লি পেনের পতাকা মেয়ের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নতুন নেতা নির্বাচিত হয়েছেন মারিন লি পেন। তিনি প্রায় ৪০ বছর ধরে দলটির নেতৃত্বে থাকা জ্যঁ-মারি লি পেনের মেয়ে। মারিন বাবার স্থলাভিষিক্ত হওয়ায় ন্যাশনাল ফ্রন্টের রাজনীতিতে বংশানুক্রমিক নেতৃত্বের সূত্রপাত হলো বলে বলাবলি হচ্ছে।দলের মোট ৭৫ হাজার সদস্যের মধ্যে মারিন লি পেন প্রায় দুই-তৃতীয়াংশের ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। মারিন লি পেন সহজেই তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রুনো গলনিশ্চকে পরাজিত করেন।মারিন লি পেনের বাবা জ্যঁ-মারি লি পেনই (৮২) অভিবাসনবিরোধী ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা। ইউরোপের উগ্র জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে অন্যতম সফলতম ও ‘ভীতি জাগানো’ এই ন্যাশনাল ফ্রন্ট। ঝানু রাজনীতিক জ্যঁ-মারি অভিবাসনবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোটে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। তবে দ্বিতীয় দফায় ক্ষমতাসীন জ্যাক শিরাকের কাছে পরাস্ত হন। এবার মেয়ের হাতে দলীয় নেতৃত্বের ভার তুলে দিয়ে সরে দাঁড়াচ্ছেন তিনি। মারিন লি পেন বলেছেন, রাজনীতিতে নামার খুব ইচ্ছা ছিল না তাঁর। কিন্তু জ্যঁ-মারির মেয়ে বলে এটা হয়তো অনিবার্য ছিল। ‘রাজনীতিই আমাকে তার পক্ষপুটে টেনে নিয়েছে। বাবার স্বপ্নপূরণে তাঁর চালানো লড়াই অব্যাহত রাখব’—বিবিসিকে বলেছেন মারিন লি পেন।ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিয়েবিচ্ছেদ ঘটিয়েছেন। তিন সন্তানের মা মারিন জিনসও হাইহিল পরতে স্বচ্ছন্দ বোধ করেন। গর্ভপাতের সমর্থক। দলের কট্টর ক্যাথলিকদের পছন্দের পাত্রী তিনি মোটেই নন। তবে যাঁরা তাঁর সঙ্গে মিশেছেন, তাঁরা সবাই স্বীকার করেন, মারিন মিশুক ও তাঁকে অপছন্দ করা মুশকিল। সায়েন্সেস পো ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ডানপন্থী রাজনীতি বিশেষজ্ঞ নোনা মেয়ার বলেন, ‘মারিন লি পেন তাঁর নিজের প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে স্মৃতিকাতরতায় ভোগেন না। তিনি জানেন, সেটা দূর অতীত। অতীত নয়, মারির দৃষ্টি তাই সামনের দিকে।’নোনা মেয়ারের মতে, মারিন লি পেন মনেপ্রাণে বিশ্বাস করেন, ফ্রান্সে দুই শ্রেণীর মানুষের বাস—খাঁটি ফরাসি ও অন্যরা। তবে বাবার মতো অতটা জঙ্গি কায়দায় না করে কথাটা মারিন তুলে ধরেন ভিন্ন কায়দায়, কিছুটা নরম সুরে। তিনি বেশ জনপ্রিয়। কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের বিরোধীদের আশঙ্কা, ২০১২ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মারিন বা ব্রুনো গলনিশ্চ দ্বিতীয় দফা পর্যন্ত যেতে পারেন। এর আগে ২০০২ সালে জ্যঁ-মারিকে ঠেকাতে দ্বিতীয় রাউন্ডে মধ্য বাম ভোটাররা মধ্য ডান প্রার্থী জ্যাক শিরাককে ভোট দিয়েছিলেন। কিন্তু এবার একই পরিস্থিতি হলে মধ্য ডানরা কি মারিনকে ঠেকাতে সমাজতন্ত্রী প্রার্থীকে ভোট দেবে? মারিন তা মনে করেন না। তাঁর বিশ্বাস, ২০১২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে হারাবেন। এ আশার ভিত্তি হচ্ছে ডান ও বামপন্থী ভোটারদের মনোভাবের ভিন্নতা। তাঁদের প্রতিক্রিয়া এক রকম নয়। মারিনের দাবি, গত ১০ বছরে তাঁদের দল ফরাসিদের চিন্তাভাবনায় কিছুটা হলেও পরিবর্তন এনেছে। তবে এখনো ফ্রান্সের বেশির ভাগ ভোটার কট্টরপন্থী এ দলটিকে সন্দেহের চোখে দেখে। তাঁদের ইসলাম বিরোধিতার কথা সুবিদিত। অথচ ফ্রান্সে উল্লেখযোগ্যসংখ্যক মুসলমানের বসবাস। মারিন অবশ্য বলেছেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন তিনি। তাঁর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট মূলধারার রাজনীতির অংশ হয়ে উঠবে। একটা কথা নিশ্চিত করেই বলা যায়, তা হলো, অন্তত প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মারিনকে খাটো করে দেখা বোকামি হবে। নিঃসন্দেহে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন তিনি। সূত্র: বিবিসি।