লিপি একাই এক শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসারের হাল ধরেছেন অল্প বয়সে। ভুগছেন হৃদ্‌রোগে, তবু হার মানেননি লিপি আক্তার l ছবি: সৌরভ দাশ
সংসারের হাল ধরেছেন অল্প বয়সে। ভুগছেন হৃদ্‌রোগে, তবু হার মানেননি লিপি আক্তার l ছবি: সৌরভ দাশ

বয়স ২৫। তবু চোখে–মুখে আত্মবিশ্বাসের ছাপ। পাশ দিয়ে যাওয়ার সময় যে কারও চোখে পড়তে বাধ্য। আর পড়বে না কেন, লিপি আক্তার যে এই বয়সেই সংসারের হাল ধরেছেন। টিকে থাকার যুদ্ধে পুরুষের সঙ্গে সমানতালে পা ফেলছেন।
কারও সাহায্য না নিয়েই লিপি নিজের পানদোকান চালান। হোক না ফুটপাতের দোকান, তবু সবটাই তো তাঁর কষ্টের ফসল। পানবিক্রেতা লিপি আক্তারকে তাই এলাকার বাসিন্দারাও সমীহের চোখে দেখে।
চট্টগ্রামের পাঠানটুলী সড়কের রাঙ্গুনিয়া প্রেসের পাশে লিপির ছোট্ট পানের দোকান। পান, পানমসলা, সুপারি, খয়ের, জর্দা, সাদাপাতা এসবও বিক্রি করেন তিনি। পাড়ার লোকদের কাছে এক নামে পরিচিত বাবা-মা হারানো লিপি নিজের চেষ্টায় এতদূর এসেছেন। কারও কাছে নত না হয়ে বেঁচে থাকার জন্য পান বিক্রি করছেন।
আচার-আচরণ ভালো হওয়ায় আজ পর্যন্ত দোকান চালাতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি লিপিকে। স্থানীয় বাসিন্দারা জানান, মেয়েটা ভালো এবং সৎ, নিজে কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, তাই সব সময় সবাই তাঁকে উৎসাহ দেন।
দারিদ্রে্যর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করা লিপির কষ্টের জীবনটা শুরু হয় বেশ আগে। অকালে বাবা আবদুল গফুরকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর সংসারে দুবেলা খাবার জোটেনি ঠিকমতো। তখন মাত্র ১০ বছর বয়সে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া লিপি প্রতিবেশী চাচা হজরত আলীর সঙ্গে নেত্রকোনা থেকে চট্টগ্রামে আসেন চাকরির আশায়। কিছুদিন গৃহকর্মী হিসেবে কাজ করেন তিনি। এরপর পোশাক কারখানায়ও কাজ করেছেন। আর ঠিক সেই সময় দেখা দেয় শারীরিক সমস্যা। চিকিৎসকেরা জানান তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা আছে। ভারী কাজ করতে পারবেন না। বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন লিপি।
ওষুধ খেয়েই নিজের শরীর ঠিক রাখতে হচ্ছিল তাঁকে। কিন্তু তত দিনে ঘরের আর বাকি মানুষগুলো লিপির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই লিপিকে বিকল্প আয়ের পথ খুঁজতে হয়। আর কোনো উপায় না দেখে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামেন তিনি।
রাস্তার পাশে পানদোকান শুরু করেন। যেমনই হোক এখন লিপি একটা দোকানের মালিক। দৈনিক ৮০০-৯০০ টাকার মতো পান বিক্রি করেন। লাভ থাকে ১৫০ থেকে ২০০ টাকার মতো। বড় দুই বোনকে আগেই বিয়ে দিয়েছেন। কিছুদিন আগে ছোট বোনেরও বিয়ে দিয়েছেন তিনি।
নেত্রকোনার গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে এসেছিলেন চট্টগ্রামে নিজের কাছে দেখেশুনে রাখবেন বলে। কিন্তু মা বেগম আছা বানু কিছুদিন আগে এই পৃথিবী থেকে বিদায় নেন চিরতরে। বর্তমানে এই দোকানকে ঘিরেই লিপির যাবতীয় চিন্তা। সকাল সাতটায় দোকান খুলে রাত ৯-১০টায় দোকান বন্ধ করেন। তবে এর মধ্যে সকাল ১০টা থেকে এক ঘণ্টা দোকান বন্ধ রাখতে হয়। কারণ এই সময় সূর্যটা গনগনে হয়ে ওঠে। আর ঝড়-বৃষ্টির দিনে বিপদে পড়লে আশ্রয় নেন পাশের কোনো দোকানে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে লিপি বলেন, তিনি দোকানটিকে বড় করতে চান। নিজ উদ্যোগে গড়ে তুলতে চান একটি ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান। যেখানে অন্য আরও অনেকজন নারীর কর্মসংস্থান হবে। তাঁদের উপার্জনে আরও অনেক পরিবার সচ্ছলভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।