
পুরোনো আমলের কিছু গান বা কবিতার কথা ধরা যাক। বাংলা সিনেমা অনুরোধ-এ গাওয়া সাবিনা ইয়াসমিনের একটা গান যেমন খুব বিখ্যাত, ‘চিঠি দিয়ো প্রতিদিন, চিঠি দিয়ো...’। চিঠি না দিলে কী হতো? গানেই বলা হয়েছে, ‘...নইলে থাকতে, পারব না!’
কবিতার কথায় আসা যাক। হেলাল হাফিজ যেমন লিখেছেন, ‘এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিয়ো৷’ কথা কিংবা চিঠি নিয়ে তুলনামূলকভাবে নবীন সংযোজন জেমসের একটি গানের কথা এ রকম, ‘কথা নয় মুখে মুখে, কথা হবে মনে মনে...’।
সব দেখেশুনে মনে হচ্ছে, আজকাল জেমসের কথামতোই চলছে অধিকাংশ তরুণ! এখন কথা যতটা না হচ্ছে মুখে মুখে, তার চেয়ে বেশি হচ্ছে মনে মনে! তবে মনে মনে বলা কথাগুলো শোনার মতো অ্যাপ এখনো হাতের মুঠোয় আসেনি। তাই মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোনের এসএমএস, ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার থেকে শুরু করে আরও নানা ধরনের অ্যাপ। তরুণেরা এখন অনুভূতির প্রকাশ যতটা না সামনাসামনি করছেন, তার চেয়ে বেশি ‘ফিলিংস’ শেয়ার করছেন ভার্চুয়ালি।
পুষ্প (ছদ্মনাম) বেশ ভালোই ছিলেন তাঁর বয়ফ্রেন্ড রাকিবকে (ছদ্মনাম) নিয়ে। হঠাৎ কী হলো, রাকিব আর ‘পুষ্পে’ মুগ্ধ নন! কিংবা অন্য কোনো যৌক্তিক কারণে পুষ্পের সঙ্গে সম্পর্কের নাও বাওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। দুজনই পা রেখেছেন বিশ্ববিদ্যালয়ে। রাকিবের এই আচরণে পুষ্প একই সঙ্গে ব্যথিত ও ক্ষুব্ধ। সেই অনুভূতিগুলো তিনি প্রকাশ করেছেন ফেসবুকের স্ট্যাটাসে, শেয়ার করা ছবিতে। বন্ধুদের কেউ কেউ লাইক দিচ্ছেন, কেউবা সদ্ব্যাবহার করছেন ‘স্যাড’ কিংবা ‘অ্যাংরি’ বাটনের।
খুব বেশি দিন আগে নয়, নব্বইয়ের দশকের একজনের সঙ্গে কথা বলি আমরা। নাম তাঁর নাঈম-উর রহমান। কেমন ছিল সে সময়ের অনুভূতির প্রকাশ? একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাঈম বলছিলেন, ‘প্রেম বলুন বা যেকোনো ধরনের সম্পর্ক—সবকিছুর মধ্য দিয়েই গেছি আমরা। সেসব সম্পর্কের মধ্যে আনন্দ-বেদনা, রাগ-ক্ষোভ-হতাশা—সবই ছিল। সেসব অনুভূতির প্রকাশ করার মাধ্যম ছিল সীমিত।’ ওই যে সেই গানেই ফিরে গেলেন নাঈম, ‘সরাসরি কাউকে বলা কিংবা চিঠিই ছিল ভরসা। টেলিফোনে অনুভূতির প্রকাশও হতো, তবে গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো টেলিফোনে বলে সেভাবে হালকা হতে পারতাম না। ফলে মুখোমুখি বসে কাউকে মনের কথা বলেই কিছুটা হালকা হতাম; কিংবা আনন্দ ভাগাভাগি করে নিতাম আমরা।’
কিন্তু এখন কেন অনুভূতির প্রকাশ ভার্চুয়ালি হচ্ছে? কিছুদিন আগে একটি ওয়েবসাইটে এ বিষয়ে প্রবন্ধ লিখেছেন মার্কিন মনোচিকিৎসক লিরাজ মারগালিট। সেখানে তিনি বলেছেন, ‘মুখোমুখি কথা বলার অনেক ঝক্কি! কথা বলার সময় যে শুনছে তার সামনে থাকতে হয়, চোখে চোখে তাকাতে হয়, কখনো কখনো চোখ বড় বড় হয়ে যায়, হাত দুটি নাড়তে হয়...আরও অনেক কিছুই করতে হয়। বিষয়টি খুব স্পর্শকাতর হলে মানুষ কেঁদেও ফেলে। কিন্তু আপনি যখন মনের কথাগুলো চ্যাটবক্সে বলেন, তখন কিন্তু কেবল টাইপ করলেই হলো। এমনকি কারও সঙ্গে কথার বলার সময় আপনি যখন রেগে যান, তখন চাইলেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে অন্য কোনো দিকে মনোযোগী হতে পারেন। অন্য পাশ থেকে “তুমি কি আছো?”-জাতীয় প্রশ্ন করলেও আপনার কোনো দায়বদ্ধতা নেই!’
