লিচুবাগান ফেরিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই লিচুবাগানে কর্ণফুলী নদীর ফেরি পারাপারে ভারী যান চলাচলের নিয়ম না থাকলেও তা মানা হচ্ছে না। প্রতি ট্রাকে সর্বোচ্চ ২০০ ফুট বালু পরিবহন করার নিয়ম থাকলেও ২৫০ থেকে ৩০০ ফুট পর্যন্ত বালুবোঝাই ট্রাক ফেরিতে তোলা হচ্ছে। একাধিক যাত্রীবাহী বাস ও অন্যান্য গাড়ির সঙ্গে চার-পাঁচটি অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পারাপারের কারণে যেকোনো সময় ফেরি দুর্ঘটনা ঘটতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মন্তব্য করেন।

ফেরি কর্তৃপক্ষ সূত্র জানায়, প্রতিবার পারাপারের সময় একটির বেশি বালুবোঝাই ট্রাক ফেরিতে তোলার নিয়ম না থাকলেও চারটি পর্যন্ত বালুর ট্রাক উঠে পড়ে। একই সঙ্গে ওঠে একাধিক যাত্রীবাহী বাসসহ অন্যান্য গাড়ি। ফেরি থেকে তীরে ওঠার সংযোগ সড়কটিও দেবে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ফেরির পাটাতন থেকে সড়কে উঠতে গিয়ে অনেক সময় গাড়ি গর্তে আটকে যায়।

ফেরির তত্ত্বাবধায়ক মো. হাসেম বলেন, ‘অতিরিক্ত ভারী যান নিয়ে ফেরি চলাচলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ছাড়া, ফেরির নিয়ন্ত্রণ বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। তাই বালুবোঝাই ট্রাকসহ ভারী যান আমরা ফেরিতে তুলতে চাই না। কিন্তু লাইনে এসে দাঁড়িয়ে গেলে ফেরি থেকে নামিয়েও দেওয়া যায় না।’ প্রতিদিন ১৫ থেকে ২০টি বালুবোঝাই ট্রাক রাইখালী থেকে লিচুবাগানে আসে বলে তিনি জানান।

গত ২৪ আগস্ট বিকেল পাঁচটায় সরেজমিনে দেখা গেছে, ফেরির ওপর তিনটি বালুর ট্রাক দাঁড়ানো। রমজান নামক একজন ট্রাকচালক জানান, এই বালু রাঙ্গুনিয়ার খুরুশিয়া থেকে আনা হচ্ছে। ট্রাকে কী পরিমাণ বালু রয়েছে তা তিনি বলতে পারেননি। চালানপত্র ছাড়া ফেরিতে বালু পরিবহনের নিয়ম না থাকলেও তাঁর কাছে কোনো চালানও ছিল না। বালু পরিবহনের চালানের খোঁজ কেউ কখনো করেননি বলে তিনি জানান।

এ সময় আরও দেখা গেছে, লিচুবাগান অংশে যাত্রীবাহী বাস আল বারাকা সংযোগ সড়কের গর্তে আটকে আছে। ওই বাসের যাত্রী সোহরাব আলী বলেন, বিকেল তিনটার সময় বাসটি ফেরিতে উঠতে গিয়ে আটকা পড়ে। পাঁচটা পর্যন্ত চেষ্টা করেও এটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, ৩৫ জন যাত্রীসহ বাসটি রাঙামাটি থেকে বান্দরবানের দিকে যাওয়ার সময় ফেরিতে আটকা পড়ে। বাসচালক বলেন, ‘দ্রুত যাওয়ার জন্য আমরা এই পথ বেছে নিই। এখন আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দিনের আলোয় বান্দরবান পৌঁছার ইচ্ছে থাকলেও এখন এখান থেকে যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে।’ আরেকজন বাসচালক ইরফান মিয়া বলেন, ‘বান্দরবান থেকে রাঙামাটি পর্যন্ত ১০০ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পাড়ি দিতে যত না ভয় হয়, তার চেয়ে বেশি ভয় হয় ফেরি পারাপারের সময়।’ তিনি জানান, প্রায় দিন ফেরিতে উঠতে বা নামতে এক বা একাধিক গাড়ি গর্তে আটকে যায়। আর একবার একটি গাড়ি আটকা পড়লে সেটি উদ্ধার করে যান চলাচল পুনরায় স্বাভাবিক করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। এতে যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হন।

ফেরির দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। অতিরিক্ত বালুবোঝাই ট্রাক পারাপারসহ অন্য সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’