লি কুয়ান ইউ বচনামৃত

‘আপনি যদি চিবোতে না থাকলে চিন্তা করতে না পারেন তাহলে কলা খেয়ে দেখতে পারেন।’ সিঙ্গাপুরে কেন চুইং গাম নিষিদ্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে ২০০০ সালের জুনে বিবিসির এক সাংবাদিককে এই অমৃতবচনই শুনিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন জ্যেষ্ঠ মন্ত্রী লি কুয়ান ইউ। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে বিরোধীদের কঠোর হাতে দমন এবং চাঁছা ছোলা কথাবার্তার জন্য ব্যাপক আলোচিত-সমালোচিত লি। তবে, এ বিষয়ে সবাই একমত যে, উপনিবেশ উত্তর এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাজনীতিকদের একজন লি-ই আধুনিক সিঙ্গাপুরের ‘জনক’ বা ‘স্থপতি’। আজ সকালে ৯১ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি রাষ্ট্রনায়ক। এই রাজনীতিকের কিছু স্মরণীয় উক্তি নিয়ে বিবিসি অবলম্বনে এই প্রতিবেদন।
কোনো প্রাকৃতিক সম্পদহীন সিঙ্গাপুর একটি ঔপনিবেশিক বন্দর নগরী থেকে সমৃদ্ধ আধুনিক নগররাষ্ট্রে পরিণত হয়েছিল লি কুয়ান ইউয়ের হাত ধরেই। লি বিশ্বাস করতেন যে, সরকারকেই জনগণকে একটা জাতিতে রূপান্তরিত করার কাজটি করতে হয়। স্বাধীনতার আগে থেকেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি দেশটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে গিয়ে এ বিশ্বাসের কঠোর বাস্তবায়ন করেছিলেন। আর নিজের রাজনৈতিক পদক্ষেপগুলোর জন্য জীবনে কখনোই পরিতাপ করতে দেখা যায়নি এই রাজনীতিককে।
মালয়েশিয়ার সঙ্গে বিভক্তি
মালয়েশিয়া সিঙ্গাপুরকে আর নিজেদের সঙ্গে না রাখার পক্ষে ভোট দেওয়ার পর ১৯৬৫ সালের ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে আবেগি বক্তব্য রাখেন লি।
‘এটি আমার জন্য খুবই ব্যাথাতুর একটি মুহূর্ত, কারণ আমার সারা জীবন আমি...এই দুই ভূখণ্ডের একত্রীকরণ ও ঐক্যে বিশ্বাস করে এসেছি। আপনারা জানেন, এটা জনগণ, যারা ভূগোল, অর্থনীতি এবং সম্পর্কের মধ্য দিয়ে একে অন্যের সঙ্গে যুক্ত। আপনারা কি কিছু মনে করবেন যদি আমি একটু সময়ের জন্য থামি? (দীর্ঘ নীরবতা)
(আরও কিছু কথার পর) তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেক কিছুই আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকবে। কিন্তু দৃঢ়চেতা হোন, শান্ত হোন। আমরা সিঙ্গাপুরে বহু জাতিসত্তার সমন্বয়ে একটা জাতি পেতে যাচ্ছি...সবাই যেখানে সমভাবে নিজ নিজ জায়গা পাবে; ভাষায়, সংস্কৃতিতে, ধর্মে।’
সংবাদমাধ্যমের স্বাধীনতা
১৯৭১ সালের ৬ জুন ফিনল্যান্ডের হেলসিংকিতে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের সাধারণ পরিষদের ভাষণে-
‘নতুন দেশগুলোতে মানুষ এবং সরকারের মতো গণমাধ্যম কী ভূমিকা নিতে পারে?...গণমাধ্যম সাদাসিধে ও স্পষ্টভাবে সিঙ্গাপুরের সমস্যাগুলোকে তুলে ধরতে পারে এবং ব্যাখ্যা করতে পারে যে, তারা যদি নির্দিষ্ট কোনো কর্মসূচি বা নীতিকে সমর্থন করে তাহলে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। আরও গুরুত্বপূর্ণ হলো, আমরা চাই যে, আমাদের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পাঠ দেওয়া সাংস্কৃতিক মূল্যবোধ ও সামাজিক আচারগুলোকে খাটো না করে বরং ভালোভাবে তুলে ধরতে কাজ করবে গণমাধ্যম।
(আরও কিছু কথার পর) ‘গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা অবশ্যই সিঙ্গাপুরের আবশ্যিক অখণ্ডতার জন্য প্রয়োজনীয় বিষয়াবলি এবং একটি নির্বাচিত সরকারের কর্মকাণ্ডের অগ্রাধিকারের পরে বিবেচনায় আসবে।’
রাষ্ট্রের ভূমিকা নিয়ে
১৯৮৬ সালের জাতীয় দিবসে সমাবেশের ভাষণে। ১৯৮৭ সালের ২০ এপ্রিল স্ট্রেইটস টাইমসে প্রকাশিত উদ্ধৃতি।
‘আমাকে প্রায়ই নাগরিকদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপের অভিযোগ শুনতে হয়। হ্যাঁ, আমি না করলে, আমি তা না করলে, আজ আমরা যেখানে আছি, আমরা সেখানে আসতে পারতাম না।
