
আপনাদের অভিনন্দন, যাঁরা কঠিন প্রতিযোগিতাপূর্ণ প্রাথমিক বাছাই পর্বে ‘গ্রিন কার্ড’ পেয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। আশা করি, আপনার প্রস্তুতি যথেষ্ট ভালো এবং প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয় আপনার দখলে। এখন শেষ মুহূর্তে সবকিছু ঠিকঠাক গুছিয়ে নেওয়ার পালা। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা। এই অংশে ভালো করার ওপরই অনেকাংশে নির্ভর করে চূড়ান্ত নিয়োগের সম্ভাবনা। দুই ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের এ লিখিত যুদ্ধের জন্য আপনার হাতে সময় আছে মাত্র এক সপ্তাহ। তাই আজই পরিকল্পনা করে ফেলুন, কী ধরনের প্রশ্ন এলে কীভাবে লিখবেন।
উভমুখী অনুবাদ
বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা—পরীক্ষায় দুভাবে অনুবাদ করতে হবে। উভয় ক্ষেত্রে ২৫ করে মোট ৫০ নম্বর। তাই সতর্কতার সঙ্গে সময় নিয়ে করতে পারলে অনুবাদে ভালো নম্বর পাওয়া যায়। প্রয়োজনে, এই অংশ দিয়েও শুরু করতে পারেন লিখিত পরীক্ষা। অনুবাদের দক্ষতা নির্ভর করে দীর্ঘমেয়াদি পড়ার অভ্যাসের ওপর। আর ‘বোঝা-পড়ায়’ ভালো হলে অনুবাদসহ ৩০ নম্বরের ‘রিডিং কমপ্রিহেনশন’-এর ছয়টি প্রশ্নের উত্তর দেওয়াও আপনার জন্য সহজ হবে।
তিন অঙ্কে ত্রিশ
লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেতে যেভাবেই হোক, সব কটি অঙ্ক সঠিক করার চেষ্টা করতে হবে। পারলেই ‘পাক্কা ৩০’। তিনটি অঙ্ক থাকবে, প্রতিটির জন্য বরাদ্দ ১০। অঙ্কে ভালো করা নির্ভর করে বেশি বেশি অনুশীলনের ওপর। বিশেষ করে সুদকষা, লাভ-ক্ষতি, দূরত্ব, সময়, ক্ষেত্রফল ও মিশ্রণের অঙ্কগুলো বারবার করুন। অঙ্কের প্রতি আপনার আগ্রহ ও ‘সহজাত’ পারদর্শিতা থাকলে বাড়তি সুবিধা পাবেন; না হলেও ঘাবড়াবেন না। ঠান্ডা মাথায় সময় নিয়ে এগিয়ে যান সমাধানের পথে। এ জন্য হাতে যথেষ্ট সময় রেখে দিন।
তিন ধারার ‘লেখা’
‘ফোকাস রাইটিং’, বাংলা ও ইংরেজি প্রবন্ধ রচনা মিলে মোট তিন ধারায় লিখতে হবে আপনাকে। প্রতিবারের জন্য নম্বর বরাদ্দ ৩০। সময় বণ্টন আপনার হাতে, তবে জায়গা পাবেন দুই পৃষ্ঠার বেশি নয়। এ জন্য ‘প্রবন্ধ-বান্ধব’ প্রয়োজনীয় রসদ আগে থেকেই সংগ্রহে রাখুন, যাতে শেষ রাতে চোখ বোলাতে পারেন। বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কৃষি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসক্রম, ধারাবাহিক বার্ষিক প্রবৃদ্ধি (জিডিপি) ও রপ্তানি আয় সূত্রসহ ছক আকারে একত্রে সংক্ষেপে লিখে রাখতে পারেন। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন চিত্র নিয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা ব্যক্তির পর্যবেক্ষণনির্ভর মন্তব্য বা বিশেষত্ব পড়ে রাখুন। পরীক্ষায় যে বিষয়েই লিখতে বলুক না কেন, এগুলো কোনো না কোনোভাবে কাজে আসবে, আত্মবিশ্বাস বাড়াবে। লেখার কারুকার্য আধিক্য না থাকলেও, প্রাসঙ্গিক সঠিক তথ্য উপস্থাপনের স্বকীয়তা আপনাকে এগিয়ে রাখবে। আর লিখিত পরীক্ষায় এগিয়ে থাকা মানেই অনেকখানি এগিয়ে গেলেন গন্তব্যের পথে।
লেখক: সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক