাকা ঘুরে দেখা যায়, বিলের বিভিন্ন স্থানে চৌধুরী গ্রুপের নামফলক রয়েছে। বাথুয়া কালামিয়া টেন্ডলের বাড়ির আবদুর রশিদ বলেন, ‘বাপ-দাদার আমলের এক কানি আবাদি জমি আছে লালাচন্দ্র বিলে। আমাদের জমির চারপাশে চৌধুরী গ্রুপের অসংখ্য সাইনবোর্ড। আমরা জমি হারানোর ভয়ে আছি।’ পশ্চিম কুয়াইশ শহীদুল্লাহপাড়ার পূর্ব পাশের জমিতে পরিচিতি ফলকের ছবি তুলতে গেলে এগিয়ে আসেন তিন-চারজন যুবক। জন মোহাম্মদ রিদওয়ানুল আজিম নিজেকে চৌধুরী গ্রুপের প্রকল্প তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে এ প্রতিবেদককে বলেন, ‘পরিচিতিফলক গেড়ে দেওয়া জমিতে কারও কোনো দাবি থাকলে আপত্তি জানাতে পারবেন।’ এত জমি কেনার কারণ কী—এমন প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘এই বিষয়ে আমার কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।’ ২১ মে সন্ধ্যায় মুঠোফোনে সাজ্জাদ ওরফে সুমন নামে এক ব্যক্তি চৌধুরী গ্রুপের জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ‘আমরা লালাচন্দ্র বিলে প্রায় ৫০০ কানি (২০০ একর) জমি ইতিমধ্যে কিনে নিয়েছি, আরও কিনছি। আবাসনসংকট নিরসনের জন্য আমরা এসব জমিতে একটি প্রকল্প বাস্তবায়ন করতে চাই, অনুমোদনের জন্য এক বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে আবেদন করেছি। তবে এখনো অনুমোদন পাইনি।’ কৃষি বা আবাদি জমি ভরাট করে আবাসন প্রকল্প করার নিয়ম নেই—স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘আমরা তা জানি।’ চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন ‘চৌধুরী গ্রুপ শিকারপুর ও চিকনদণ্ডী ইউনিয়নের লালাচন্দ্র বিলের কৃষিজমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য ইতিমধ্যে আবেদন করলেও ওই জায়গায় কোনোদিন আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না। এ ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।শিকারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মহিউদ্দীন বলেন, লালাচন্দ্র বিলের আবাদি জমিতে আবাসন প্রকল্প হলে এলাকার শত শত কৃষক বিপাকে পড়বেন। একই কথা বললেন চিকনদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।