নিঃসন্দেহে বেশ শক্ত যুক্তি। তবে এর কি কোনো নেতিবাচক দিক নেই? উত্তর খুঁজতে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করা হলো। সাইকোলজি টুডে ডটকম ওয়েবসাইটে পাওয়া গেল একটা লেখা। ২০১৫ সালের ১০ মার্চ প্রকাশিত ওই লেখাটির শিরোনাম ছিল ‘হাউ মাচ ইজ টু মাচ টু শেয়ার অন সোশ্যাল মিডিয়া?’ সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে, সব অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে বলা একেবারেই উচিত নয়। নিজের অনুভূতিগুলো ভার্চুয়ালি প্রকাশ করতে করতে মানুষ একসময় বাস্তবের মাটিতে পা ফেলতে ভুলে যায়। তখন খুব কষ্টের সময় একটা বন্ধুর জন্য কী করা উচিত, কী উচিত নয়—সেসবও গুলিয়ে ফেলে অনেকে। আবার নিজের অনুভূতিগুলো সামনাসামনি প্রকাশ করলে যে ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়, চ্যাটবক্সে তেমনটা না হওয়ার আশঙ্কা অনেক বেশি!
তাহলে কী করা উচিত? মজার বিষয় হলো দুই প্রজন্মের দুই প্রতিনিধি পুষ্প ও নাঈম প্রায় একই ধরনের মন্তব্য করলেন। নাঈম বিশ্বাস করেন, ‘মানুষের ওপরে তো কিছু নেই! মানুষের সঙ্গে কথা বলতে হলে আমি মুখোমুখি বসতে চাই। কথা তো কেবল কতগুলো শব্দ নয়, না-বলা কথাগুলো পড়া যায় চোখের দিকে তাকালে। বডিল্যাংগুয়েজও তো আরেকটা ভাষা। ফলে আমি অনুভূতি প্রকাশের জন্য ফোন, মেসেজের পাশাপাশি মুখোমুখি কথা বলার পক্ষে।’
আর পুষ্প? তাঁর ভাষায়, ‘আপনি যে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলছেন, তখন কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছেন! তার মানে আপনি চাইলেই সব সময় সবকিছু মুখোমুখি বসে শেয়ার করতে পারছেন না! ধরা যাক, মাঝরাতে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে আপনার; তখন কী করবেন? ফোন করবেন, এসএমএস পাঠাবেন। তাই আমি মনে করি দুটোরই গুরুত্ব সমান। পাশাপাশি বসে কথা বলে অনুভূতি শেয়ার করার তুলনা নেই। আবার ভার্চুয়ালি কিছু শেয়ার করারও যথেষ্ট যৌক্তিকতা আছে। কিছু কথা আছে, যেগুলো আপনি মুখোমুখি বসে বলার চেয়ে আড়ালে থেকে বলতে পছন্দ করবেন।’