
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে পড়ে ছিলেন তিনি। তাঁকে মৃত ভেবে গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। তৈরি হচ্ছিল কফিনও। কিন্তু হঠাৎই নড়েচড়ে উঠলেন তিনি। তা দেখে সহকর্মীরা চিকিৎসককে জানান সঙ্গে সঙ্গে। এরপর নয় মাস চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে ফেরা। কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা আর হলো না।
আজ ১০ বছর আগে ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনকালে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলায় আহত হন পুলিশের কনস্টেবল রফিকুল ইসলাম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই সাহসী পুলিশ সদস্যের এখন দিন কাটছে নগর পুলিশের রেশন শাখায়। ডান পা অবশ হয়ে পড়ায় ভারী কাজ করতে পারেন না। হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। চাকরিতে ফিরে এলেও শারীরিক যোগ্যতা না থাকায় পদোন্নতির স্বপ্ন শেষ তাঁর। এখন হামলাকারী জঙ্গিদের ফাঁসি দেখবেন, এই প্রতীক্ষায় দিন কাটছে তাঁর।
গত শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর সঙ্গে সেদিনকার স্মৃতিচারণা করেন রফিক। আদালত ভবনে হামলার ঘটনার ১০ বছর পূর্ণ হলেও হামলাকারী জঙ্গিদের বিচার না হওয়ায় হতাশ তিনি। তিনি বলেন, ‘জঙ্গিদের ফাঁসি হয় না কেন? তাঁদের ফাঁসি দেখে মরতে চাই। হয়তো তাঁদের ফাঁসি দেখে যাওয়ার জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম।’
প্রসঙ্গত, এ ঘটনায় কোতোয়ালি থানায় করা হত্যা মামলার আসামি জঙ্গি জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদ বর্তমানে কারাগারে এবং জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক রয়েছেন।
সেদিনের বোমা হামলার ঘটনার বর্ণনা দিয়ে রফিক বলেন, তল্লাশিচৌকিতে নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) থেকে সাদা পোশাকে দায়িত্বরত ছিলেন। পোশাকধারী পুলিশ সদস্যরাও ছিলেন। হাতে ব্যাগ নিয়ে এক যুবক যাওয়ার সময় তাঁকে ডাকা হলে তিনি দৌড়ে আদালত ভবনের ওপরে উঠে যান। যাওয়ার সময় হাতে থাকা বোমা তল্লাশিচৌকিতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর ছুড়ে মারেন। বোমার আঘাতে মারাত্মক আহত রফিকের জ্ঞান ফেরে ঘটনার দুই দিন পর। জ্ঞান ফেরার পর শুনতে পান, এক পথচারী ও পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া মারা গেছেন। তাঁর মতো বোমায় আহত হয়েছেন আরও ১০ পুলিশ সদস্য। তাঁদের কারও হাত, কারও কান আর কারও শরীরের বিভিন্ন অংশ ক্ষতি হয়েছে বোমা হামলায়।
১৯৮৩ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন রফিক। তঁার স্বপ্ন ছিল পরীক্ষা দিয়ে পদোন্নতি পাবেন। কিন্তু জঙ্গিদের ছোড়া বোমায় তঁার ডান পা অবশ হয়ে গেছে। ভালোভাবে হাঁটতে পারেন না। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। পরীক্ষায় পাস করলেও শারীরিক সক্ষমতা না থাকায় উপসহকারী পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতিও পাবেন না তিনি। এ জন্য পরীক্ষায়ও অংশগ্রহণ করছেন না।
আলাপের একপর্যায়ে নিজেকে সামলাতে পারেন না রফিক। চোখ মুছতে মুছতে বলতে থাকেন, ‘আমার সব স্বপ্ন শেষ। কিন্তু ভাবি, মরেই তো গিয়েছিলাম, আবার ফিরে এলাম কেন? হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জঙ্গিদের বিচার দেখে যেতে। জঙ্গিরা আমার স্বপ্নকে পঙ্গু করে দিয়েছে। তাঁদের বিচার হতে হবে, না হয় আরও অনেকের স্বপ্নের মৃত্যু হবে এভাবে।’
বর্তমানে নগর পুলিশের রেশন শাখায় কর্মরত রফিকের তিন ছেলে রয়েছে। তারা এখনো পড়ালেখা করছে। বেতনের টাকা দিয়ে সংসার, নিজের চিকিৎসার খরচ সবই চালাতে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, যত দিন হাসপাতালে ছিলেন তত দিন চিকিৎসার খরচ পেয়েছেন। এখন বেতনের টাকা দিয়ে তাঁকে চিকিৎসার খরচও চালাতে হচ্ছে।
রফিক ভারী কাজ করতে পারেন না। নামাজও পড়েন বসে বসে। নামাজ পড়তে বসে দোয়া করেন, জঙ্গিরা যাতে ইসলামের সঠিক পথে ফিরে আসে। আর যেন মানুষ খুন না করে।