কাজী তৃণা লায়লা তখনো প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। এর মধ্যেই বাবা অসুখে শয্যাশায়ী। চিকিৎসার জন্য জমিজমা থেকে সবকিছুই উজাড় হয়ে গেল। লেখাপড়া তো দূরে দুই বেলা খাবার জোটাতে িহমশিম খেতে হচ্ছিল মাকে। কিন্তু দমার পাত্র নন মা-মেয়ে। দুজনের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দারিদ্র্য। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি ও এইচএসসিতে ব্যবসায় শাখা থেকে জিপিএ-৫ পেয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিষয়ে লেখাপড়া করছেন লায়লা।
১৫ জানুয়ারি ফেনী জেলায় শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জনকারী হিসেবে জয়িতা সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। মহিলা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় আরও চারজনকে। তাঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ছেমনা আক্তার, সফল জননী রেদোয়ান আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরু করা রৌশন আরা ও সমাজ উন্নয়নে মর্জিনা আক্তার।
লায়লা বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি টিউশনি করেছি। এ ছাড়া বিদ্যালয় কলেজের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করেছেন নানভাবে। তবে সবচেয়ে দুঃখের বিষয় আজ আমি জয়িতা হিসেবে সংবর্ধনা নিচ্ছি, তা আমার মা দেখে যেতে পারলেন না। ১৫ দিন আগে মারা যান তিনি।’ কথাগুলো বলতেই আবেগতাড়িত হয়ে পড়েন। চোখ বেয়ে নেমে আসে পানি। লায়লার কথায় চোখ মুছেন অন্যরাও।
রৌশন আরা জানান, তিনি দরিদ্র মায়ের একমাত্র সন্তান। মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবা মারা যায়। দূর সম্পর্কের এক আত্মীয়ের বািড়তে থেকে বড় হয়েছেন। ১৪ বছর বয়সে বিয়ে হয়। এক ছেলে ও এক মেয়ের জন্মের পর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। ছেলেমেয়েদের লেখাপড়া করানোর জন্য শুরু করেন জীবনসংগ্রাম। জাল বোনার কাজ, হাঁস-মুরিগ পালন ও ডিম বিক্রি করে শুরু করেন আয়। দিনে দিনে তা বেড়েছে। কিছু জমির বন্ধক নিয়েছেন। ২৪ বছর বয়সের ছেলেকে দুবাই পাঠিয়েছেন। মেয়ে স্নাতকে লেখাপড়া করা অবস্থায় ভালো ঘরে বিয়ে দিয়েছেন। তিনি সমাজে সব অবহেলিত নারীকে হতাশার জাল ছিন্ন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম।
জেলা প্রশাসক বলেন, সরকার সমাজে নির্যাতিত ও অবহেলিত নারীদের অবদান অন্যদের সামনে তুলে ধরে সবাইকে উৎসাহিত করতে জয়িতা অন্বেষন কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।