লিপ ইয়ারের বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিপ ইয়ার বা অধিবর্ষ নিয়ে কালে কালে দেশে দেশে কত বিপত্তিই হয়েছে। সেসবের সমাধানও বাতলে নিয়েছেন বোদ্ধারা। এখানে থাকছে এমনই পাঁচটি বিপত্তির কথা।

৩০ দিনের ফেব্রুয়ারি

১৭১২ সালে সুইডেনের দিনপঞ্জি অনুসারে ফেব্রুয়ারি মাস হয়েছিল ৩০ দিনে। সুইডেন মূলত চেয়েছিল জুলিয়ান বর্ষপঞ্জি বদলে গ্রেগরীয় বর্ষপঞ্জি চালু করতে। তাই ১৭০০ থেকে ১৭৪০ সাল পর্যন্ত প্রতিটি লিপ ইয়ারে ফেব্রুয়ারির জন্য বরাদ্দ রাখে ২৮ দিন করে। যে কারণেই হোক, ১৭০০ থেকে ১৭০৮ সালের মধ্যে মাত্র একবারই তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছিল। এই অবস্থায় তারা জুলিয়ান বর্ষপঞ্জির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং হিসাব মেলাতে ১৭১২ সালের ফেব্রুয়ারিতে এক দিন যোগ করে। যেহেতু ১৭১২ সাল ছিল লিপ ইয়ার, এক দিন যোগে সে বছরের ফেব্রুয়ারি হয়ে যায় ৩০ দিনের।

৪৪৫ দিনে এক বছর

রোমান সাম্রাজ্যের প্রাথমিক যুগে বছরের হিসাব হতো চাঁদের

হিসাব মেনে। রোমান জ্যোতিষশাস্ত্রবিদদের সেই হিসাবে প্রায়ই গন্ডগোল দেখা যেত। যদিও তখন লিপ ইয়ারের ব্যবস্থা ছিল, অনেক সময়ই তারা লিপ ইয়ারের অতিরিক্ত দিনটিকে দুর্ভাগ্যের প্রতীক মনে করে সেটি বাদ দিয়ে হিসাব করত। পরে জুলিয়াস সিজার যখন জুলিয়ান বর্ষপঞ্জি চালু করতে গেলেন, তখন জ্যোতিষশাস্ত্রবিদদের এই কুসংস্কারের কারণে বাদ পড়া দিনগুলোর হিসাব মেলাতে ১৫ খ্রিস্টপূর্বাব্দকে ১৫ মাস বা ৪৪৫ দিন ধরে হিসাব করা হয়।

ফরাসিদের বেজোড় লিপ ইয়ার

ফরাসি বিপ্লবের কথা অনেকের জানা। এরপর বিপ্লবীরা একটি নতুন বর্ষপঞ্জি চালু করেছিল বলে জানা যায়। যার নাম তারা দিয়েছিল বিপ্লবী বর্ষপঞ্জি। ১৭৯৩ সালে প্রচলিত এই বর্ষপঞ্জিতে মাসগুলো ছিল ৩০ দিনের। হিসাব মেলাতে বছরের শেষ মাসের সঙ্গে জুড়ে দেওয়া হতো ৫-৬ দিন। তবে এর মজার দিকটি ছিল লিপ ইয়ারের গণনা। সাধারণ বর্ষপঞ্জির মতো এই বর্ষপঞ্জির লিপ ইয়ারগুলো জোড় সংখ্যার এবং ৪ দিয়ে ভাগ করা যায় এমন বছরগুলোতে ছিল না; বরং যেসব বছরের শেষ সংখ্যায় ৩, ৭ বা ১১ আছে, সেগুলোকে লিপ ইয়ার ধরা হতো। অবশ্য এই বর্ষপঞ্জি বেশি দিন টেকেনি। ১৮০৬ সালেই গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রত্যাবর্তন করে ফ্রান্স।

৪৯০৯ সালের উল্টো লিপ ইয়ার

সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রায় ৩৬৫.২৪২১৯ দিন লাগে। তাই প্রতি ৪ বছরে একবার ফেব্রুয়ারি মাসে এক দিন যোগ করে বছরের হিসাব ঠিক রাখা হয়। কিন্তু এই হিসাবের কারণে আমরা প্রতিবছর ২৬ সেকেন্ড করে এগিয়ে যাচ্ছি। ৪৯০৯ সাল নাগাদ আমরা পুরো এক দিন পিছিয়ে পড়ব। তখন হিসাব মেলাতে আমাদের সেই বছরে ফেব্রুয়ারি মাস করতে হবে ২৭ দিনের। অর্থাৎ ৪৯০৯ সালে আমরা পাব উল্টো লিপ ইয়ার।

জুলিয়ান বর্ষপঞ্জির লিপ ইয়ার বিপত্তি

যদিও পুরো পৃথিবীতেই এখন গ্রেগরীয় বর্ষপঞ্জি প্রচলিত আছে, খ্রিষ্টানদের ইস্টার্ন অর্থোডক্স চার্চগুলো এখনো জুলিয়ান বর্ষপঞ্জি ব্যবহার করছে। তবে ১৯২৩ সালে সার্বীয় বিজ্ঞানী মিলুটিন মিলানকোভিচের হাতে সংস্কার হওয়ার পর, জুলিয়ান বর্ষপঞ্জিকে গ্রেগরীয় বর্ষপঞ্জির চেয়েও নির্ভুল করে দাবি করা হয়ে থাকে। কারণ, গ্রেগরীয় বর্ষপঞ্জির ২৬ সেকেন্ডের তারতম্যের তুলনায়, বর্তমান জুলিয়ান বর্ষপঞ্জির পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে তারতম্য মাত্র ২ সেকেন্ড। তবে এই তারতম্যের কারণে জুলিয়ান বর্ষপঞ্জির হিসাবে ২৮০০ সালে লিপ ইয়ার হওয়ার কথা থাকলেও সেই বছরটিতে লিপ ইয়ার হবে না।