লিনাক্সপ্রেমীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মধ্যে অনেক দিন ধরেই ফোরাম, গ্রুপ আর বিভিন্ন সময়ের তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদানের (চ্যাট) মাধ্যমে কথাবার্তা চলছে। কোনো সমস্যায় পড়লে গ্রুপে একটি ই-মেইল করলেই হলো, দ্রুত অন্য একজন দিয়ে দিচ্ছেন সমাধান। এমনই সব ঘটনা জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে। লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর জন্য রয়েছে আলাদা গ্রুপ কিংবা ফোরামের ব্যবস্থা। তবে লিনাক্স ব্যবহারকারী হিসেবে সবাই এক। বিভিন্ন ধরনের আলোচনা শেষে হঠাত্ই একদিন মনে হলো ভার্চুয়াল জগতের এ যোগাযোগটি সরাসরি করা গেলে কেমন হয়? লিনাক্সপ্রেমী সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। এই চিন্তা থেকেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল লিনাক্সপ্রেমীদের জমজমাট আড্ডা। লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোর মধ্যে উবুন্টু ও লিনাক্স মিন্ট ব্যবহারকারীর সংখ্যায় বেশি হওয়ায় দুটোর সাথে মিল রেখে এ আড্ডার নাম দেওয়া হলো ‘বন্টু-মিন্টুর আড্ডা’! ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বিকেল তিনটা ৩০ থেকে রাত আটটা ৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় এ আড্ডা। উবুন্টু ও লিনাক্স মিন্ট ব্যবহারকারীরাও ব্যবহার করতে ইচ্ছুক প্রায় দুই শতাধিক লিনাক্সপ্রেমী আড্ডায় অংশ নেন। শুধুই কি আড্ডা? বিভিন্ন গল্প বলার পাশাপাশি আড্ডায় ছিল লিনাক্স কী, লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা কী, লিনাক্সকে কীভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা ও নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। যা ছিল আড্ডায়শুরুতেই বন্টু-মিন্টুর আড্ডায় সবাইকে স্বাগতম জানিয়ে শুরু হয় মূল আয়োজন। আড্ডার নির্ধারিত সময় সাড়ে তিনটা হলেও দুপুর আড়াইটা থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন অনেকেই। আর শুরু থেকেই পুরো আড্ডার দৃশ্যগুলো সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করা হচ্ছিল। বিকেল সাড়ে তিনটা ঘড়িতে সাড়ে তিনটা বাজতেই জাতীয় সংগীতের পর শুরু হয়ে যায় মূল আড্ডা। তখন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ৬০ থেকে ৬৫ জনের মতো। উপস্থাপনার দায়িত্ব নিলেন শাবাব মোস্তফা, তিনি উন্মাতাল তারুণ্য নামেই ভার্চুয়াল জগতে পরিচিত। এর পরেই দেখানো হয় জেএসটি মুরের মুক্তসোর্স নিয়ে তৈরি তথ্যচিত্র ‘রেভুলেশন ওএস’।বিকেল চারটা ৫০ মিনিটচলতে থাকা তথ্যচিত্র রেভুলেশন ওএস আগতরা বেশ আগ্রহ নিয়ে দেখছিলেন, আর উপভোগ করছিলেন। ততক্ষণে জানা গেল নিবন্ধন করা দর্শকদের সংখ্যা ৩৫০ জন ছড়িয়েছে। বিকেল পাঁচটা ৩৫ মিনিটততক্ষণে তথ্যচিত্রটি শেষের পথে। তবে ধৈর্য আর ধরে রাখতে পারছিলেন না দর্শকেরা। সবাই অপেক্ষা করতে থাকলেন কখন শেষ হবে কাঠখোট্টা এ তথ্যচিত্রটি!