লিউকেমিয়া
পুকুরঘাটটা অনেক চওড়া ছিল। আমি আর রানা বসার পরেও অনেকখানি জায়গা ফাঁকা থাকত। রানাকে সেই পুকুরঘাটে হাত-পা ছড়িয়ে বসে থাকতে দেখা যেত প্রায়ই। হাতে থাকত হলুদ মলাটের খাতা। আমরা দুজনেই ছিলাম ‘হোমো স্যাপিয়েন্স’। পার্থক্য ছিল, এই আমাকে কোচিংয়ের শিট পড়ে সপ্তাহান্তে পরীক্ষার খাতায় লিখতে হতো; সন্ধ্যায় স্যার এলে ঘামে ভেজা কপাল নিয়ে পড়া বলতে হতো—রানার সেই ঝামেলা ছিল না।রানার ঝামেলা ছিল একটাই, তার ক্যানসারে ভোগা মাকে প্রতি মাসে ক্যানসার ইনস্টিটিউটে নিয়ে যাওয়া।আমি ভুরু কুঁচকে বলতাম, ‘এটা তোর কাছে ঝামেলা?’‘অবশ্যই।’ রানা বলত। কিন্তু এমন একটা সময় আসত, যখন সে নিজেই লজ্জার ভেতরে পড়ে যেত এই কথার জন্য।রানাদের দুই সদস্যের সংসার চলত তার মৃত বাবার পেনশনে।তার ধারণা, তার বাবা মারা গিয়েই পেনশনের টাকার মধ্যে দিয়ে তাদের কাছে আসার চেষ্টা করেন!আমি রানাকে বলি, ‘তুই লেখাপড়াটা চালাতে পারতি?’রানা বলত, ‘সেখানে ব্যবহারিক ক্লাসে প্রতি সাতজনকে একটা মাইক্রোস্কোপ দেওয়া হয়, বিজ্ঞান শেখানো হয় ‘মাইম’ পদ্ধতিতে, দরকার কী সেই শিক্ষার। দরকার আছে?’আমি ভাষা হারিয়ে ফেলতাম। কথা সত্য।রানা ঘামে ভিজে গাঢ় রং ধারণ করা পাঞ্জাবির পকেট থেকে একটা পেনসিল বের করে বলত, যে শিক্ষা তোকে ‘রিয়্যাল’ লাইফে সাহায্য করবে না, সেটা শিখে লাভ কিরে, ভাই। বাঘের সামনে পড়লে কেমিস্ট্রির ট্রাইট্রেশন বল আর গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র কিছুই কাজে আসবে না। ওসব হচ্ছে গিয়ে টাকা দিয়ে টাকা ফলানোর ধান্ধা। কোচিংয়ে টাকা দাও, চাকরি করে সেই টাকা উশুল করো আর কি!আমি ঢোক গিলতাম। নিজের কাছে নিজেই বোকা বনে যাওয়া। তখনই সন্ধ্যা নামে হিংসুটের মতো। রানা বলত, ‘তুই-ই যে জিনিস নিজে শিখতে পারিস না, কোচিং তোকে কী শেখাবে?’আমি বাড়ির দিকে পা বাড়াই। রানা পেছন থেকে বলে, ‘নেলসন ম্যান্ডেলা আর মহাত্মা গান্ধী হতে আধপেটা বিদ্যে নিয়ে কী করবি, জুবায়ের?’আমি ধাক্কা খেলাম।একবার। বারবার। ‘আধপেটা বিদ্যে’! কথায় কোনো ভুল নেই। দেশে মাঝেমধ্যে শিক্ষারও দুর্ভিক্ষ হয়। খাবারের দুর্ভিক্ষ দেখা যায়। দুর্ভাগ্যবশত শিক্ষার দুর্ভিক্ষ অদৃশ্য।আমি টেবিল ল্যাম্পের আলোর নিচেই পুরো রাত কাটিয়ে দিই। স্থিতিস্থাপকতার মতো সহজ জিনিসও মাথায় ঢোকে না। কিন্তু রানাকে বললে সে খুব সহজভাবে বুঝিয়ে দেয়। আমার বুঝতে বাকি থাকে না, বইগুলো ইংরেজি বইয়ের অনুবাদমাত্র।ঈশ্বর ভালো মানুষদের নিজের কাছাকাছি রাখতে ভালোবাসেন বোধ হয়। যেদিন আমি রানার কাঁধে কাঁধ মিলিয়ে তার মায়ের জানাজা পড়লাম, সেদিন পর্যন্তও জানি না রানাও লিউকেমিয়ার শিকার। তার চোখভরা বাস্তবিকতার আয়নায় যার এতটুকু ছাপ পড়েনি। যেদিন জানলাম, সেদিন বাইশে ফাল্গুন চৌদ্দ শ আঠারো। রানা চায়ের দোকানে বমি করে অজ্ঞান না হলে বুঝতেই পারতাম না!সদর হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের করিডরে সে একা পড়ে আছে। তার কোনো এক চাচা দালাল ধরে কম খরচে এই ব্যবস্থা করে গেছেন।আমি দেখতে গেলাম রাত ১০টায়। হাতে ছোট ছোট চায়নিজ কমলা আর সৈয়দ মনজুরুল ইসলামের একটি বই। আমি জানতাম, সে বই খাবে, কমলা না।করিডরের অল্প আলোয় আমি, রানা পাশাপাশি বসে। সে যেমন জানে, তেমনি আমিও জানি রানার ছুটি শেষ। যেতে হবে। তার পরও সে কখনোই আবেগের ধারেকাছেও যাচ্ছে না। শুকিয়ে যাওয়া কড়কড়ে পাঞ্জাবি পরেই সে শেষ কটা মুহূর্ত কাটাচ্ছে আমার সঙ্গে। যতটা সম্ভব, করুণা না নিয়ে।রানা শেষদিকে একা ছিল না। সঙ্গে ছিল জোনাকি পোকা, মশা, করিডরের ক্ষীণ আলো, মাছি, নার্সদের হইচই আর উপুড় হয়ে পড়ে থাকা হলুদ মলাটের খাতা।জুবায়ের আলমকুষ্টিয়া।