লিখতে পড়তে দেখতে চলতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের অ্যান্টার্প নগরে সম্প্রতি চালু করা অস্থায়ী ‘টেক্সট ওয়াকিং লেন’। ছবি: বিবিসি
বেলজিয়ামের অ্যান্টার্প নগরে সম্প্রতি চালু করা অস্থায়ী ‘টেক্সট ওয়াকিং লেন’। ছবি: বিবিসি

রাস্তায় বেরিয়ে লিখতে-লিখতে, পড়তে-পড়তে কিংবা দেখতে-দেখতে পথ চলাটা নগরের এক বিরাট সমস্যা হয়ে গেছে। কেউ মোবাইল ফোনে এসএমএস বা টেক্সট লিখছেন, কেউ বা টেক্সট পড়তে পড়তে যাচ্ছেন, কেউবা ছবি তুলে নিজেই এমএমএস পাঠাচ্ছেন বা দেখছেন। কিন্তু আসলে সবাই কিন্তু হাঁটছেন! অফিস, বিপণি বিতান বা অন্য কোনো গন্তব্যের দিকে!

আজকাল হাঁটতে হাঁটতে এই টেক্সট করা বা পড়াকে বলা হচ্ছে ‘টেক্সটওয়াক’, আর যারা এটা করছেন তাদের বলা হচ্ছে ‘টেক্সটওয়াকার’। এই লিখতে-লিখতে বা পড়তে-পড়তে চলার সমস্যা সমাধানে অভিনব এক পথ চালু হয়েছে বেলজিয়ামের অ্যান্টার্প নগরে, নাম-‘টেক্সট ওয়াকিং লেন’। এমল্যাব নামে অ্যান্টার্পের একটা স্মার্টফোন ল্যাবরেটরি এই ধারণা প্রবর্তনের চেষ্টা চালাচ্ছে।

কেউ কেউ বলছেন, এই ‘টেক্সট ওয়াকিং লেন’ আসলে একটা প্রচার কৌশল মাত্র। স্মার্টফোনের দোকান এমল্যাব-এর দাবি, আজকাল হাত থেকে পড়ে মোবাইল ফোন ভেঙে যাওয়ার ঘটনাগুলোর বেশির ভাগই ঘটছে রাস্তায় পথ চলতে চলতে টেক্সট করার সময় পথচারীরা একে অন্যের গায়ে ধাক্কা খাচ্ছেন বলে।

অনেকেই বলছেন, দুনিয়ায় এখন মানুষের চেয়ে মোবাইল ফোনের সংখ্যাই বেশি। ফলে মোবাইল ফোনকে গুরুত্ব না দিয়ে আমাদের উপায় নেই! বিভিন্ন মোবাইল অপারেটর এবং ফোন নির্মাতা কোম্পানিগুলোর প্রকাশিত তথ্যমতে পৃথিবীতে মোবাইল ফোনের সংখ্যা ৭৫০ কোটির মতো। আর যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর হিসাবে পৃথিবীর মোট জনসংখ্যা ৭২০ কোটির মতো।

নিজেদের একটা ‘কনসেপ্ট স্টোর’ হিসেবে দাবি করে থাকে এমল্যাব। কেবল ফোন বিক্রি, মেরামত আর নিত্যনতুন গেজেটের বিক্রি-বাট্টার মধ্যেই নিজেদের কাজ সীমিত নয় বলে জানিয়েছে দোকানটি। তাদের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের নানা বিষয়ে পরামর্শ দেওয়াটাও তাদের কাজের মধ্যে পড়ে। আর এই ভাবনা থেকেই সাময়িকভাবে এই ‘টেক্সট ওয়াকিং লেন’ চালু করেছেন তারা।

কিন্তু কেউ কেউ ভাবছেন, এখন হাসি-ঠাট্টার মধ্য দিয়ে শুরু হলেও শেষমেশ না এই লিখতে-পড়তে চলার পথ এই নগরে স্থায়ী হয়ে যায়!