লিপি আছে ভাষা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরী বর্ণমালা
নাগরী বর্ণমালা

ভাবের আদান-প্রদানের জন্য সারা বিশ্বে প্রচলিত আছে অসংখ্য ভাষা। কোথাও কোথাও উপভাষার প্রচলনও রয়েছে। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে, যার কোনো নিজস্ব বর্ণমালা নেই। তবে লিপি আছে অথচ ভাষা নেই—সারা বিশ্বে এমন ব্যতিক্রম বোধ হয় শুধু ‘সিলেটি নাগরিলিপি’র ক্ষেত্রেই প্রযোজ্য। আরবি ও ফারসি ভাষার সঙ্গে সিলেটি স্থানীয় ভাষার সংমিশ্রণে নাগরিলিপির জন্ম।
প্রায় ৭০০ বছর আগে সিলেটে নাগরিলিপির প্রচলন শুরু হয়েছে বলে গবেষকদের ধারণা। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং আসামের কাছাড় ও করিমগঞ্জে এর ব্যবহার ছড়িয়ে পড়েছিল। লিপি উদ্ভবের পর থেকে ১০০ বছর ধরে লোকজীবনঘেঁষা পীর, ফকির ও মরমি গায়কেরাই নাগরিলিপিতে বিভিন্ন গ্রন্থ রচনার পাশাপাশি সেগুলো যত্নসহ লালন করে আসছিলেন।
সিলেটি নাগরিলিপির বর্ণ ৩৩টি। এর মধ্যে হরফসংখ্যা ৩২ এবং একটি অনুস্বার রয়েছে। কোনো কোনো গবেষকেরা বর্ণসংখ্যা ৩২টি বলে জানিয়েছেন। এসব বর্ণে বাংলা, গুজরাটি, কাইথি, আফগানি ও দেবনাগরির লিপিগুলোর সাদৃশ্য লক্ষ করা যায়। গবেষকদের মতে, নাগরিলিপির আলাদা কোনো ভাষা নেই, এটা বাংলা ভাষারই একটা বিকল্প লিপি।
নাগরিলিপি ব্যবহার করে লেখা পুঁথিগুলোয় ফকিরি তথা বাতেনি বিষয়-আশয় ছাড়াও ইসলামধর্মের বিভিন্ন আখ্যান স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে কিছু রাগভিত্তিক গান। বর্তমানে চর্চা না থাকায় নাগরিলিপিতে লিখিত পুঁথি আর গানগুলো ক্রমেই বিলুপ্ত হতে চলেছে।
নাগরি গবেষক মোস্তফা সেলিম সম্প্রতি ২৫টি বিলুপ্তপ্রায় নাগরি পুঁথি লিপ্যন্তর করে প্রকাশ করেছেন। তিনি জানান, মো. আবদুল মান্নান ও তাঁর যৌথ সম্পাদনায় এসব পুঁথি প্রকাশিত হয়েছে। আরও ২৫টি পুঁথি প্রকাশের কাজ চলছে। এর বাইরে যেসব পাণ্ডুলিপি এখনো লোকচক্ষুর অন্তরালে রয়েছে, সেগুলো সংগ্রহ করে নাগরিলিপির পুনর্জীবন ঘটাতে উদ্যোগ নেওয়া হবে।