এবং আমি ন্যূনতম অনুতাপ ছাড়াই বলছি যে, আমরা এখানে থাকতাম না, আমরা অর্থনৈতিক অগ্রগতি করতে পারতাম না, যদি না আমরা মানুষের খুব ব্যক্তিগত বিষয়গুলোতে নাক না গলাতাম-কে আপনার প্রতিবেশী, আপনি কীভাবে জীবনযাপন করেন, আপনি যেসব শব্দ করেন, আপনি কীভাবে থুতু ফেলেন কিংবা আপনি কোন ভাষা ব্যবহার করেন। আমরা নির্ধারণ করি কোনটা সঠিক।’
পশ্চিম সম্পর্কে
১৯৯৪ সালের মার্চ/এপ্রিলে ফরেন পলিসি সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে-
‘আমাকে খোলাখুলি বলতে দিন; আমরা যদি পশ্চিমের ভালো দিকগুলো অনুসরণ না করতাম তাহলে আমরা আমাদের পশ্চাৎপদতা থেকে বেরোতে পারতাম না। আমরা একটা পশ্চাৎপদ অর্থনীতি নিয়ে একটা পশ্চাৎপদ সমাজ হিসেবে থেকে যেতাম। কিন্তু আমরা পশ্চিমের সবকিছু চাই না।’
(আরেক প্রশ্নের জবাবে) ‘আমাকে এমন একটা উদাহরণ দিতে দিন যাতে আমেরিকা ও সিঙ্গাপুরের মধ্যে পুরো পার্থক্যটা বোঝা যাবে। আমেরিকার ভয়াবহ মাদক সমস্যা আছে। সে কীভাবে এটা সমাধান করছে? এটা সারা দুনিয়ায় মাদক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কাছে যাচ্ছে এবং জোগান বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে...সিঙ্গাপুরের সেই সুযোগ নেই।
আমরা যা করতে পারি তা হলো একটি আইন পাস করা। যাতে বলা হচ্ছে, যেকোনো কাস্টমস কিংবা পুলিশ কর্মকর্তা সিঙ্গাপুরে কাউকে সন্দেহজনক আচরণ করতে দেখলে, তারা ওই ব্যক্তির প্রস্রাব পরীক্ষা করাবে। যদি মাদকের প্রমাণ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমেরিকায় আপনি এটা করলে তার অর্থ দাঁড়াবে আপনি ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করছেন এবং আপনার বিরুদ্ধে মামলা করা হবে।’
রাজনৈতিক ভিন্নমতাবলম্বী প্রসঙ্গে
১৯৯৭ সালের ‘লি কুয়ান ইউ, দ্য ম্যান অ্যান্ড হিজ আইডিয়াস’ বইয়ে প্রকাশিত। সিঙ্গাপুরে আরও বেশি ব্যক্তি ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে সোচ্চার আইনজীবী জে বি জয়ারত্নম প্রসঙ্গে লির মন্তব্য। লির শাসনামলে ওই আইনজীবীকে দেউলিয়া ঘোষণা করে আদালত।
‘আপনি ঝামেলা পাকানো লোক হলে...আপনাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দেওয়াটা আমাদের দায়িত্ব। এসব বাদ দিন। যতদিন জে বি জয়ারত্নম তাঁর ধ্বংসাত্মক শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকবেন ততদিন আমরা তাঁকে চোখে চোখে রাখব। সবাই জানে যে আমার ব্যাগে একটা কুড়াল থাকে, খুবই ধারালো একটা কুড়াল। আপনি আমার সঙ্গে লড়তে এলে আমি আমার কুড়ালটা তুলে নিব এবং কানাগলিতেই আমাদের দেখা হবে।’
সিঙ্গাপুর মডেল প্রসঙ্গে
নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকার, ২৯ আগস্ট, ২০০৭ সাল
‘আমরা জানতাম যে, আমরা যদি আমাদের প্রতিবেশীদের মতো থাকি তাহলে আমরা মরে যাবে। কারণ তাদের যা কিছু দেওয়ার আছে তার বিপরীতে আমাদের কিছুই দেওয়ার নেই। তাই আমাদের এমন একটা কিছু বানাতে হবে যা তাদের চেয়ে ভিন্ন এবং ভালো। এটা দুর্নীতিমুক্ত। এটা দক্ষ। এটা মেধাযুক্ত। এটা কার্যকর।
আমরা বাস্তববাদী...এটা কি কাজ করছে? চেষ্টা করে দেখি, যদি কাজ করে তো ভালো, দারুণ, এটা চালিয়ে যাও। যদি কাজ না করে, এটা ফেলে দাও, অন্য কিছু চেষ্টা করে দেখ। আমরা কোনো একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে অবতীর্ণ হই নাই।’
তাঁর উত্তরাধিকার সম্পর্কে
নিউইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকার, ১৩ সেপ্টেম্বর, ২০১০ সাল
‘শোক গাঁথাতেই শেষ কথাটা লেখা থাকবে না। শেষ কথাটা লেখা হবে পিএইচডি গবেষকেরা যখন মহাফেজখানায় ঘাঁটাঘাঁটি করবে, আমার পুরোনো কাগজপত্র পড়বে, আমার শত্রুরা কী বলেছিল সেসব মূল্যায়ন করবে, তথ্যপ্রমাণাদি ছেঁকে সত্যটা খুঁড়ে আনবে তখন।
আমি বলছি না আমি যা কিছু করেছি সবই ঠিক, কিন্তু আমি সবকিছুই করেছি একটা মহৎ উদ্দেশ্যের জন্য।’