বিকেল ছয়টা ছয়টা বাজতেই শুরু হয় উবুন্টু ব্যবহারকারীর নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পালা। নানা ধরনের অভিজ্ঞতার কথা জানালেন ব্যবহারকারীরা। কেউ ভালো ভালো অভিজ্ঞতার কথা জানালেও অনেকেই জানালেন ব্যবহার করতে গিয়ে উল্টো অভিজ্ঞতার কথাও। অভিজ্ঞতা বিনিময়ে মধ্যেই বক্তব্য দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিয়া মো. হোসাইনুজ্জামান। এরপরে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান তাঁর বক্তব্যে জানালেন, মুক্ত সোর্সের সম্ভাবনার কথা এবং তাতে নিজেদের প্রতিভার কীভাবে বিকাশ হতে পারে সে ব্যাপারটি। আড্ডার পরে মুক্ত সোর্স নিয়ে বড় আকারে একটি কার্নিভাল করার ইচ্ছার কথাও জানান তিনি। বিকেল সাড়ে ছয়টাতথ্যচিত্র, অভিজ্ঞতা বিনিময়ে পরে প্রয়োজন কিছুটা বিশ্রামের। আর সে সময়েই চলে চা-বিরতির পালা। নিবন্ধন করা দর্শকেরা নিজেদের টোকেনের বিনিময়ে চা খাচ্ছেন। তবে বিরতিতে শুধু চা-ই খাওয়া নয়, ভার্চুয়াল জগতের অতি পরিচিত মানুষগুলো সামনাসামনি দেখেও অনেকে আলাপ জুড়ে দিয়েছেন। এমন আড্ডায় সবাইকে পেয়ে ভালো লাগার কথাও জানান অনেকে। চা পানের পাশাপাশি তখন চলছিল উবুন্টু আর মিন্ট কাস্টোমাইজড ডিভিডি সংগ্রহের হিড়িক। ডিভিডি, সেই সঙ্গে টাকার হিসাব রাখা আর দর্শক-ক্রেতাদের তাল মিলিয়ে কাজটি করে যাচ্ছিলেন যন্ত্র প্রকৌশলী রায়হান চৌধুরী। এত চাপের মধ্যে তাঁর মুখে হাসি লেগেই আছে। পাশে ছিল পছন্দের মুক্ত সোর্সের বিভিন্ন লেখা নিয়ে টি-শার্ট। যে কাজটি সামলিয়ে যাচ্ছিলেন শাহরিয়ার। পুরো আয়োজনে এসেছেন অনেকেই। যার মধ্যে ছাত্র, শিক্ষক, ব্লগারসহ নানা পেশাজীবীদের দারুণ এক সমাবেশ। এসেছিলেন বিভিন্ন আইটি প্রফেশনালরাও। অনেকই আবার তাঁদের সঙ্গে দেখা করে বলছেন কথাবার্তা। সন্ধ্যা সাতটা ৫ মিনিটসাতটা বাজতেই জানা গেল অঙ্কুর আইসিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০০টি সিডি দর্শকদের দেওয়া হবে। এক সিডিতে ছিল বাংলা সংস্করণের ওপেন অফিস, ফায়ার ফক্স, ভিএলসির মতো জনপ্রিয় সব মুক্ত সফটওয়্যার।সন্ধ্যা সাতটা ২০ মিনিটসিডি নিয়ে উলটে-পালটে দেখছিলেন দর্শকেরা। তখনই শুরু হয় প্রশ্নোত্তর। মুক্ত সফটওয়্যার নিয়ে দর্শকদের নানা প্রশ্ন। তবে দর্শকেরাই যে প্রশ্ন করেছেন, তা নয়। দর্শকসারি থেকে অনেকেই দিয়েছেন উত্তরও। কেউ নিজের অভিজ্ঞতার কথা সবাইকে জানাচ্ছেন, আর অনেকেই দিচ্ছেন সমাধান। সব মিলিয়ে দারুণ এক প্রাণবন্ত আড্ডা। ততক্ষণে গৌতম রায় আর লেনিন ইন্টারনেটের মাধ্যমে আড্ডা অনুষ্ঠান দেখাতে ব্যস্ত। সন্ধ্যা সাতটা ৫০ মিনিটমিলনমেলায় সমাপ্তি টানার সময় অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ততক্ষণে আসর ভাঙার সুর শোনা যাচ্ছে। আড্ডা শেষ হতেই সবাইকে ফিডব্যাক ফরম সরবরাহ করা হয়, যেখানে দর্শকেরা লিখেছেন নিজেদের ভালো লাগা-মন্দ লাগার কথা। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটআড্ডার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে মঞ্চে এলেন আড্ডার সমন্বয়ক সাজেদুর রহিম জোয়ারদার। তিনি রিং নামেই বেশি পরিচিত। পুরো আয়োজনের মধ্যে ছিলেন অভ্যর্থনায় অনুপম, শাহরিয়ার, গাজী ডিভিডির স্টলে নিপুন, টি-শার্টে শাহরিয়ারসহ অনেকেই। চা-চক্রে রিংকু আর গাজীর মতো ছিলেন একদল স্বেচ্ছাসেবক। রাত আটটা ৫ মিনিটশুরুতে উপস্থাপনার দায়িত্ব নিয়ে অনুষ্ঠানের শুরুটা শাবাব মোস্তফাই ইতিটাও টানলেন। বললেন বিদায় বন্ধুরা এবারের মতো, আবারও দেখা হবে আগামী ‘ম্যাভেরিক মিরক্যাট’ (উবুন্টু ১০.১০)-এর রিলিজ পার্টিতে। আড্ডায় উপস্থিত ছিলেন রিফাত-উন-নবী, রণদীপম বসু, মাহে আলম খান, হাসিন হায়দার, মানচুমাহারা, ফেরদৌস আহমেদ, নাসির খান, আইয়ুব সরকারসহ অনেকে। আড্ডার মূল আয়োজক ছিল উবুন্টু বাংলাদেশ, কারিগরি সহায়তায় ছিল অঙ্কুর-আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও প্রচার সহায়তায় ছিল আমাদের প্রযুক্তি, প্রজন্ম ফোরাম, সচলায়তন এবং লিনাক্স মিন্ট বাংলাদেশ।